1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মা-বাবা আহত একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন : জামায়াত আমিরকে রাশেদ কয়েদির পেটে অস্ত্রোপচার, মিললো অর্ধশত গ্যাস লাইটার-নেইল কাটার সাফ চ্যাম্পিয়নশিপ • লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো হামজা-ফারহানের বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ • শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ সুন্দরবনে পর্যটকের নিরাপত্তা ও মানুষের জীবিকায় রাষ্ট্রের করণীয় : মো. মামুন হাসান রেহমান সাকিব গাইলেন ‘তুমি কাছে থাকলে’ সাফ চ্যাম্পিয়নশিপ • দেখে নিন মালদ্বীপ-ভারত দুই দলের একাদশ যুদ্ধ থামার ইঙ্গিত, তবু জ্বলছে একের পর এক ট্যাংকার বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ : স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকের নিরাপত্তা ও মানুষের জীবিকায় রাষ্ট্রের করণীয় : মো. মামুন হাসান

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

আমার ক্লাসের এক ছাত্র একদিন বলেছিল, ‘স্যার, আমার বাবা বনে গেলে মা সারারাত জায়নামাজে বসে থাকেন।’ ছেলেটি পর্যটন বিষয়ে পড়াশোনা করে। স্বপ্ন দেখে, একদিন সুন্দরবনে পর্যটক গাইড হবে। অথচ তার নিজের ঘরেই বনের প্রথম পরিচয় ভয়। এই একটি বাক্যের মধ্যে সুন্দরবনের সংকটের গভীর বাস্তবতা ধরা পড়ে। সুন্দরবন আমাদের কাছে প্রকৃতির অপার সৌন্দর্য, কিন্তু বনের ওপর নির্ভরশীল মানুষের কাছে তা জীবিকার পাশাপাশি অনিশ্চয়তা ও প্রতীক্ষার নাম।

জাঁ-জাক রুশো বলেছিলেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন, অথচ সর্বত্রই সে শৃঙ্খলিত। সুন্দরবনের জেলে ও বাওয়ালিদের জীবনের দিকে তাকালে কথাটির নতুন অর্থ পাওয়া যায়। তাদের বনে যাওয়ার স্বাধীনতা আছে, কিন্তু নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা নেই। কখনো মহাজনের ঋণ, কখনো দস্যুর ভয়, কখনো দারিদ্র্যের অদৃশ্য শৃঙ্খল তাদের জীবনকে বন্দি করে রেখেছে।

সুন্দরবনের নদীতে জোয়ার আসে, ভাটাও নামে। কিন্তু এই বনের মানুষের জীবনে আরেক ধরনের জোয়ার-ভাটা চলে, যার নাম ভয় ও ভরসা। একসময় আমরা ঘোষণা করেছিলাম, সুন্দরবন দস্যুমুক্ত। অথচ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই ঘোষণার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ অপরাধী আত্মসমর্পণ করলেই অপরাধের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি বিলুপ্ত হয় না।

২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। তার আগে ৩২টি দলের তিন শতাধিক সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। সেই উদ্যোগে বনজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু পরে দেখিয়েছে, শুধু অস্ত্র জমা নেওয়া যথেষ্ট নয়। অপরাধের পেছনে থাকা দারিদ্র্য, ঋণনির্ভরতা, বিকল্প কর্মসংস্থানের অভাব এবং অপরাধী চক্রের পৃষ্ঠপোষকতা দূর করতে না পারলে পুরোনো সংকট নতুন রূপে ফিরে আসতে পারে।

গত দুই বছরে সুন্দরবনে দস্যু তৎপরতা পুনরায় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জেলেদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকে পুরোনো কয়েকটি অপরাধী চক্র আবার সক্রিয় হয়েছে। চলতি বছরের শুরুতে সাতক্ষীরার বনাঞ্চল থেকে ২০ জন জেলে অপহরণের খবর প্রকাশিত হয়। ফেব্রুয়ারিতে দায়িত্বশীল সরকারি পর্যায় থেকেও দস্যুদের পুনরুত্থানের বিষয়টি স্বীকার করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং একাধিক দফায় আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। জুলাইয়ে ২৭ জন, সেপ্টেম্বরে বিভিন্ন বাহিনীর ৫২ জন এবং অক্টোবরে আরও ১৫ জন অস্ত্র জমা দিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবু অক্টোবরের শেষ সপ্তাহে শ্যামনগরের একটি খালে গোলাগুলির খবর আমাদের মনে করিয়ে দেয়, সুন্দরবনের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি।

এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে, আমরা কি শুধু অপরাধীদের দমন করছি, নাকি অপরাধের জন্ম ও বিস্তারের পরিবেশও পরিবর্তন করছি? সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে বৈধ বলপ্রয়োগের একচেটিয়া অধিকারসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে ব্যাখ্যা করেছেন। রাষ্ট্রের এই কর্তৃত্ব যখন কোনো দুর্গম অঞ্চলে দুর্বল হয়ে পড়ে; তখন সশস্ত্র গোষ্ঠী নিজেদের মতো করে কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ পায়। টমাস হবসের রাষ্ট্রচিন্তায় নিরাপত্তাহীনতা মানুষের জীবনকে অনিশ্চিত ও বিপজ্জনক করে তোলে। সুন্দরবনের বাস্তবতা আমাদের সেই তত্ত্বের কথাই মনে করিয়ে দেয়। তবে এখানে রাষ্ট্রের উপস্থিতি শুধু অস্ত্র ও অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিরাপত্তার পাশাপাশি মানুষের জীবিকা, সামাজিক সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।

অর্থনীতিবিদ অমর্ত্য সেন দারিদ্র্যকে মানুষের সক্ষমতা ও স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা হিসেবে ব্যাখ্যা করেছেন। সুন্দরবনসংলগ্ন জনপদের অনেক মানুষের জীবন সেই বঞ্চনার প্রতিচ্ছবি। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, কর্মসংস্থানের সংকট এবং ঋণনির্ভর অর্থনীতি তাদের জীবনকে ক্রমাগত অনিশ্চিত করে তুলছে। দারিদ্র্য অপরাধের একমাত্র কারণ নয়, কিন্তু বিকল্প জীবিকার অভাব অপরাধী চক্রের জন্য মানুষকে প্রলুব্ধ করার সুযোগ তৈরি করে।

যে জেলে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বনে যান, অপহৃত হলে যাকে উদ্ধারের জন্য তার পরিবারকে আবার ঋণ করতে হয়, তার জীবনে শোষণের এক ভয়াবহ চক্র তৈরি হয়। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে অপহৃত জেলেদের সহকর্মীদের ঋণ করে মুক্তিপণের অর্থ সংগ্রহের বিষয়টি উঠে এসেছিল। অর্থাৎ একজন মানুষ জীবিকার সন্ধানে বনে গিয়ে অপহৃত হচ্ছেন, তাকে মুক্ত করতে পরিবার আবার ঋণগ্রস্ত হচ্ছে। দস্যুর হাত থেকে মুক্তি মিললেও ঋণের শৃঙ্খল থেকে মুক্তি মিলছে না। এই বাস্তবতা বিবেচনায় জেলেদের জন্য সহজ শর্তের ঋণ, স্বল্পমূল্যের জীবন বিমা এবং দুর্যোগ বা অপহরণের মতো পরিস্থিতিতে ঋণের কিস্তি স্থগিত রাখার ব্যবস্থা প্রয়োজন।

সুন্দরবনের লোকজ সংস্কৃতিও এই অঞ্চলের মানুষের জীবনসংগ্রামের গভীর তাৎপর্য বহন করে। বনবিবির পালায় দুখের বিপন্নতা, দক্ষিণ রায়ের ক্ষমতা এবং বনবিবির আশ্রয় আমাদের মনে করিয়ে দেয়, বনের ভয় শুধু বাঘের নয়, মানুষের লোভ ও ক্ষমতারও। হিন্দু-মুসলমান নির্বিশেষে বনবিবির প্রতি মানুষের বিশ্বাস সুন্দরবনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ কিংবা অমিতাভ ঘোষের ‘দ্য হাংরি টাইড’ও প্রকৃতি, জীবিকা, ক্ষমতা ও মানুষের টিকে থাকার সংগ্রামকে ভিন্ন ভিন্ন মাত্রায় তুলে ধরেছে।

সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধী চক্রের মূল উৎস অনুসন্ধান জরুরি। দস্যুরা বনের গভীরে অবস্থান করলেও তাদের খাদ্য, জ্বালানি, অস্ত্র ও অন্যান্য রসদের জোগান আসে কোনো না কোনোভাবে জনপদ থেকে। ফলে শুধু বনের ভেতরে অভিযান পরিচালনা করলেই হবে না; অপরাধীদের অর্থদাতা, আশ্রয়দাতা, তথ্য সরবরাহকারী এবং রসদ জোগানদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। অপরাধের ডালপালা ছেঁটে দিয়ে শেকড় অক্ষত রাখলে তার পুনরুত্থান ঠেকানো সম্ভব নয়।

একই সঙ্গে বনজীবীদের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে। বনে প্রবেশকারী প্রতিটি নৌকায় স্বল্পমূল্যের জরুরি সংকেতযন্ত্র বা জিপিএস-ভিত্তিক বিপৎসংকেত ব্যবস্থা চালু করা প্রয়োজন। বিপদের মুহূর্তে একটি বোতাম চাপলেই নিকটবর্তী কোস্টগার্ড বা বন বিভাগের নিয়ন্ত্রণকক্ষে সংকেত পৌঁছাবে। দুর্গম বনে যোগাযোগের সীমাবদ্ধতা বিবেচনায় এমন উদ্যোগ অপহরণ ও অন্যান্য অপরাধ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

