এই শীতে কোথায় ঘুরতে যাবেন তাই নিয়ে ভাবছেন? শীতের এই আগমুহূর্তে পাহাড় ভ্রমণ হতে পারে আপনার মনকে তরতাজা করার একটা মোক্ষম সুযোগ। বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে এক রোলার কোস্টার রাইড উপভোগ করতে চাইলে আপনার গন্তব্যস্থল হতেই পারে বাংলাদেশের পাহাড়ি জেলা বান্দরবান।
বান্দরবান পুরো জায়গাটাই যেন ছবির মতো সুন্দর। পাহাড়ের গা বেয়ে একেকটি এলাকায় যেতে হয়। এমনকি জনবসতি যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলোও পাহাড় কেটেই তৈরি করা।
তবে পুরো বান্দরবান ঘুরে দেখতে গেলে বেশি সময়ের পাশাপাশি বেশি শ্রম এবং অর্থেরও প্রয়োজন। অনেকেই বন্ধুবান্ধব নিয়ে পাহাড়ে ট্র্যাকিং করতে পছন্দ করেন। আবার কেউ কেউ পরিবার নিয়ে গিয়ে ভাবেন অল্প পরিশ্রম করে মোটামুটি বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে পারলেই হলো। কারণ পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে তো আর কেউ পাহাড়ে ট্র্যাকিং করতে যাবে না। পরিবার নিয়ে বান্দরবান ঘুরতে চাইলে আপনার গন্তব্যস্থল হতে পারে বান্দরবানের রুমা উপজেলা, যেখানে রয়েছে মুনলাইপাড়া, বগালেক, কেওক্রাডং, সুংসাংপাড়ার মতো মনোমুগ্ধকর জায়গাগুলো।

সম্প্রতি নিজের ঢাকা থেকে বান্দরবান ২ দিন ১ রাত ঘুরে আসার অভিজ্ঞতা থেকে একটি বাজেট ট্যুরের পরিকল্পনা থাকছে প্রতিবেদনের পরবর্তী অংশে।
আমাদের ভ্রমণ শুরু হয় ঢাকার আরামবাগ থেকে। ‘ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি’র আয়োজনে এই ট্যুরে আমরা সর্বমোট সফরসঙ্গী ছিলাম ১১ জন। সৌদিয়া পরিবহনের নন-এসি বাসে টিকিটের মূল্য ছিল জনপ্রতি ১০০০ টাকা। বাসভেদে এই টিকিটমূল্য কিছুটা এদিক সেদিক হতে পারে। রাত ১১টায় বাসটি আরামবাগ থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। রাত আড়াইটা নাগাদ কুমিল্লায় একটি যাত্রাবিরতি দেয় এবং এরপর আবার চলতে শুরু করে।

বান্দরবান শহরে ঢোকার পথে দুইটি বা তিনটি চেকপোস্ট পড়ে। প্রায় সকাল সাড়ে ৭টা নাগাদ আমরা পৌঁছাই বান্দরবান শহরে। শহরে ঢোকার আগে আগেই আমাদের পূর্বনির্ধারিত চান্দের গাড়ির চালকের সাথে যোগাযোগ করে তাকে জানানো হলে তিনি সময়মতো উপস্থিত হন বান্দরবান বাসস্ট্যান্ডে। তারপর শহরের জাফরান রেস্তোরাঁয় ডিম এবং খিচুড়ি দিয়ে পেটপূজা সেরে বেরিয়ে পড়ি বগালেকের উদ্দেশ্যে।
জায়গাটা রুমা উপজেলার ভেতরে পড়েছে। রুমা যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আপনার মনকে চমৎকৃত করবেই। এর আগে অনেক শহর বা পর্যটনস্থান হয়তো দেখেছেন, কিন্তু বান্দরবানের মতো পাহাড়ি রাস্তা বাংলাদেশে খুব কম জায়গাতেই আছে। পাহাড়ের গা বেয়ে রাস্তা চলে গেছে, খানিকক্ষণ পর পরই রাস্তায় বাঁক এবং ঢালু-খাড়া রাস্তার সংমিশ্রণে এই ভ্রমণ আপনাকে দেবে এক অনবদ্য অভিজ্ঞতা। তবে মোশন সিকনেস থাকলে গাড়িতে ওঠার আগে লেবু নিতে ভুলবেন না।

পথিমধ্যে একাধিক চেকপোস্টের মুখোমুখি হতে হয়। কারণ বাংলাদেশ সেনাবাহিনী সদাসর্বদা এই এলাকা নিজেদের নজরদারিতে রাখে। প্রতিটা চেকপোস্টে যাত্রায় যতজন সফরকারী আছে তাদের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের একটি করে ফটোকপি জমা নেওয়া হয়। কিছু কিছু চেকপোস্টের অবস্থান এমন সুন্দর জায়গায় যে একজন কাগজপত্রের বিষয়টা সামলাতে গেলে বাকিরা গাড়ি থেকে নেমে ছবি তুলতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সেনাবাহিনী বা তাদের চেকপোস্ট লক্ষ্য করে ক্যামেরা ধরবেন না।
রুমায় ঢোকার ঠিক আগে আগে আমাদের সাথে যুক্ত হন আমাদের আগে থেকে ঠিক করে রাখা ট্যুর গাইড। গাইড ভদ্রলোকের বাড়ি রুমাতেই। তিনিই পুরো যাত্রাপথে আমাদের বিভিন্ন দর্শনীয় স্থান ও ভিউপয়েন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন।
রুমা উপজেলায় ঢোকার আগে অবধি মোট ৪টি চেকপোস্টের মুখোমুখি হই আমরা। রুমায় পৌঁছে যাবার পর সেখানে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে সেনাবাহিনীর অনুমতি নিতে হয়। কোন কোন স্থানে ঘুরবেন সেটি জানিয়ে সেই অনুযায়ী অনুমতি নিতে হয়। সেই সাথে যতজন ভ্রমণকারী রয়েছে প্রত্যেককে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

আগে ভ্রমণার্থীরা রুমার ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে লাইন ধরে ভ্রমণের অনুমতি নিত। তবে বর্তমানে বিষয়টি অনলাইনে আনা হয়েছে। অনলাইন আবেদনের মাধ্যমে সেখান থেকে অনুমতি নিয়ে প্রত্যেকের নামে একটি করে ডকুমেন্ট নিয়ে সেগুলো সেনাবাহিনীর হাতে জমা দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
এই স্থান থেকে বগালেকের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার, অন্যদিকে কেওক্রাডংয়ের দূরত্ব ৩১ কিলোমিটার। তবে রুমা ত্যাগ করার পূর্বেই পরিবারের কারও সাথে কথা বলার প্রয়োজন থাকলে তা সেরে ফেলুন। কারণ এরপর সামনের দিকে গেলে কোথায় নেটওয়ার্ক পাবেন তার কোনো ভরসা নেই। বেশিরভাগ স্থানেই নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই ফোন থাকলেও ফোনের চার্জ যাবার সম্ভাবনা কম।
এরপর যাত্রা শুরু হলে আমরা কিছুদূর যাওয়ার পর পরিচ্ছন্নতার জন্য জনপ্রিয় মুনলাইপাড়াতে গাড়ি থামাই। সেখানে পাহাড়ি কলার পাশাপাশি, পেঁপে, আনারস, জাম্বুরার মতো বেশকিছু ফল পাওয়া যায়। এছাড়া মারমাদের নিজেদের হাতে বোনা শাল ও চাদরও পাওয়া যায় এখানে। মন চাইলে আপনি একদফা কেনাকাটাও সেরে ফেলতে পারেন এখানে।
