1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা?

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

গ্যালারিভর্তি দর্শক, ঘরের মাঠের সুবিধা, হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের উপস্থিতি- সবই ছিল বাংলাদেশের পক্ষে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসও পেয়েছিল দল। লক্ষ্য ছিল দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা।

কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাঠের খেলায় সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি বাংলাদেশ। ৮৬ মিনিটে গোল হজম করে ০-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। প্রশ্ন উঠেছে, বলের দখলে এগিয়ে থেকেও কেন হারল বাংলাদেশ? কোথায় পিছিয়ে ছিল হামজারা?

ম্যাচে বলের নিয়ন্ত্রণ বাংলাদেশের বেশি থাকলেও সেটিকে কার্যকর আক্রমণে রূপ দিতে পারেনি দল। মাঝমাঠে হামজা ও শামিতের উপস্থিতি ছিল; কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মতো সৃজনশীলতা দেখা যায়নি। রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতুফুসাদের নিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা থাকলেও শেষ পাস ও ফিনিশিংয়ে ছিল ঘাটতি। পাকিস্তান বরং বলের দখল ছেড়ে দিয়ে বাংলাদেশের ভুলের অপেক্ষায় থেকেছে। সুযোগ পেলেই দ্রুত প্রতি-আক্রমণে উঠেছে।

বাংলাদেশের খেলার ধরন ভালোভাবেই বিশ্লেষণ করেছিলেন পাকিস্তানের পেরুভিয়ান কোচ নলবার্তো সোলানো। পাঁচজনের রক্ষণভাগ সাজিয়ে বাংলাদেশের আক্রমণের জায়গা সংকুচিত করে রেখেছিল পাকিস্তান। হামজা ও ফারহানকে বিশেষ নজরদারিতে রাখার পরিকল্পনাও ছিল স্পষ্ট। ফলে মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির সুযোগ পেলেও শেষ পর্যন্ত বক্সে কার্যকরভাবে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

বিপরীতে পাকিস্তানের রক্ষণভাগ ছিল সংগঠিত ও দৃঢ়। প্রতিপক্ষের কৌশলের বিপরীতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের কোচ টমাস ডুলি কার্যকর পরিবর্তন আনতে পেরেছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

পাকিস্তানের বড় শক্তি ছিল ইউরোপের বিভিন্ন পর্যায়ের ফুটবলে অভিজ্ঞ পাঁচ প্রবাসী খেলোয়াড়ের অন্তর্ভুক্তি। তারা সেমিফাইনালের একাদশেই ছিলেন। বিশেষ করে রক্ষণভাগে তাদের দৃঢ়তা বাংলাদেশের আক্রমণ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশও হামজা, শামিতসহ প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করে দল সাজিয়েছিল। কিন্তু শুধু পরিচিত ও অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় থাকলেই যে দলীয় সাফল্য নিশ্চিত হয় না, এই ম্যাচে সেটিই আবার স্পষ্ট হয়েছে।

৮৬ মিনিটে আবদুস সামাদ শাহজাদের শট নিয়ন্ত্রণে রাখতে পারেননি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তার ভুলেই শেষ পর্যন্ত গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে- এমন অভিযোগ অনেকের। তবে পরাজয়ের দায় শুধু গোলরক্ষকের ওপর চাপানো ঠিক হবে না। এর আগে শ্রাবণ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে খেলায় রেখেছিলেন। তপু বর্মণ ও সাদ উদ্দিনের অনুপস্থিতিতে রক্ষণভাগে যে সমন্বয়ের ঘাটতি ছিল, সেটিও বিবেচনায় নিতে হবে। পাকিস্তানের দীর্ঘদেহী ফরোয়ার্ডদের সামলাতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডারদের বারবার চাপে পড়তে হয়েছে।

পাকিস্তান আগের ম্যাচগুলোতেই নিজেদের আক্রমণাত্মক সক্ষমতার প্রমাণ দিয়েছিল। ভারত ও মালদ্বীপের বিপক্ষে তাদের গোল করার সামর্থ্যও ছিল চোখে পড়ার মতো। তারপরও সেমিফাইনালে তাদের মোকাবিলায় বাংলাদেশের পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন কতটা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাকিস্তান কোচ প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বুঝে পরিকল্পনা সাজিয়েছেন। অন্যদিকে ডুলির কৌশল অনেকটা একই ছকে সীমাবদ্ধ ছিল বলে মনে করছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকে। বদলি খেলোয়াড় নামিয়েও ম্যাচের গতিপথ পরিবর্তন করা যায়নি। সঠিক সময়ে সঠিক বদলগুলো হয়নি বলেই মনে করেন অনেকে।

তবে পাকিস্তানের কাছে এই হারকে শুধু একটি ম্যাচের কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখলে বড় সমস্যাটি আড়ালেই থেকে যাবে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ফুটবলের গভীর সংকট খেলোয়াড় তৈরির কাঠামোয়।

মানসম্মত ঘরোয়া প্রতিযোগিতার অভাব, দুর্বল লিগ ব্যবস্থাপনা এবং জেলা পর্যায়ের ফুটবলের ক্রমাবনতিতে নতুন খেলোয়াড় উঠে আসার পথ সংকুচিত হয়েছে। জাতীয় দলের জন্য নিয়মিত মানসম্পন্ন ফুটবলার সরবরাহের পাইপলাইনও কার্যত দুর্বল হয়ে পড়েছে।

এই বাস্তবতায় বাফুফে প্রবাসী ফুটবলারদের দলে এনে জাতীয় দলের শক্তি বাড়ানোর কৌশল নিয়েছে। এতে তাৎক্ষণিকভাবে কিছু ইতিবাচক ফল পাওয়া সম্ভব। হামজা-শামিতদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে নতুন আগ্রহও তৈরি করেছে। কিন্তু নিজস্ব খেলোয়াড় তৈরির ব্যবস্থা শক্তিশালী না করে শুধু প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি সাফল্য পাওয়া কঠিন।

একটি-দুটি ম্যাচ জেতা আর পুরো টুর্নামেন্টের শিরোপা জেতা এক বিষয় নয়। সাফের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ওই যে সানমারিনোর বিপক্ষে ইউরোপের মাটিতে জয় এবং গ্রুপ পর্বে শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া দর্শকদের কাছে মূল্যহীন।

এর আগে আসিয়ান কাপের ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের রক্ষণ, শারীরিক সক্ষমতা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে জাতীয় দলের প্রস্তুতি ও কৌশলে কতটা পরিবর্তন আনা হয়েছে, সাফের সেমিফাইনালে আবারও সেই প্রশ্ন সামনে এসেছে। অনেক বিশেষজ্ঞের মতে, আগের ব্যর্থতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়া গেলে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনায় আরও কার্যকর পদক্ষেপ দেখা যেত।

সব মিলিয়ে পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয় শুধু ০-১ গোলের হার নয়; এটি দেশের ফুটবলের মাঠের বাইরের সংকটও সামনে এনেছে। কৌশলগত দুর্বলতা, গোল করার অক্ষমতা, রক্ষণে সমন্বয়হীনতা এবং খেলোয়াড় তৈরির দুর্বল কাঠামো-সবকিছুই এই বিদায়ের পেছনে ভূমিকা রেখেছে। হামজা-শামিতদের নিয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন শক্তিশালী ঘরোয়া ফুটবল, নিয়মিত প্রতিযোগিতা এবং তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির কার্যকর ব্যবস্থা। নইলে প্রবাসী ফুটবলারদের হাত ধরে সাময়িক সাফল্য এলেও সাফ শিরোপার অপেক্ষা ঘুচবে কি না, সেই প্রশ্ন থেকেই যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর