1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক রংপুরে ০৪ খুন • ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় যেসব পরিবর্তন প্রোটিন পেতে স্যান্ডউইচে রাখতে পারেন যেসব উপাদান ভালো ভ্রমণসঙ্গীর যেসব গুণ থাকা জরুরি গানের আসরে বাউল শাহ আলম সরকারকে মারধর, যা বললেন চন্দ্রা সরকার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন : চিফ প্রসিকিউটর রয়টার্সের প্রতিবেদন • ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

ভালো ভ্রমণসঙ্গীর যেসব গুণ থাকা জরুরি

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ভ্রমণের পরিকল্পনা যতই সুন্দর হোক, সঙ্গী ভালো না হলে পুরো আনন্দটাই মাটি হতে পারে! পাহাড়ে ঘুরতে গিয়ে কেউ হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে চান, আবার কেউ চান একটু দেরিতে ঘুম থেকে উঠে ধীরে ধীরে চারপাশ উপভোগ করতে। কারও পছন্দ অ্যাডভেঞ্চার, কারও আবার নিরিবিলি পরিবেশে সময় কাটানো।

তাই কোথায় ঘুরতে যাচ্ছেন, তার পাশাপাশি কার সঙ্গে যাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কয়েক দিনের ভ্রমণে সঙ্গীর স্বভাব, মানসিকতা ও আচরণের প্রভাব পড়ে গোটা অভিজ্ঞতার ওপর। তাই ভ্রমণের সঙ্গী বেছে নেওয়ার আগে তার মধ্যে কয়েকটি গুণ রয়েছে কি না, দেখে নেওয়া জরুরি।

মানিয়ে নেওয়ার মানসিকতা:

ভ্রমণে সব পরিকল্পনা যে ঠিকঠাক মতো হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। কখনও বৃষ্টি, কখনও যানজট, আবার কখনও হোটেল বা যাতায়াত নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে যিনি সামান্য সমস্যাতেই বিরক্ত হয়ে পড়েন না, বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন, তিনিই ভালো ভ্রমণসঙ্গী। দুজনের পছন্দ সব সময় এক হবে না। তাই একে অপরের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন।

সময়জ্ঞান থাকা:

ভ্রমণে সময়ের গুরুত্ব অনেক। নির্দিষ্ট সময়ে ট্রেন, বাস বা বিমানে উঠতে হয়। আবার কোনও দর্শনীয় স্থানে যাওয়ার জন্যও আগে থেকে পরিকল্পনা থাকে। সঙ্গী যদি সব সময় দেরি করেন, তাহলে অন্যজনের পরিকল্পনাও ভেস্তে যেতে পারে। তাই সময় মেনে চলার অভ্যাস থাকা জরুরি। তবে ছুটিতে গিয়ে প্রতিটি মুহূর্ত ঘড়ি ধরে কাটানোর প্রয়োজন নেই। বরং সময়ের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অবসর উপভোগ করার মানসিকতাও থাকা ভালো।

অর্থ খরচে দায়িত্বশীল:

ভ্রমণে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বিলাসবহুল হোটেলে থাকতে পছন্দ করেন, আবার কেউ কম খরচে ঘোরাঘুরি করতে স্বচ্ছন্দ। তাই ভ্রমণের আগে দুজনের বাজেট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। ভালো ভ্রমণসঙ্গী কখনও অন্যের সামর্থ্যের বাইরে খরচ করার জন্য চাপ দেন না। কোথায় কত টাকা খরচ হবে, যাতায়াত ও খাবারের খরচ কীভাবে ভাগ হবে-এসব বিষয় নিয়ে আগেই আলোচনা করে নেওয়া উচিত।

ধৈর্য ও সহযোগিতার মানসিকতা:

ভ্রমণে ছোটখাটো সমস্যা হতেই পারে। দীর্ঘক্ষণ অপেক্ষা করা, রাস্তা খুঁজে না পাওয়া কিংবা হোটেলে বুকিং সংক্রান্ত জটিলতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এমন সময়ে সঙ্গী যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। বরং যিনি সমস্যার সমাধানে সহযোগিতা করেন এবং একে অপরের পাশে থাকেন, তাঁর সঙ্গে ভ্রমণ অনেক বেশি স্বস্তির হয়।

নতুন কিছু জানার আগ্রহ:

ভালো ভ্রমণসঙ্গীর মধ্যে নতুন জায়গা, খাবার, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ থাকা ভালো। শুধু হোটেলে বসে থাকা বা ছবি তোলার মধ্যে ভ্রমণকে সীমাবদ্ধ না রেখে আশপাশের পরিবেশ সম্পর্কে জানার কৌতূহল থাকলে অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। স্থানীয় খাবার চেখে দেখা, ঐতিহাসিক স্থান ঘুরে দেখা কিংবা নতুন কোনও অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা ভ্রমণকে আনন্দদায়ক করে তুলতে পারে।

ব্যক্তিগত পরিসরকে সম্মান করা:

একসঙ্গে ভ্রমণ করছেন মানেই সব সময় একসঙ্গে থাকতে হবে, এমন নয়। কখনও কেউ একটু একা সময় কাটাতে চাইতে পারেন, কেউ আবার নিজের পছন্দের কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। ভালো ভ্রমণসঙ্গী অন্যের ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন। অকারণে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, প্রতিটি বিষয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিংবা ব্যক্তিগত পছন্দকে ছোট করে দেখা কখনওই ভালো সঙ্গীর লক্ষণ নয়।

বিপদে দায়িত্ব নিতে জানা:

অচেনা জায়গায় ভ্রমণের সময় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলা কিংবা কোনো বিপদে পড়লে সঙ্গী যেন দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামলাতে পারেন। জরুরি নম্বর, প্রয়োজনীয় কাগজপত্র ও যোগাযোগের তথ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। পাশাপাশি একে অপরের নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখাও জরুরি।

হাসিখুশি ও ইতিবাচক মনোভাব:

ভ্রমণের প্রতিটি মুহূর্ত নিখুঁত হবে না। কখনও পরিকল্পনা বদলাতে পারে, কখনও প্রত্যাশামতো কোনও জায়গা ভালো নাও লাগতে পারে। এমন পরিস্থিতিতে যিনি ছোটখাটো বিষয় নিয়ে অযথা অভিযোগ না করে আনন্দ খুঁজে নিতে পারেন, তাঁর সঙ্গে ভ্রমণ বেশ উপভোগ্য হয়। হাসিখুশি মনোভাব অনেক সময় কঠিন পরিস্থিতিকেও সহজ করে দেয়।

ভালো ভ্রমণসঙ্গী মানেই আপনার মতো সব পছন্দের মানুষ নন। বরং যিনি আপনার মতামতকে সম্মান করেন, প্রয়োজনে সহযোগিতা করেন এবং একসঙ্গে সুন্দর স্মৃতি তৈরির চেষ্টা করেন, তিনিই আদর্শ সঙ্গী।

তাই ভ্রমণের টিকিট কাটার আগে গন্তব্যের পাশাপাশি সঙ্গীকেও ভালোভাবে বেছে নিন। কারণ সুন্দর জায়গার স্মৃতি যেমন দীর্ঘদিন মনে থাকে, তেমনই ভালো ভ্রমণসঙ্গীর সঙ্গে কাটানো মুহূর্তও হয়ে উঠতে পারে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

সূত্র: মিডিয়াম, ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর