1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় অসময়ে যমুনার ভাঙন, দুশ্চিন্তায় নদীতীরের বাসিন্দারা ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বাজার ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বয়স বাড়লেও কমেনি গ্ল্যামার, জমকালো সাজে নজর কাড়লেন পূর্ণিমা নীতিমালা জারি • স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি, চিকিৎসার বাইরে অর্ধেকের বেশি মাথা কামিয়ে ফেললেন অভিনেত্রী, কী চমক দেখাবেন তিনি? ‘খেলনা বন্দুক’ নয়, বাংলাদেশের পেস এখন ভয়ংকর অস্ত্র : আফ্রিকার প্রধান কোচ শুকরি বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত তাবাসসুম জ্যোতি সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না : ট্রাম্প

ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি, চিকিৎসার বাইরে অর্ধেকের বেশি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

নীরব ঘাতক হিসেবে পরিচিত ডায়াবেটিসের প্রকোপ দেশে ধীরে ধীরে বাড়ছে। আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দেড় কোটিতে দাঁড়িয়েছে। তাদের প্রায় অর্ধেকই নারী। আরও উদ্বেগের বিষয়, রোগীদের প্রতি দুজনের মধ্যে একজনই জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। ফলে রোগ শনাক্তকরণ ও চিকিৎসার বাইরে থেকে যাওয়ায় জটিলতার ঝুঁকি ক্রমেই বাড়ছে।

এমন এক পরিস্থিতিতে ১৪ নভেম্বর (শনিবার) পালিত হতে যাচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটির প্রাক্কালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এ রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো, দ্রুত রোগ শনাক্ত করা এবং চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছে।

দেশে ও বিশ্বে আক্রান্তের সংখ্যা:

সমিতির তথ্য অনুযায়ী, দেশে ডায়াবেটিসে আক্রান্ত এক কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে ৬৯ লাখের বেশি রোগীকে সমিতির সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। অর্থাৎ ৫০ শতাংশ রোগী তাদের সেবার সঙ্গে যুক্ত হয়েছেন। তবে বিপুলসংখ্যক মানুষ এখনো শনাক্তকরণ ও চিকিৎসার বাইরে রয়েছেন।

বিশ্বব্যাপী ডায়াবেটিসের প্রকোপও বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাস-২০২৫-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৫৯ কোটি মানুষ এ রোগে আক্রান্ত। প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা প্রায় ৮৫ কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার বিবেচনায় বাংলাদেশের অবস্থান সপ্তম।

৭০% ক্ষেত্রে প্রতিরোধের সুযোগ আছে:

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসের প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে প্রতিরোধের সুযোগ রয়েছে। তার মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, নিয়মিত ব্যায়াম না করা এবং অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। অথচ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

গর্ভকালীন ডায়াবেটিস বিশেষ উদ্বেগের বিষয় বলেও জানান তিনি। তার তথ্য অনুযায়ী, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতি ১০০ নারীর মধ্যে ২৫ জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন। তাদের প্রায় ৬৫ শতাংশ পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মা ও অনাগত সন্তানের স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।

অধ্যাপক এ কে আজাদ খান আরও জানান, এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ‘গর্ভধারণ-পূর্ব সেবা’ নামে বিশেষ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় ৪০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশজুড়ে স্থাপন করা হয়েছে ৫৪টি গর্ভধারণ-পূর্ব সেবা কেন্দ্র। এসব কেন্দ্র থেকে নারীরা স্বল্পমূল্যে গর্ভধারণসংক্রান্ত প্রয়োজনীয় সেবা নিতে পারছেন। বর্তমানে প্রশিক্ষিত ৪০০ স্বাস্থ্যকর্মী ও ৩০০ চিকিৎসক এ কর্মসূচিতে যুক্ত রয়েছেন।

বিয়ের আগে ও সন্তান নেওয়ার পরিকল্পনার সময় নারীদের পুষ্টি, স্বাস্থ্য এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ কমানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়/প্রতীকী ছবি


মসজিদে ডায়াবেটিস কর্নার ও প্রশিক্ষিত ইমাম:

ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে দেশে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি মসজিদে ডায়াবেটিস কর্নার স্থাপনের পরিকল্পনা নিয়েছে সমিতি। এরই মধ্যে ১০০টি মসজিদে এ কর্নার চালু করা হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১০০ ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা স্বল্পমূল্যে রক্তচাপ ও রক্তের গ্লুকোজ পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস এবং অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

এ উদ্যোগের কার্যকারিতা যাচাইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ধর্মীয় নেতাদের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ নিয়ে এক বছর মেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয়। গবেষণার ফল সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক জার্নাল ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত হয়েছে। এতে উচ্চঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টাইপ-২ ডায়াবেটিসে রূপান্তরের হার প্রায় ৪৩ শতাংশ কমার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সমিতি।

বাংলাদেশের এ উদ্যোগকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘বেস্ট ইনোভেটিভ প্রোগ্রাম’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ অভিজ্ঞতা অন্য দেশেও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ৫৭টি দেশে ধর্মীয় নেতাদের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ কার্যক্রম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল প্রিভেনশন সামিট-২০২৬। বিশ্ব ডায়াবেটিস ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী ও ধর্মীয় নেতারা অংশ নেন। সম্মেলনে ধর্মভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধ বিষয়ে ‘ঢাকা ঘোষণা-২০২৬’ গৃহীত হয়। এর মাধ্যমে বাংলাদেশের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সমিতির নেতারা বলছেন, ডায়াবেটিস প্রতিরোধ ও অন্যান্য অসংক্রামক রোগ মোকাবিলায় এখন একটি সমন্বিত জাতীয় কর্মসূচি গ্রহণ জরুরি। এ জন্য সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সেবার আওতায় ৬৯ লাখ রোগী:

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, বারডেম, বিএইচএমএস, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) ৩২টি কেন্দ্র এবং সমিতির ৯৫টি অধিভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডায়াবেটিস চিকিৎসাসেবা সম্প্রসারণ করা হয়েছে।

সমিতির ‘ডিস্ট্যান্স লার্নিং প্রজেক্ট’-এর আওতায় ৪১তম ব্যাচ পর্যন্ত প্রায় ২০ হাজার ৪৬৪ জন জেনারেল প্র্যাকটিশনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডায়াবেটিসের চিকিৎসাসেবা সম্প্রসারণ করা সম্ভব হয়েছে বলে তাদের দাবি।

সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক প্রয়াত ডা. মো. ইব্রাহিমের আদর্শ ছিল—কোনো ডায়াবেটিস রোগী গরিব হলেও বিনা চিকিৎসায়, অনাহারে ও বেকার অবস্থায় মারা যাবেন না। সেই লক্ষ্য সামনে রেখে বর্তমানে প্রায় ৬৯ লাখ নিবন্ধিত রোগীকে স্বল্পমূল্যে মৌলিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ইনসুলিন ও ওষুধ বিতরণেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় করছে সমিতি। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সমিতির ব্যয় হয়েছে প্রায় ১১৪ কোটি ৩৪ লাখ টাকা।

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন জরুরি। পাশাপাশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা প্রয়োজন। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব/ফাইল ছবি


দিবস ঘিরে দেশজুড়ে কর্মসূচি:

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এবারও দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগের বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত প্ল্যাকার্ড হাতে সড়কের এক পাশে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের অংশগ্রহণে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের।

এছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বারডেম ক্যাম্পাসে বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচি চলছে। ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিএইচএমএস ও এনএইচএনের বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বারডেমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সেই সঙ্গে সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র এবং রেডিও-টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বাণী দিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর