‘বুকটা ফাইট্টা যায়’, ‘মায়ের কান্দন যাবতজীবন’, ‘আকাশটা কাঁপছিল ক্যান’, ‘খরকুটার এক বাসা বাঁধলাম’, ‘পাংচার হইয়া গেলে চলবে না গাড়ি’, ‘খায়রুন লো তোর লম্বা মাথার চুল’- গানগুলোর গীতিকার ও সুরকার শাহ আলম সরকার। এছাড়াও বিখ্যাত ‘মনিরের ফাঁসি’ শিরোনামের সেই জারির গীতিকার, সুরকার ও গায়কও তিনি।
পারিবারিকভাবেই বাউল গানের সাথে যুক্ত কৈশোর থেকেই। গান করতে গিয়ে পড়াশোনা ছেড়ে দিলেও গান নিয়েই তার পড়ালেখা বলে মনে করেন এই শিল্পী। বৈশাখের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাতভর পালা গান গেয়ে থাকেন শাহ আলম সরকার।
অসংখ্য শিল্পী তিনি তৈরি করেছেন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন তার অগুনতি শিষ্য, ভাবশিষ্য। তাদের ভিড়ে উজ্জ্বল এক নাম শিল্পী মমতাজ বেগম। শাহ আলম সরকারের লেখা ও সুর করা গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন মমতাজ। তার জন্য ৭০ এর বেশি অ্যালবাম তৈরি করে দিয়েছেন তিনি।
মমতাজের বাইরেও চলচ্চিত্রে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, কনক চাঁপা আরও অনেকে গেয়েছেন তার গান। আর শাহ আলম সরকারের নিজের অ্যালবামের সংখ্যা প্রায় ৬৫০টিরও বেশি!
সেই গুণি শিল্পী গান করতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছেন। টাঙ্গাইলের সখীপুরে এক গানের আসরে প্রবীণ এই বাউলশিল্পীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছেন অনেক শিল্পী ও তার ভক্ত অনুরাগীরা।
সেই তালিকায় এবার যোগ দিয়েছেন বাউলশিল্পী চন্দ্রা সরকার। তার মতে, এটি শুধু একজন শিল্পীর ওপর হামলা নয়, বরং বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আঘাত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চন্দ্রা সরকার লিখেছেন, ‘গানের মঞ্চে দাঁড়িয়ে একজন প্রবীণ শিল্পীর গায়ে হাত তোলা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি আমাদের আবহমান বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত। শাহ আলম সরকার এই মাটির মানুষ; যুগ যুগ ধরে তার সুর ও পালাগানের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রেম ও দর্শনের কথা বলে আসছেন।’
ঘটনাটির স্থান টাঙ্গাইল উল্লেখ করে চন্দ্রা সরকার আরও লিখেছেন, ‘টাঙ্গাইলের মতো সংস্কৃতিমনা একটি অঞ্চলে, খোদ গানের আসরে তাকে লাঞ্ছিত করার এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। মতের অমিল বা কোনো অভিযোগ থাকলে তার সমাধানের অনেক পথ খোলা আছে, কিন্তু মঞ্চে উঠে একজন গুণী শিল্পীকে শারীরিকভাবে আক্রমণ করা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এটি স্পষ্টতই উগ্রতা এবং শিল্প-সংস্কৃতির প্রতি চরম অশ্রদ্ধার বহিঃপ্রকাশ।
পোস্টের শেষাংশে চন্দ্রা সরকার লেখেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাই।’
কেন এই হামলা:
জানা গেছে, সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের মৃত সিরাজ পীরের বাড়িতে (মানিক ভাইয়ের বাড়ি) রোববার রাতে (২২ নভেম্বর ২০২৬) এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে বাউল গান পরিবেশনের একপর্যায়ে স্থানীয় এক পীরকে উদ্দেশ করে আপত্তিকর বা অশালীন মন্তব্য করেন শাহ আলম সরকার। ওই আসরে তার প্রতিপক্ষ শিল্পী ছিলেন বাবলি সরকার।
মন্তব্যের জেরে উপস্থিত শ্রোতা বা সংশ্লিষ্টদের একাংশ ক্ষুব্ধ হয়ে তাকে মারধর ও লাঞ্ছিত করেন বলে দাবি করা হচ্ছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাউল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।