1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

পুরান ঢাকার সেই বিউটি বোর্ডিং এখন কেমন আছে : খাদিজাতুল খোরশেদ খুশি

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

পুরান ঢাকার ঐতিহাসিক যে কয়টি স্থান আছে, তার মধ্যে বিউটি বোর্ডিং উল্লেখযোগ্য। বাংলাবাজারে বইয়ের মার্কেট পেরিয়ে শ্রীশচন্দ্র দাস লেনে ঢুকতেই চোখে পড়ে বিউটি বোর্ডিং। যে বোর্ডিংয়ের আড্ডাগুলো পঞ্চাশ, ষাট, সত্তর, আশির দশকে আমাদের শিল্পের চেতনাকে করেছে সমৃদ্ধ। যেখানে রচিত হয়েছে অজস্র কালজয়ী কবিতা, উপন্যাস, গল্প, চলচ্চিত্র কিংবা অন্যান্য শিল্পকর্ম।

সাতচল্লিশের দেশভাগের পূর্বে ঢাকার নিঃসন্তান এক জমিদার সুধীর চন্দ্র দাসের জমিদারবাড়ির ভবনে সুনীল কুমার মুখোপাধ্যায়ের সম্পাদনায় বের হতো ‘সোনার বাংলা’ নামের সাপ্তাহিক পত্রিকা, সাথে গড়ে উঠেছিল সেটার ছাপাখানাও। মূলত তখন থেকেই ভবনটি হয়ে ওঠে শিল্প-সাহিত্যের মানুষদের আনাগোনায় মুখর। কবি শামসুর রাহমানের প্রথম কবিতাটিও ছাপা হয় সেই পত্রিকায়।

দেশভাগের পর ‘সোনার বাংলা’ কার্যালয় স্থানান্তর হয় কলকাতায়, জমিদার সুধীর চন্দ্র দাসও চলে যান ভারতে। দুই বছর খালি পড়ে থাকে ভবনটি। এরপর শুরুতে দুই ভাই ছোট আকারে ব্যবসা শুরু করেন। কিন্তু ক্রমশই ব্যবসা বড় হতে থাকায় ১৯৪৯ সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীর চন্দ্র দাসের কাছ থেকে ১১ কাঠা জমি কিনে নেন।

মূলত নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়েছিল। সোনার বাংলা প্রেসের জায়গায় শুরু হয় আবাসিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা। থাকার জন্য ২৫টি ঘর আর দুপুর, বিকেল ও রাতের খাবারের বন্দোবস্ত নিয়ে শুরু হয় এর পথচলা। দেশভাগের পর বাংলাবাজার হয়ে ওঠে প্রকাশনা ও মুদ্রণশিল্পের কেন্দ্রবিন্দু। তাই তখন থেকেই বিউটি বোর্ডিং শিল্পী-সাহিত্যিকদের আড্ডার প্রাণকেন্দ্র হয়ে যায়।

১৯৭১ সালে বিউটি বোর্ডিংয়ে নেমে আসে দুর্বিষহ সময়। ইমরুল চৌধুরী সম্পাদিত ‌‘পূর্ণিমার মধ্য বয়সে বিউটি বোর্ডিং’ গ্রন্থে তার স্ত্রী প্রতিভা সাহার করা স্মৃতিচারণ থেকে জানা যায়, ২৫ মার্চ রাতে ঘরে ঢুকে প্রহ্লাদ বাবু বলেন, ‘শহরের অবস্থা খুব খারাপ। রাস্তায় পাকিস্তানি আর্মি নেমেছে। পথে আমাকে চেক করেছে।’ ২৬ মার্চ তিনি ঘরে ফিরে আবার বলেন, ‘ঢাকায় থাকা নিরাপদ নয়, আমাদের দূরবর্তী কোথাও আশ্রয় নিতে হবে।’ ২৭ মার্চ সব তালাবদ্ধ করে তারা চলে যান ঋষিকেশ দাস রোডে প্রতিভা সাহার ভাইয়ের বাসায়। ২৮ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারফিউ শিথিল হয়। বোর্ডিংয়ের স্টাফদের পাওনা মিটিয়ে দিয়ে বোর্ডিং বন্ধ করতে যান প্রহ্লাদ বাবু। সেই যে গেলেন, আর ফিরে এলেন না।

সেদিন বিউটি বোর্ডিংয়ে প্রহ্লাদ সাহাসহ শহীদ হন মোট ১৮ জন। প্রহ্লাদ বাবুর মৃত্যুর পর তাঁর পরিবার চলে যায় কলকাতায়। দেশ স্বাধীন হওয়ার পর কয়েকজন পারিবারিক বন্ধুর ডাকে প্রহ্লাদ বাবুর পরিবার দেশে ফিরে এসে আবার হাল ধরেন বিউটি বোর্ডিংয়ের।

চল্লিশের দশকে এই আড্ডা পুরান ঢাকায় সুখ্যাতি লাভ করে। কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হকসহ অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন। আবদুল জব্বার খান এখানে বসেই লেখেন বাংলার প্রথম সবাক ছবি মুখ ও মুখোশের পাণ্ডুলিপি। সমর দাস বহু গানের সুর তৈরি করেছেন এখানে বসে। শামসুর রাহমান লিখেছেন মনে পড়ে একদা যেতাম প্রত্যহ দুবেলা বাংলাবাজারের শীর্ণ গলির ভেতরে সেই বিউটি বোর্ডিং–এ পরস্পর মুখ দেখার আশায় আমরা কজন।

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী তাঁর আত্মজীবনীমূলক বই ‘অতলের কথকথা’য় বন্ধু কায়েস আহমেদ সম্পর্কে লিখেছেন, ‘বন্ধু কায়েস আহমেদই আমাকে নিয়ে গিয়েছিল বিউটি বোর্ডিংয়ে জড়ো হওয়া কয়েকজন তরুণ সাহিত্যিকের সামনে। …বিউটি বোর্ডিংয়ে সমবেত হতে পারার মাধ্যমে দেশের অনেক নবীন প্রবীণ সাহিত্যিকের কাছাকাছি যেতে পেরেছিলাম।’

এই বিউটি বোর্ডিংয়েই পরিচয় হয়েছিল সৈয়দ শামসুল হক এবং শামসুর রহমানের। এখানে বহু জ্ঞানী, গুণী আড্ডা দিতে আসতেন। তাদের মাঝে আছেন হাসান হাফিজুর রহমান, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী দেবদাস চক্রবর্তী, ফজলে লোহানী, কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, সত্য সাহা, কবি নির্মলেন্দু গুণ, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী, ভাস্কর নিতুন কুন্ডু, কবি আল মাহমুদ, শহীদ কাদরী, রণেশ দাসগুপ্ত, আবু হেনা মোস্তফা কামাল, সমরজিৎ রায় চৌধুরী, ব্রজেন দাস, হামিদুর রহমান, আবুল হাসান, মহাদেব সাহা, আহমদ ছফা, হায়াৎ মামুদ, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, বেলাল চৌধুরী, আনিসুজ্জামান, খান আতাউর রহমান, প্রবীর মিত্র, নায়করাজ রাজ্জাক, সন্তোষ গুপ্ত, ফজল শাহাবুদ্দিন, জিল্লুর রহমান সিদ্দিকী, শফিক রেহমান, আসাদ চৌধুরী ও ফয়েজ আহমদ প্রমুখ।

বিউটি বোর্ডিংয়ের সেই আড্ডা আজ আর নেই। কিন্তু কালের সাক্ষী আর ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ক্রমাগত ব্যবসাটি ধরে রেখেছেন শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী চন্দ্র সাহার উত্তরসূরীরা। এখনো বিউটি বোর্ডিংয়ে রাত কাটানো যায় সস্তায়, খাওয়া যায় নানা পদের খাবার। সময়ের পরিক্রমায় বহু বছর পার হয়ে গেলেও সাহিত্যমনা বাঙালিরা, পর্যটকেরা এখনো বিউটি বোর্ডিংয়ে যান ইতিহাস ছুঁয়ে দেখতে। আজীবন বাঙালির কাছে বিউটি বোর্ডিং স্মরণীয় হয়ে থাকবে।

লেখক: সম্মান ২য় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইডেন মহিলা কলেজ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর