1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বার্ষিক পরীক্ষার মধ্যেই ভর্তি পরীক্ষা, চাপে হাঁসফাঁস শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

বার্ষিক পরীক্ষা নিয়ে দম ফেলার ফুরসত নেই স্কুলের শিক্ষার্থীদের। এর মধ্যেই যোগ হয়েছে নতুন চিন্তা। আগামী বছর পছন্দের স্কুলে ভর্তি হতে হলে দিতে হবে লিখিত পরীক্ষা। একদিকে বার্ষিক পরীক্ষা, অন্যদিকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে রীতিমতো হাঁসফাঁস শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষায় ভালো করতে বাংলা, ইংরেজি ও গণিতে বিশেষ জোর দিতে হচ্ছে। পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবার রয়েছে বৃত্তি পরীক্ষা। সব মিলিয়ে বছরের শেষ সময়ে শিক্ষার্থীরা একের পর এক পরীক্ষার চাপে।

জানা যায়, দীর্ঘ ছয় বছর পর স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আংশিক বাতিল করে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ফিরিয়েছে সরকার। এতে ভালো স্কুলে ভর্তির প্রতিযোগিতা যেমন ফিরছে, তেমনি বাড়তি পড়াশোনার চাপ তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানীসহ বড় শহরগুলোতে নামকরা স্কুলে সন্তানকে ভর্তি করাতে আগ্রহী অভিভাবকদের মধ্যে প্রস্তুতির ব্যস্ততা বেড়েছে।

অভিভাবকরা বলছেন, বার্ষিক পরীক্ষার মধ্যেই নতুন করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে শিশু শিক্ষার্থীদের ওপর বাড়ছে মানসিক চাপ। খেলাধুলা ও বিশ্রামের সময় কমেছে। আর ভর্তি পরীক্ষা ফেরায় চাপ বেড়েছে কোচিংয়ের। পরীক্ষকেন্দ্রিক এমন চাপে শিশুদের শেখার আগ্রহ ও বিকাশে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা।

বার্ষিক পরীক্ষার মধ্যেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি:

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর শুরু হয়েছে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ফল প্রকাশের জন্য ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। যদিও কোনো কোনো স্কুলে ১৫ নভেম্বর থেকেই পরীক্ষা শুরু হয়েছে।

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সংশোধিত নীতিমালা গত ১২ নভেম্বর প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি বহাল রাখা হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।

নীতিমালা অনুযায়ী- দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর। পরীক্ষার সময় এক ঘণ্টা। ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পরীক্ষা হবে ১০০ নম্বরের। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। সময় দুই ঘণ্টা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই থেকে প্রশ্ন করতে হবে।

বর্তমান স্কুল পরিবর্তন করে অন্য সরকারি-বেসরকারি স্কুলে যেতে আগ্রহী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পাশাপাশি নতুন ভর্তি পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হচ্ছে। বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে ভালো ফল করা এবং ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতায় টিকে থাকা-দুটিই তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রামপুরা একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে তানজিমা আক্তার। আগামী বছর তাকে ভিকারুননিসা নূন স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি করাতে চান বাবা-মা। সেজন্য গত সেপ্টেম্বর মাস থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তানজিমা।

তানজিমার মা সালেহা বেগম বলেন, ‘গত বছর লটারির মাধ্যমে চেষ্টা করেও ভিকারুননিসা স্কুলে দিতে পারিনি। এবারও আবেদন করাবো। ভর্তি পরীক্ষা যেহেতু, সেহেতু বাড়তি পড়ালেখা করতে হচ্ছে মেয়েটার। ১৯ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা। দুই পরীক্ষার পড়ালেখা করতে গিয়ে গত সপ্তাহে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু পড়তে হবে। একটু সুস্থ হয়ে আবার কোচিং, টিউশনি ও হোমওয়ার্ক করতে হচ্ছে বাচ্চাটাকে। দিনে ৩০ মিনিট যে খেলবে, ঘুমাবে সে সুযোগও নেই।

পঞ্চম-অষ্টম শ্রেণিতে তিন পরীক্ষার চাপ:

