1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন

ফিচার ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

একজন নারী, অথচ স্বামী একাধিক! আবার সেই স্বামীরা সবাই আপন ভাই। ২,৪ এমনকি ৫ থেকে ৬জন ভাইয়েরও একজন স্ত্রী। শুনতে অবাক লাগলেও ভারতের কয়েকটি পাহাড়ি অঞ্চলে একসময় এমন বিবাহপ্রথা বেশ প্রচলিত ছিল। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পলিঅ্যান্ড্রি’ বা বহুপতিত্ব। অর্থাৎ, একজন নারী একই সময়ে একাধিক পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকেন। বিশেষ করে হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে এই প্রথার সঙ্গে জড়িয়ে রয়েছে জমি, সম্পত্তি, পরিবারের ঐক্য এবং কঠিন প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার ইতিহাস। প্রশ্ন উঠতে পারে, কেন একটি পরিবারের একাধিক ভাই একই নারীকে বিয়ে করতেন? তাদের সংসারই বা চলত কীভাবে? সন্তান জন্মালে তার বাবা হিসেবে পরিচিত হতেন কে?

কোথায় রয়েছে এই প্রথার চল?

ভারতে বহুপতিত্বের ঐতিহাসিক নজির সবচেয়ে বেশি পাওয়া যায় হিমালয় সংলগ্ন কয়েকটি অঞ্চলে। হিমাচল প্রদেশের কিন্নর, লাহুল-স্পিতি এবং সিরমৌর জেলার ট্রান্স-গিরি অঞ্চল উল্লেখযোগ্য। এছাড়া উত্তরাখণ্ডের জৌনসার-বাওয়ার অঞ্চলেও একসময় এই প্রথার প্রচলন ছিল। এসব এলাকায় সাধারণত একই পরিবারের দুই বা তার বেশি ভাই একজন নারীকে বিয়ে করতেন। সমাজবিজ্ঞানে এই ব্যবস্থার নাম ‘ফ্র্যাটারনাল পলিঅ্যান্ড্রি’। অর্থাৎ একজন নারীর একাধিক স্বামী পরস্পরের ভাই।

তবে সব বহুপতিত্বের ক্ষেত্রে স্বামীরা যে ভাই হতেন, তা নয়। কিছু সমাজে একাধিক স্বামী পরস্পরের আত্মীয় না হয়েও একই নারীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকতেন। যদিও ভারতের হিমালয় অঞ্চলে ভাইদের মধ্যে স্ত্রী ভাগ করে নেওয়ার প্রথাটিই বেশি পরিচিত।

একজন নারী একই সময়ে একাধিক পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকেন

কবে থেকে শুরু হয়েছিল এমন বিয়ে?

এই প্রথার সঠিক সূচনাকাল নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ, এটি কোনো একটি নির্দিষ্ট সময়ে চালু হওয়া সামাজিক ব্যবস্থা নয়। বরং পাহাড়ি সমাজের দীর্ঘদিনের জীবনযাপন, অর্থনৈতিক প্রয়োজন এবং পারিবারিক কাঠামোর মধ্য দিয়ে এর বিকাশ ঘটেছে বলে মনে করেন নৃতত্ত্ববিদরা।

তবে স্থানীয় ইতিহাস আর পৌরাণিক কাহিনি অনুযায়ী প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের সঙ্গে এর একটি সূত্র পাওয়া যায়। এসব অঞ্চলের মানুষেরা নিজেদের মহাভারতের পান্ডবদের বংশধর মনে করেন। মহাভারতের প্রথম খণ্ডে যেমন দ্রৌপদি যেমন পঞ্চপান্ডবকে বিয়ে করেছিলেন সেই প্রাচীন বিশ্বাস থেকেই হিমালয়ের এই অঞ্চলে তাদের সংস্কৃতিতেও এই প্রথা এসেছে বলেই ধারণা করা হয়। যদিও মহাভারতের এই কাহিনিকে ভারতের বর্তমান বা ঐতিহাসিক পাহাড়ি বহুপতিত্বের সরাসরি উৎস বলে মনে করার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং হিমালয়ের বিভিন্ন জনগোষ্ঠীতে এই প্রথার স্বতন্ত্র সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি ছিল।

কেন একই নারীকে বিয়ে করতেন একাধিক ভাই?

এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল জমি ও সম্পত্তি ভাগ হয়ে যাওয়া আটকানো। হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকায় চাষের জমি এমনিতেই কম। একটি পরিবারের কয়েকজন ভাই যদি আলাদা আলাদা বিয়ে করে পৃথক সংসার শুরু করতেন, তাহলে পারিবারিক জমি ভাগ হয়ে যেত। এতে প্রত্যেকের ভাগে জমির পরিমাণ কমে যেত। ফলে কৃষিকাজ ও সংসার চালানো কঠিন হয়ে পড়ত।

এই সমস্যা এড়াতেই একই নারীকে বিয়ে করতেন পরিবারের একাধিক ভাই। এতে জমি, বাড়ি, গবাদি পশু এবং অন্যান্য সম্পত্তি একসঙ্গে থাকত। পাশাপাশি পরিবারের সব পুরুষের শ্রম ও উপার্জন একই সংসারের কাজে লাগত। কেউ কৃষিকাজ সামলাতেন, কেউ বাইরে গিয়ে উপার্জন করতেন, আবার কেউ পরিবারের অন্যান্য দায়িত্ব পালন করতেন। অর্থাৎ এই বিবাহব্যবস্থার পেছনে শুধু সামাজিক রীতি নয়, ছিল টিকে থাকার বাস্তব প্রয়োজনও।

মহাভারতের প্রথম খণ্ডে যেমন দ্রৌপদি যেমন পঞ্চপান্ডবকে বিয়ে করেছিলেন সেই প্রাচীন বিশ্বাস থেকেই তারা এখনো একাধিক ভাইকে একসঙ্গে বিয়ে করেন

কীভাবে চলত তাদের সংসার?

এই ধরনের পরিবারে সাধারণত সব ভাই একই বাড়িতে থাকতেন। তাদের স্ত্রীও থাকতেন সেই যৌথ পরিবারেই। সংসারের কাজ, সন্তানদের লালনপালন, কৃষিকাজ এবং সম্পত্তির দেখাশোনা সব দায়িত্ব ভাগ করে নেওয়া হতো। পরিবারের বড় ভাইয়ের ভূমিকা অনেক ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি সংসারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে পরিবারের অন্য ভাইয়েরাও স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতেন।

স্ত্রীর সঙ্গে কোন স্বামী কখন সময় কাটাবেন, তা নিয়ে বিভিন্ন অঞ্চলে আলাদা সামাজিক রীতি ছিল। পরিবারের পুরুষেরা কাজের প্রয়োজনে অনেক সময় আলাদা জায়গায় থাকতেন। ফলে একই সময়ে সবাই বাড়িতে উপস্থিত থাকতেন না। পরিবারের মধ্যে বোঝাপড়া ও প্রচলিত সামাজিক নিয়ম মেনেই সংসার পরিচালিত হতো। তবে সব পরিবারে নিয়মকানুন একরকম ছিল না। অঞ্চল ও জনগোষ্ঠীভেদে এই ব্যবস্থার পার্থক্য দেখা যেত।

সন্তানের বাবা হতেন কে?

এই বিবাহপ্রথার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির একটি হলো সন্তানের পিতৃপরিচয়। সাধারণ বিবাহব্যবস্থায় একজন সন্তানের নির্দিষ্ট জৈবিক বাবা থাকেন। কিন্তু বহুপতিত্বের পরিবারে সামাজিক পিতৃত্বের ধারণা ছিল কিছুটা আলাদা।

হিমাচল প্রদেশের কিন্নর অঞ্চলের ঐতিহ্য অনুযায়ী, একাধিক স্বামীকেই সন্তানের বাবা হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। বড় ভাইকে বলা হতো ‘টেগ-বোবা’ বা বড় বাবা এবং অন্য ভাইদের বলা হতো ‘গাটো বোবা’ বা ছোট বাবা। দৈনন্দিন জীবনে সাধারণত পরিবারের বড় ভাইকেই সন্তানদের বাবা হিসেবে উল্লেখ করা হতো। তবে পরিবারের অন্য ভাইয়েরাও বাবার দায়িত্ব পালন করতেন।

উত্তরাখণ্ডের জৌনসার-বাওয়ার অঞ্চলের কিছু জনগোষ্ঠীতেও সন্তানরা মায়ের সব স্বামীকেই বাবা হিসেবে সম্বোধন করত। সেখানে জৈবিক পিতৃত্বের চেয়ে পারিবারিক সম্পর্ক ও সামাজিক পিতৃত্বকে বেশি গুরুত্ব দেওয়া হতো। ফলে কোনো সন্তানের জৈবিক বাবা কে, তা অনেক সময় আলাদা করে নির্ধারণ করা হতো না। তবে পরিবার ভেঙে গেলে বা স্বামীদের মধ্যে বিচ্ছেদ ঘটলে সন্তানদের পিতৃপরিচয় নিয়ে আলাদা সিদ্ধান্তের প্রয়োজন হতে পারত।

এখনো কি চালু রয়েছে এই প্রথা?

আধুনিক শিক্ষা, কর্মসংস্থান, শহরমুখী জীবন এবং ব্যক্তিগত পছন্দের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ভারতে বহুপতিত্বের প্রচলন অনেকটাই কমেছে। বিশেষ করে কিন্নর ও লাহুল-স্পিতি অঞ্চলে নতুন প্রজন্মের মধ্যে এক নারী ও এক পুরুষের বিবাহ বা একগামী সম্পর্কের প্রবণতা বেড়েছে। তবে প্রথাটি পুরোপুরি বিলুপ্ত হয়নি।

প্রথাটি পুরোপুরি বিলুপ্ত হয়নি


এর সাম্প্রতিক উদাহরণ দেখা গিয়েছে ২০২৫ সালে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার ট্রান্স-গিরি অঞ্চলের বাসিন্দা সুনীতা চৌহান একই পরিবারের দুই ভাই প্রদীপ ও কপিল নেগিকে বিয়ে করেন। স্থানীয়ভাবে এই প্রথা ‘জোড়িদারা’ বা ‘জাজড়া’ নামে পরিচিত। তিন দিন ধরে চলা সেই বিয়েতে স্থানীয় লোকসংগীত, নাচ এবং ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নারী নিজের সম্মতিতেই এই বিবাহে রাজি হয়েছিলেন। ঘটনাটি সামনে আসার পর ভারতের বিভিন্ন জায়গায় এই প্রথা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ভারতের আইনে কতটা বৈধ এই বিয়ে?

ভারতে সাধারণভাবে বহুপতিত্ব আইন স্বীকৃত বিবাহব্যবস্থা নয়। হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-তে একগামী বিবাহের বিধান রয়েছে। তবে তফসিলি উপজাতিদের ক্ষেত্রে হিন্দু বিবাহ আইনের ২(২) ধারায় একটি বিশেষ ব্যতিক্রম রয়েছে।

তবে  ভারতের সংবিধানের ৩৪২ অনুচ্ছেদ এবং পঞ্চম তফসিলের অধীনে স্বীকৃত কিছু আদিবাসী সম্প্রদায়কে তাদের নিজস্ব প্রথা ও ঐতিহ্য পালনের স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। ফলে কিছু অঞ্চলে দীর্ঘদিনের সামাজিক রীতির ভিত্তিতে এমন বিবাহ টিকে রয়েছে। তবে এর অর্থ এই নয় যে ভারতের সর্বত্র বহুপতিত্ব আইনত বৈধ।

বহুপতিত্বকে শুধু অদ্ভুত কোনো বিবাহপ্রথা হিসেবে দেখলে এর পেছনের ইতিহাস বোঝা যাবে না। দুর্গম পাহাড়ি এলাকায় জমি, সম্পত্তি ও পরিবারের অস্তিত্ব রক্ষার প্রয়োজন থেকেই একসময় এমন সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে সেই প্রয়োজন ও জীবনযাত্রা বদলেছে। ফলে একাধিক স্বামীকে নিয়ে সংসার করার এই প্রথাও আজ ধীরে ধীরে ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর