পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই রাতে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এতিমখানা রোড এলাকায় কাজী আলমগীরের নিজস্ব বাসভবনে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটিতে কাজী আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনদের কেউ বসবাস করেন না। ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল।
পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে একই রাতে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন মালামাল ও জানালার অংশ ভাঙচুর করে। এ ছাড়া বিদ্যুৎ সংযোগের মিটারও ভেঙে নিয়ে গেছে।