অন্য শ্রেণির তুলনায় পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ব্যস্ততা আরও বেশি। বিশেষ করে যারা আগামী বছর অন্য স্কুলে ভর্তি হতে চায়, তাদের সামনে তিন ধরনের পরীক্ষার প্রস্তুতি রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এরপর ২০ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে।

অর্থাৎ, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার কথা ৬ ডিসেম্বর। এর মাত্র দুদিন পরই শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা। যারা নবম শ্রেণিতে অন্য স্কুলে ভর্তি হতে চায়, তাদের আবার ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে।

একইভাবে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে অন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির লক্ষ্য থাকলে বাড়তি প্রস্তুতি প্রয়োজন হবে। যদিও সব শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে না। আবার সবাই স্কুল পরিবর্তনও করবে না। তবে যারা দুটোই করতে চায়, তাদের ওপর চাপ বেশি পড়ার আশঙ্কা রয়েছে।

মিরপুরের পল্লবী এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সাইফান। প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য স্কুল থেকে নির্বাচিত হয়েছে। কিন্তু ওই কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এতে ষষ্ঠ শ্রেণিতে অন্য স্কুলে ভর্তির জন্য তাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে হচ্ছে তাকে।

সাইফানের মা শিউলি আক্তার বলেন, ‘সকালে ৮টা থেকে ১১টা স্কুল। ১২টা থেকে ২টা পর্যন্ত কোচিং। দুপুরে বাসায় নিয়ে আসি, খাবার খেয়েই আবার হোম টিউশনিতে বসে। টিউশন শেষে বিকেলে আবার বৃত্তি পরীক্ষার জন্য স্কুলের স্পেশাল কোচিংয়ে নিয়ে যেতে হয়। খেলাধুলা, ঘুম, বিশ্রাম- কোনোটিই নেই বাচ্চার। ওর ওপর যে চাপ যাচ্ছে, কী থেকে কী হয়, তা নিয়ে আমরা টেনশনে আছি।’

লটারি বাতিল, বেড়েছে ভর্তি কোচিংয়ের চাপ:

২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিল। করোনাকালে সংক্রমণের ঝুঁকি এড়াতে চালু হওয়া এ পদ্ধতি পরবর্তী বছরগুলোতেও বহাল ছিল। এবার সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ফলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের।

বিশেষ করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পুরাতন ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ নামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে তীব্র প্রতিযোগিতা হবে।

ভর্তি পরীক্ষা ফেরায় প্রস্তুতিমূলক কোচিং ও প্রাইভেট পড়ার প্রবণতা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন শিক্ষাসংশ্লিষ্টরা। এতে অভিভাবকদের বাড়তি অর্থ ব্যয় হতে পারে। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ের পড়াশোনার বাইরেও শিশুদের অতিরিক্ত সময় দিতে হবে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিতের একজন শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, ‘লটারি পদ্ধতিটা ভালো ছিল। বিশেষ করে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারি রাখলে সবচেয়ে ভালো হতো। পরীক্ষা চালু করায় শিশুদের ওপর পড়ালেখার চাপ বেড়েছে।

তিনি বলেন, ‘আমাদের স্কুল তো বেশ ভালো, নামকরা। এখানে ভর্তির পর আর কেউ অন্য স্কুলে যেতে চায় না। তারপরও আমি খোঁজ নিলাম আমি যে ক্লাসে শ্রেণিশিক্ষক, সেই ক্লাসের ৬৭ জন শিশুর মধ্যে ২৭-২৮ জন স্কুলে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। কোচিং করছে, বাসায় টিউশনি নিচ্ছে। কেউ ভিকারুননিসায় যাবে, কেউ সেন্ট জোসেফে যাবে। অথবা বাসার কাছাকাছি হয় এমন স্কুলে চলে যেতে চায়।

ভালো স্কুলের স্বপ্নে তীব্র মানসিক চাপ:

শিক্ষাবিদদের মতে, শিশুর পড়াশোনায় নিয়মিত মূল্যায়ন গুরুত্বপূর্ণ। তবে অল্প সময়ের ব্যবধানে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তা শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়াতে পারে।

অন্যদিকে ভর্তি পরীক্ষার সমর্থকদের যুক্তি, লটারিতে অনেক মেধাবী শিক্ষার্থী পছন্দের বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেত না। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে শিক্ষার্থী নির্বাচন করা সম্ভব হবে।

তবে শুধু মেধা যাচাই নয়, পরীক্ষার সময়সূচি ও শিশুদের বয়স বিবেচনায় নেওয়াও গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষার পর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় রাখা হলে শিক্ষার্থীদের চাপ কিছুটা কমতে পারে।

পরীক্ষা এলেই শিশুরা মানসিক চাপে পড়ে বলে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু ও কিশোর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সাদিয়া আফরিন। তিনি বলেন, ‘শিশুদের পড়ানোর চেয়ে শেখানোটা জরুরি। কিন্তু পরীক্ষা দিতে শিশুদের পড়াতে হয়, মুখস্থ করাতে হয়। এভাবে বছরে চার থেকে পাঁচটি পরীক্ষা দিতে গেলে শিশুদের মানসিক চাপ বাড়ে।’

তিনি বলেন, ‘অল্প বয়সে মানসিক চাপে পড়লে ভবিষ্যতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ফলে পরীক্ষা কমিয়ে শিশুদের শেখানোর পদক্ষেপ নিলে মানসিক চাপ কমবে এবং তাদের বিকাশ দ্রুত হবে।’

পাঠ্যবই থেকে প্রশ্ন, প্রয়োজন নতুন ভর্তিব্যবস্থা:

নতুন ভর্তি নীতিমালায় লিখিত পরীক্ষার নম্বর, সময় ও প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা থাকলেও বার্ষিক ও বৃত্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের প্রস্তুতির চাপ কমানোর আলাদা ব্যবস্থার বিষয়টি উল্লেখ নেই। প্রশ্ন উঠেছে, বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে কি না। পাশাপাশি কম বয়সী শিক্ষার্থীদের ওপর প্রতিযোগিতার চাপ কমাতে কী উদ্যোগ নেওয়া হবে?

মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি কমিটির সভায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সার্বিক দিক বিবেচনা করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমার বা মাউশির কোনো একক সিদ্ধান্ত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো বলতে পারবেন।-মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি কমিটির সভায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সার্বিক দিক বিবেচনা করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমার বা মাউশির কোনো একক সিদ্ধান্ত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো বলতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক বলেন, ‘আমরা অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতেই ভর্তি পরীক্ষা নিচ্ছি। নভেম্বরে বার্ষিক পরীক্ষা হয়। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। সেক্ষেত্রে ডিসেম্বরে ছাড়া তো ভর্তি পরীক্ষা নেওয়ার অন্য কোনো সময় নেই। স্বাভাবিকভাবেই বার্ষিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষার চাপ একসঙ্গে শিশুদের ওপর পড়ছে। এটা তো অস্বীকার করার উপায় নেই।

তিনি বলেন, ‘তবে আমরা পাঠ্যবই থেকে প্রশ্নপত্র করার নির্দেশনা দিয়েছি। এমনভাবে প্রশ্ন করা হবে, যাতে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির মধ্যেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয়ে যায়। বাড়তি পড়ালেখা বা কোচিং করার কোনো প্রয়োজন থাকবে না।

শিক্ষার্থীদের চাপ কমাতে ভালো ভর্তিব্যবস্থা প্রণয়নের দাবি জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ। তিনি বলেন, ‘লটারি নিশ্চয়ই ভালো পদ্ধতি ছিল। বর্তমান সরকার ভর্তি পরীক্ষা চালু করেছে। এ ভর্তি ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো উচিত।

এ শিক্ষাবিদের মতে, ‘ভর্তির পদ্ধতি এমন হওয়া উচিত, যাতে শিশুদের স্বাভাবিক পড়াশোনা, খেলাধুলা ও বিশ্রামের সুযোগও গুরুত্ব পাবে। কারণ ভালো বিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রতিযোগিতায় শিশুদের শৈশব যেন পরীক্ষার চাপেই হারিয়ে না যায়, সেটিও বিবেচনায় রাখা জরুরি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর