1. admin@businessdigestbd.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য ফেনী সীমান্তে ব্যাগ ফেলে ভারত পালালেন অস্ত্র বহনকারী, মিললো ২ পিস্তল কপ সম্মেলনে ২০০ দেশের ১৬৫ ম্যান্ডেট, ছাড় দেওয়ার আহ্বান শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সবার দায়িত্ব : ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বাংলা কবিতার হাজার বছরের অভিযাত্রা, চর্যাপদ থেকে সমকাল : জিয়াউদ্দিন লিটন অফিসার নিয়োগ দিচ্ছে সিঙ্গার, থাকছে না বয়সসীমা বিদেশি ফল রামবুটান দেশে যেভাবে চাষ করবেন হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে হবে না, তবু পড়া যাবে সব মেসেজ ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে • তিতুমীর

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

রাজনৈতিক স্বার্থ হাসিল এবং উন্নয়নের বয়ান প্রতিষ্ঠা করতে অতীতের সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ০ দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অতিমূল্যায়িত করে দেখিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেমিনার কক্ষে ‘Peer Review of Forensic Audit Report on Estimate’-এর খসড়া প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, ২০১৪-১৫ সালের পর থেকে জাতীয় আয়ের হিসাবের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখা গেছে। বিশেষ করে যেসব খাতের তথ্য সরাসরি জরিপের পরিবর্তে সেকেন্ডারি তথ্যসূত্র থেকে সংগ্রহ করা হয়েছে, সেসব ক্ষেত্রে তথ্য অতিমূল্যায়িত করা হয়। এর মাধ্যমে পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠা করা হয়, যা জাতীয় পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই সরকারের পরিকল্পনা, বাজেট ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। পরিসংখ্যানে গরমিল থাকলে সেসব পরিকল্পনা ও কার্যক্রমেও অসঙ্গতি তৈরি হয়। তাই অতীতে তৈরি উন্নয়নের বয়ানের যথার্থতা বৈজ্ঞানিকভাবে যাচাই করা প্রয়োজন।

সরকার বিষয়টিকে কোনো রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখতে চায় না জানিয়ে তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি বিজ্ঞানভিত্তিক ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে প্রতিবেদন তৈরির সঙ্গে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি যুক্ত ছিলেন না। গবেষণার স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করে তৈরি খসড়া প্রতিবেদনটি দুইজন বিশেষজ্ঞের মাধ্যমে পিয়ার রিভিউ করা হয়েছে। চূড়ান্ত করার আগে অর্থনীতি সমিতি ও পরিসংখ্যান সমিতির বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে।

ফরেনসিক অডিটের পর্যবেক্ষণ তুলে ধরে উপদেষ্টা বলেন, ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটি উপখাতে অসঙ্গতি চিহ্নিত হয়েছে। সেকেন্ডারি তথ্যসূত্র থেকে সংগৃহীত উপাত্তের ক্ষেত্রেই মূলত অতিমূল্যায়ন পাওয়া গেছে, জরিপভিত্তিক তথ্যে তা দেখা যায়নি।

উদাহরণ দিয়ে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আইবাস চালুর আগে রাজস্ব সংক্রান্ত তথ্য প্রদানে অসঙ্গতি ছিল। একইভাবে সিমেন্ট উৎপাদনের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট মূল্য সংযোজনের হিসাবের সামঞ্জস্য পাওয়া যায়নি। জিডিপির হিসাব মূলত মূল্য সংযোজনের ওপর নির্ভরশীল হওয়ায় উৎপাদনের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোর মূল্য সংযোজনের হিসাবেও সামঞ্জস্য থাকা প্রয়োজন। পেট্রোলিয়াম খাতেও এক সময় তথ্য অনেক বেশি দেখানো হয়েছে। অন্যদিকে, পোশাকশিল্পের মতো নির্ভরযোগ্য তথ্যের খাতে অতিমূল্যায়ন হয়নি, প্রশাসনিকভাবে সরবরাহ করা তথ্যের ওপর নির্ভরশীল খাতগুলোতেই অসঙ্গতি পাওয়া গেছে।

পরিসংখ্যান সংগ্রহের পদ্ধতিতে সংস্কারের কথা জানিয়ে তিতুমীর বলেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীরা প্রকৃতপক্ষে জরিপস্থলে উপস্থিত থাকছেন কি না, তা নিশ্চিত করতে জিও-কোডিংসহ কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (ক্যাপি) পদ্ধতি চালু করা হচ্ছে। এতে সংগ্রহকারীর অবস্থান ও মাঠপর্যায়ের কার্যক্রম যাচাই করে ঘরে বসে মনগড়া তথ্য জমা দেওয়ার প্রবণতা শনাক্ত করা যাবে।

তিনি আরও বলেন, সঠিক ও মানসম্মত জরিপের বিকল্প নেই। এজন্য শিল্প উৎপাদনের সূচক আইআইপি ও ইউআইআইপির নমুনা নির্বাচন এবং তথ্য সংগ্রহ পদ্ধতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জিডিপির প্রতিটি তথ্যের উৎস ও হিসাব পদ্ধতি পুনরায় যাচাই ও বৈধতা নিশ্চিত করতে চায় সরকার।

জিডিপি হিসাবের পদ্ধতি নিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে উৎপাদন ও ব্যয়ভিত্তিক পদ্ধতিতে জাতীয় আয়ের হিসাব করা হয়, এর পাশাপাশি আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালু করা যায় কি না, তা বিবেচনা করছে সরকার। এছাড়া, গবেষক ও সংশ্লিষ্টদের সহজে ব্যবহারের জন্য ইনপুট-আউটপুট টেবিলের আন্তর্জাতিক মানসম্মত টেমপ্লেট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিল্প উৎপাদনের তথ্য যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রপ্তানি তথ্যের ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো, কাস্টমস ও এনবিআরের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গবেষক ও সাধারণ মানুষের তথ্য সংগ্রহ, প্রশ্ন তোলা ও যাচাইয়ের সুবিধার্থে উন্মুক্ত তথ্যব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানান তিতুমীর। তিনি বলেন, তথ্যের অবাধ প্রবেশাধিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অন্যতম মৌলিক ভিত্তি। সঠিক পরিসংখ্যান না থাকলে বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়। এজন্য, সরকার এরইমধ্যে তথ্য সংশোধন, পরিমার্জন ও নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তন হলেও পরিসংখ্যানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা যেন অটুট থাকে, এমন ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; এর প্রকৃত হিসাব নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান কোনো ব্যক্তি বা সরকারের নয়, জনগণের সম্পদ।

আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিসংখ্যানের মান নিয়ে নেতিবাচক মূল্যায়ন জনগণের জন্য কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক ঝুঁকির মূল্যায়নও আগে নিম্ন পর্যায়ে থাকলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তা মাঝারি পর্যায়ে উন্নীত করেছে। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের অবস্থান উন্নত করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর