1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

শিক্ষার্থীদের টানা বিক্ষোভে ফ্রান্সের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এতে একদিকে যেমন পরীক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে, অন্যদিকে বাড়ছে সহিংসতা ও নিরাপত্তাঝুঁকি।

আট সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে এবার ধৈর্য হারাচ্ছেন শিক্ষকেরাও। শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রতি সমর্থন থাকলেও এবার বিক্ষোভ থামিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে চান তারা।

গত শুক্রবার (১৩ নভেম্বর) ফ্রান্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা শিক্ষার্থীদের টানা বিক্ষোভের কারণে পাঠদান ব্যাহত হওয়া ও নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের মতে, টানা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের কারণে অনেক স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না।

এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী এরই মধ্যে ১৫০ ঘণ্টা পর্যন্ত ক্লাসের বাইরে রয়েছে বলে জানান তারা।

গত সেপ্টেম্বর থেকে ফ্রান্সের বিভিন্ন স্কুলে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা। জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার, বিকল্প শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে তারা।

কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা ময়লা ফেলার বড় পাত্র দিয়ে স্কুলের প্রবেশপথ বন্ধ করে রাখছে। এতে অনেক স্কুলে পাঠদান বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও নিরাপত্তাঝুঁকির কারণে স্কুল বন্ধও রাখতে হচ্ছে।

আন্দোলন শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নেয় সরকার। ফ্রান্সের বিভিন্ন স্কুলের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

এসময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের অস্ত্রের আঘাতে কয়েকজন শিক্ষার্থীও আহত হওয়ার ঘটনা ঘটে। সে সময় কারও হাত, আবার কারও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

তবে, পরে পরিস্থিতি শান্ত করতে কিছু শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপ্রক্রিয়া পর্যালোচনার আশ্বাস দেয় সরকার।

কিন্তু সরকারের এসব আশ্বাসের পরও থামেনি আন্দোলন। একই সঙ্গে, স্কুলগুলোতে পাঠদান পরিস্থিতিরও তেমন উন্নতি হয়নি।

এদিকে, সম্প্রতি ফ্রান্সের বিভিন্ন স্কুলের ভেতরে ও বাইরে আতশবাজি নিক্ষেপ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা বেড়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

প্যারিসের কাছে একটি স্কুলের সামনে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় পেট্রলভর্তি বোতলের আঘাতে আহত হন স্থানীয় এক কাউন্সিলর।

এছাড়া, আন্দোলন শুরুর পর থেকে অন্তত ৩৬০ জন শিক্ষার্থী ও ২৪৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে অন্তত ৫০ জন স্কুলপ্রধান পদ ছাড়ার আবেদন করেছেন।

ট্যুর শহরের বালজাক স্কুলের ইতিহাস ও ভূগোলের শিক্ষক জুলিয়েন রয় বলেন, শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফেরাতে হলে আগে সহিংসতা কমাতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে।

দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও মানসিক চাপে রয়েছেন বলে জানান তিনি।

তবে, আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি অনেক শিক্ষকের সমর্থন রয়েছে।

তাদের মতে, স্কুলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের। শিক্ষকদের আন্দোলনে সরকারের কাছ থেকে তেমন সাড়া না মিললেও শিক্ষার্থীদের বিক্ষোভে কিছু পরিবর্তনের আশা তৈরি হয়েছে।

অন্যদিকে, আগামী বসন্তে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ কারণে চলমান আন্দোলন কবে থামবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এতে শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষার প্রস্তুতি আরও ব্যাহত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকেরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর