1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

নরসিংদীর পলাশ উপজেলার নিরিবিলি গ্রাম পারুলিয়া। চারপাশে সবুজের সমারোহ। এরই মাঝে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন প্রায় ৪০০ বছরের তিন গম্বুজবিশিষ্ট মসজিদ। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটি আজও ধরে রেখেছে তার ঐতিহাসিক আবেদন ও স্থাপত্যের স্বকীয়তা।

ইবাদতের স্থান হিসেবেই নয়, মসজিদটি মুঘল আমলের শিল্পকৌশল, স্থাপত্য ঐতিহ্য ও এ অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবেও পরিচিত। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরি মোতাবেক ১৭১৬-১৭ খ্রিষ্টাব্দে নাসিরের কন্যা এবং দেওয়ান শরীফ খানের স্ত্রী জয়নব বিবি মসজিদটি নির্মাণ করেন। বর্তমান নরসিংদী অঞ্চল ১৫৮০-১৭২২ সাল পর্যন্ত মহেশ্বরদী নামে পরিচিত ছিল।

স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, একসময় ব্রহ্মপুত্র নদের তীর ছিল বেশ কর্মচঞ্চল। বড় বড় পালতোলা নৌযান চলাচল করত। এসব নৌযান দেখতে নদীর পাড়ে মানুষের সমাগম ঘটত। ধারণা করা হয়, নৌযান দেখার জন্য মানুষের এমন সমবেত হওয়ার ঐতিহ্য থেকেই এলাকার নাম পারুলিয়া হয়েছে।

প্রায় ১২ বিঘা জমির ওপর বিস্তৃত মসজিদটির স্থাপত্যশৈলীও বেশ আকর্ষণীয়। প্রায় পাঁচ ফুট পুরু দেওয়াল, মজবুত পাথরের স্তম্ভ এবং প্রায় ৬০ ফুট দীর্ঘ মূল নামাজের কক্ষ এর অন্যতম বৈশিষ্ট্য। নামাজের কক্ষের ওপর আছে দৃষ্টিনন্দন তিনটি গম্বুজ। আছে প্রশস্ত কেন্দ্রীয় প্রবেশপথ। পূর্বদিকে তিনটি দরজার পাশাপাশি উত্তর ও দক্ষিণ পাশেও প্রবেশের ব্যবস্থা আছে। পুরো মসজিদ প্রাঙ্গণ ঘিরে আছে সুরক্ষিত সীমানাপ্রাচীর। ভেতরে আছে প্রশস্ত উঠান এবং উত্তর-পূর্ব কোণে দুটি উঁচু মিনার।

মসজিদের সামনের দেওয়ালে খোদাই করা শিলালিপি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ফারসি ও বাংলা ভাষায় উৎকীর্ণ ওই শিলালিপিতে উল্লেখ আছে, দেওয়ান শরীফের সওয়াবের উদ্দেশ্যে জয়নব বিনতে নাসির মসজিদটি নির্মাণ করেন। বারান্দার প্রবেশপথের ওপর থাকা শিলালিপিতেও মসজিদ নির্মাণের সময়কাল ও এর পেছনে থাকা ধর্মীয় অনুরাগের পরিচয় পাওয়া যায়।

মসজিদের পূর্ব পাশে একটি পুকুরের পাড়ে আছে গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন দেওয়ান শরীফ খান ও তাঁর স্ত্রী জয়নব বিবি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরিতে দেওয়ান শরীফ খান মারা যান। এর পরের বছর মৃত্যুবরণ করেন জয়নব বিবি। স্বামীর পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী একই সমাধিসৌধে তাঁদের সমাহিত করা হয়।

মসজিদ প্রাঙ্গণে সিঁড়িসহ পাথরে নির্মিত চারটি পুকুর আছে। বর্তমানে এসব পুকুর থেকে পাওয়া আয় মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়। দীর্ঘ ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কাও সামলাতে হয়েছে ঐতিহাসিক স্থাপনাটিকে। ১৯০৪ সালের ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। একই ভূমিকম্পে দেওয়ান শরীফ খানের প্রশাসনিক আবাসভবনও ধসে পড়ে। এত প্রতিকূলতার পরও মসজিদটি মূল স্থাপত্যশৈলীর বড় একটি অংশ ধরে রাখতে সক্ষম হয়েছে। মসজিদ প্রাঙ্গণের পূর্ব পাশে এখনো কয়েকটি প্রাচীন কবরের ধ্বংসাবশেষ দেখা যায়।

ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে মসজিদের কাঠামোগত ফাটল মেরামতের জন্য সংস্কারকাজ করা হয়। পরে ২০১২ সালে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও স্থাপত্যের স্বকীয়তা রক্ষায় আরেক দফা সংস্কার উদ্যোগ নেওয়া হয়।

মসজিদের ইমাম হাফেজ ওয়ালিউল্লাহ বলেন, ‌‘মসজিদটিতে নিয়মিত অনেক মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটে। তাদের অনেকের বিশ্বাস, এখানে নামাজ ও দোয়া করলে বিশেষ আধ্যাত্মিক বরকত পাওয়া যায়।’ স্থানীয় বাসিন্দা আরমান মিয়া জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করতে আসেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘আমার বাড়ি মসজিদটির পাশের ইউনিয়নে। এটি আমাদের ঐতিহ্য ও পবিত্র স্থান হিসেবে বিবেচনা করি। আমি প্রতি শুক্রবার এখানে নামাজ আদায়ের চেষ্টা করি। মসজিদের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় প্রতি শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদের মূল স্থাপনা ছাড়া বাইরের মাজারগুলো সংস্কার করা প্রয়োজন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদ বলেন, ‘মসজিদটি শুধু পলাশ উপজেলার নয় বরং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। মসজিদটির নিরাপত্তা জোরদার এবং মাজারগুলোর উন্নয়নে আমাদের পরিকল্পনা আছে। এ বিষয়ে শিগগিরই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রায় চার শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে পারুলিয়ার তিন গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি এটি মুঘল আমলের মুসলিম ঐতিহ্যের জীবন্ত স্মারক। ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের কাছে তাই মসজিদটি কেবল একটি পুরোনো স্থাপনা নয় বরং অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ ঘটানো অনন্য ঐতিহাসিক নিদর্শন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর