বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স দর্শকদের আবারও সাদা পোশাকের ক্রিকেটের দিকে টানছে বলে মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সই প্রমাণ করছে, টেস্ট ক্রিকেট এখনো বেঁচে আছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সেঞ্চুরিয়নে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘গত তিন-চার সপ্তাহ আমরা চতুর্থ স্থানে ছিলাম। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যা ঘটেছে, তা বাংলাদেশে টেস্ট ক্রিকেটের গুরুত্ব ও পরিচিতি বাড়িয়েছে। ছেলেরা যেভাবে খেলছে, তা প্রমাণ করে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যায়নি। মানুষ আবার ফিরে আসছে এবং টেস্ট ক্রিকেটে আমাদের ভালো করতে দেখতে চাইছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার পক্ষেও মত দিয়েছেন বাংলাদেশের কোচ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে নিজেদের সামর্থ্য দেখিয়েছে দলটি। পূর্ণ সদস্য দেশ হিসেবে তাদের চ্যাম্পিয়নশিপে থাকা উচিত বলে মনে করেন সিমন্স।
তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সম্প্রতি কয়েকটি টেস্ট খেলেছে এবং দেখিয়েছে, তারা আবারও এই পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। পূর্ণ সদস্য দেশ হিসেবে আমার মনে হয়, তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকা উচিত।’
এদিকে মুমিনুল হকের সাম্প্রতিক ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। শেষ ১০ ইনিংসে কোনো অর্ধশতক নেই, দক্ষিণ আফ্রিকায়ও তার রেকর্ড ভালো নয়। তবে ১৩ টেস্ট সেঞ্চুরির মালিক এই অভিজ্ঞ ব্যাটারকে আরও সময় দিতে চান সিমন্স। তার মতে, অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর আস্থা রাখা জরুরি।
সিমন্স বলেন, ‘আমরা যখন কোনো অভিজ্ঞ ক্রিকেটারের কথা বলি, যার ১৩টি টেস্ট সেঞ্চুরি আছে, তখন ধরে নিতে হয়, সে নিজের কাজটা কিছুটা হলেও জানে। হ্যাঁ, সে কিছুদিন ধরে রান করতে পারছে না। তবে সে কঠোর পরিশ্রম করছে এবং ফর্মে ফেরার চেষ্টা করছে। কখনো কখনো খেলোয়াড়দের ওপর আরও কিছুদিন আস্থা রাখতে হয়। আমরা তার ক্ষেত্রে সেটিই করেছি। আজ বসে সিদ্ধান্ত নেবো, আগামীকাল থেকে কী করা হবে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে, যার দুটি দেশের মাটিতে। ঘরের মাঠের ম্যাচগুলো জেতাই দলের অন্যতম লক্ষ্য। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা থাকলেও জয়ের লক্ষ্য থেকে সরে আসছেন না সিমন্স।
তিনি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আমাদের আরও তিনটি ম্যাচ বাকি, যার দুটি দেশের মাটিতে। আমরা সব সময় চেষ্টা করি, ঘরের মাঠের ম্যাচগুলো যেন জিততে পারি। এই ম্যাচটি দেশের বাইরে আরেকটি কঠিন লড়াই হতে যাচ্ছে। তবে আমরা দেখিয়েছি, ঠিকভাবে খেলতে পারলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এই ম্যাচে বোলিংয়ে পরিকল্পনাগুলো ঠিকঠাক বাস্তবায়ন করতে হবে এবং ব্যাটিংয়ের ধারাবাহিকতাও ধরে রাখতে হবে। আমরা যে ম্যাচই খেলি, সেটি জেতার চেষ্টা করি। কীভাবে জিততে হবে, তা নিয়ে নিয়মিত আলোচনা করি।