সিরাজগঞ্জের তাড়াশের এক ব্যক্তির মেসেজিং অ্যাপ ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নাটোর জেলার লালপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলার লালপুর থানার নাগশোষা গ্রামের আজমত সরদারের ছেলে রাজীব সরদার (২৬), একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে সজল আহমেদ (২৩) ও মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে শিপন আলী (২৭)।
ওসি ইমাম জাফর বলেন, গ্রেফতাররা বিভিন্ন ব্যক্তির ইমো আইডি হ্যাক করার মাধ্যমে প্রতারণা করে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় এক ভুক্তভোগী গত ২ সেপ্টেম্বর থানায় একটি মামলা করেছিল। সেই মামলার প্রেক্ষিতে নাটোর জেলার লালপুর থানা এলাকায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা।
ওসি আরও বলেন, আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এমন প্রতারণায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।