আত্মসমর্পণ দস্যুমুক্তির একটি প্রক্রিয়া, কিন্তু স্থায়ী সমাধান নয়। যারা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের জন্য কার্যকর পুনর্বাসন কর্মসূচি প্রয়োজন। তাদের পরিবার, সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক পুনঃএকীকরণের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। অবশ্যই অপরাধের বিচার আইন অনুযায়ী চলবে। তবে আত্মসমর্পণের পর বৈধ জীবিকার সুযোগ তৈরি না হলে পুরোনো অপরাধজগতে ফিরে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। ২০১৮ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুনর্বাসনকে প্রকল্পের আনুষ্ঠানিকতা নয়, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত করতে হবে।

বন বন্ধের মৌসুমে জেলে ও বাওয়ালিদের আয় কমে যায়। অথচ সংসারের ব্যয় থেমে থাকে না। এই সময় তাদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করা জরুরি। মৌচাষ, কাঁকড়া চাষ, হাঁস-মুরগি পালন, হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে। স্থানীয় নারীদেরও এসব অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন। এতে বননির্ভরতা কমবে, পরিবারের আয় বাড়বে এবং অপরাধী চক্রের প্রতি অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরির সুযোগ সংকুচিত হবে।

একজন পর্যটনের শিক্ষক হিসেবে আমি মনে করি, সুন্দরবনের নিরাপত্তা ও পর্যটন উন্নয়নকে আলাদা করে দেখার সুযোগ নেই। যে বনে স্থানীয় তরুণ পর্যটক গাইড হিসেবে কাজ করবেন, স্থানীয় মানুষ নৌযান পরিচালনা করবেন, কমিউনিটি পর্যটনের মাধ্যমে আয় করবেন, সেই বনের সুরক্ষায় তাদের স্বার্থও জড়িয়ে যাবে। নিরাপদ সুন্দরবন পর্যটনকে আকৃষ্ট করবে, পর্যটন স্থানীয় কর্মসংস্থান বাড়াবে এবং কর্মসংস্থান অপরাধের অর্থনৈতিক প্রলোভন কমাতে সহায়তা করবে। তবে পর্যটন হতে হবে পরিবেশবান্ধব, নিয়ন্ত্রিত এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণনির্ভর। সুন্দরবনকে পর্যটনের নামে নতুন কোনো চাপের মুখে ঠেলে দেওয়া যাবে না।

ইবনে খালদুনের রাষ্ট্রচিন্তায় ন্যায়বিচার ও জনকল্যাণ রাষ্ট্রের স্থায়িত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি। সুন্দরবনের প্রেক্ষাপটে এই দর্শনের বাস্তব প্রয়োগ প্রয়োজন। বনে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে হবে, জেলেদের ঋণের ফাঁদ থেকে সুরক্ষা দিতে হবে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসন করতে হবে এবং স্থানীয় জনগোষ্ঠীকে বন সংরক্ষণ ও পর্যটন অর্থনীতির অংশীদার করতে হবে। এই চারটি উদ্যোগকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা ছাড়া স্থায়ী দস্যুমুক্ত সুন্দরবন প্রতিষ্ঠা কঠিন।

আমার সেই ছাত্রটির কথা এখনো মনে পড়ে। তার বাবা বনে গেলে মা সারারাত জায়নামাজে বসে থাকেন। ছেলেটি স্বপ্ন দেখে, একদিন সুন্দরবনে পর্যটকদের পথ দেখাবে। আমি চাই, তার স্বপ্ন বাস্তব হোক। একদিন সে পর্যটক দল নিয়ে বনে যাবে, বনের সৌন্দর্য দেখাবে, বনবিবির গল্প শোনাবে এবং নিরাপদে ঘরে ফিরবে। তারপর মাকে বলবে, মা, বন আমাকে জীবিকা দিয়েছে, ভয় দেয়নি।

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার চেয়ে অনেক বড় অর্জন হবে এমন একটি বাস্তবতা তৈরি করা, যেখানে কোনো জেলেকে অপহরণের ভয় নিয়ে বনে যেতে হবে না, কোনো মাকে সন্তানের বা স্বামীর ফেরার অপেক্ষায় সারারাত জেগে থাকতে হবে না। কারণ সুন্দরবনের প্রকৃত মুক্তি শুধু দস্যুমুক্ত বন প্রতিষ্ঠায় নয়, বনজীবী মানুষের ভয়মুক্ত জীবন নিশ্চিত করার মধ্যেই নিহিত।

লেখক: শিক্ষক ও কলাম লেখক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর