বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ফল রফতানি করা হচ্ছে। গত ২০২৫-২৬ অর্থবছরে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ফল রফতানি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) এক তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামে বাংলাদেশের ফল রফতানি হচ্ছে।
মন্ত্রী বলেন, আম, কাঁঠাল, লিচুর মতো সম্ভাবনাময় ফল ও অন্যান্য কৃষিপণ্যের রফতানি বাড়াতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বেশ কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জসহ ফল উৎপাদনকারী অঞ্চলে আম ও আমজাত পণ্য রফতানি বহুমুখীকরণে একাধিক সেমিনার এবং চাষি ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের লামায় আম চাষিদের পোস্ট-হারভেস্ট ম্যানেজমেন্ট, ভ্যাপার/হট ওয়াটার ট্রিটমেন্ট এবং আন্তর্জাতিক প্যাকেজিংয়ের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চীনে আম ও কৃষিপণ্য রফতানির সুবিধার্থে জিএসিসি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দিচ্ছে ইপিবি। এরই মধ্যে মেরিডিয়ান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবন্ধন পেয়েছে এবং একাধিক প্রতিষ্ঠানের নথি চীন দূতাবাসে পাঠানো হয়েছে।
গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের সক্ষমতা পর্যালোচনা এবং আন্তর্জাতিক ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের বিশ্ববাজার সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ে শিগগিরই উপযুক্ত প্রতিষ্ঠান মনোনয়নের মাধ্যমে শর্তাবলি চূড়ান্ত করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে দেশীয় ফলের ব্র্যান্ডিং বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ছয়টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলাগুলো হলো— চীনের ইউনানে মেকং-লানচাং ফ্রুটস ফেস্টিভ্যাল, ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস, ডি-৮ হালাল এক্সপো ইন্দোনেশিয়া, এগ্রো ফুড জেদ্দা, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইভেন্ট ও ইন্টারন্যাশনাল হালাল এক্সপো অ্যান্ড ওয়ার্ল্ড হালাল সামিট।