তারপর বাকি চেকপোস্টগুলো পেরিয়ে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা দুপুর নাগাদ পৌঁছে যাই বগালেকে, যেখানে আমাদের আগে থেকেই কটেজ বুক করে রাখা ছিল। ১১ জনের জন্য আমরা নিয়েছিলাম মোট ২টি কক্ষ। এখানে লেকের পাড়ে একাধিক কটেজ রয়েছে। কটেজগুলোর ভাড়া গড়পড়তা ২৫০০-৩০০০ টাকা প্রতি রাত। প্রতিটা রুমে অনায়াসেই ৫-৮ জন থাকতে পারে। আমরা কটেজে জিনিসপত্র রেখে গোসল করতে নেমে পড়ি বগালেকে। বগালেক নিয়ে স্থানীয় আদিবাসীদের মধ্যে অনেক লোকগাঁথা প্রচলিত আছে।
বাংলাদেশের ভূতাত্ত্বিকগণের মতে, আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে উৎপত্তি হয় বগালেকের। এর উৎপত্তি নিয়েও প্রচলিত আছে নানা গল্পকাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত গল্পটি হলো, এক সময় বান্দরবানে একটি চোঙাকৃতির পাহাড় ছিল।
ওই পাহাড়ের কোলে বাস করত ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা সহ আরও বেশ কিছু আদিবাসী সম্প্রদায়। হঠাৎই আদিবাসী গ্রামের গবাদিপশু এমনকি শিশুরাও উধাও হতে থাকে। দুশ্চিন্তায় পড়েন আদিবাসীরা।
খোঁজ নিয়ে দেখা যায়, পশুসহ শিশুদের সর্বশেষ পায়ের ছাপ দেখা যাচ্ছে ওই চোঙা আকৃতির পাহাড়ে। এরপর আদিবাসীরা পাহাড়ের মাথায় উঠে দেখে, সেখানে বসে আছে বিশাল এক ড্রাগন। এই ড্রাগনকেই বলা হত ‘বগা’। স্থানীয়রা তাকে তুষ্ট রাখতে বিভিন্ন প্রাণী উৎসর্গ করতেন।
এক পর্যায়ে খুমি সম্প্রদায়ের ম্রো বংশের মানুষেরা তাকে মেরে ফেলে। এরপরই প্রলয়ঙ্করী এক ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে, পাহাড়ের একাংশ ধসে বসে যায়, গ্রামটি মাটির নিচে তলিয়ে যায় এবং সেখানে বিশাল গর্ত তৈরি হয়ে পানির জাঁতাকলে আজকের এই গভীর বগালেক সৃষ্টি হয়।
এছাড়াও অপর এক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে বগা লেক ছিল একটি সমৃদ্ধ ম্রো গ্রাম। গ্রামের পাশে একটি সুড়ঙ্গে বড় আকারের সাপ থাকত। এক দিন ওই সাপটিকে গ্রামবাসীরা ধরে খেয়ে ফেলে।
ওই সাপ খাওয়ায় নাগরাজার প্রতিশোধের কারণে গ্রামবাসীসহ গ্রামটি দেবে গিয়ে বগা লেকের সৃষ্টি হয়। এখনো অনেক বম, ম্রোর বিশ্বাস, হ্রদের গভীরে থাকা নাগরাজ লেজ নাড়ালে হ্রদের পানি ঘোলাটে হয়ে ওঠে। তবে এসব পৌরাণিক কাহিনি স্থানীয়দের বিশ্বাসের বিষয়।
আমরা সদলবলে সেই লেকে গোসল করি। লেকের পাড়ে গেলেই একটা মজার জিনিস চোখে পড়ে। আপনি হয়তো অনলাইনে তুরস্ক বা থাইল্যান্ডে মাছের মাধ্যমে ফুট স্পায়ের ভিডিও দেখে থাকবেন যেখানে পানিতে পা ডুবিয়ে রাখলে মাছে এসে ত্বকের মৃত কোষগুলো খেতে থাকে।
বগালেকে সরাসরি আমাদের সেই স্পা নেওয়ার সুযোগ হয়। এখানে লেকের স্বচ্ছ পানিতে সবকিছু পরিষ্কার দেখা যায়। লেকের পাড়ে ছোট ছোট মাছ ঘোরাফেরা করে। পানিতে পা ডুবিয়ে বসলে মাছেরা পায়ের মৃত কোষগুলো খেতে থাকে। এমনকি পানিতে নেমে গোসল করা অবস্থায়ও এরা আপনার আশেপাশে এসে ঘোরাফেরা করে। গোসলের সময়ও আপনি এদের উপস্থিতি খুবই স্পষ্টভাবে টের পাবেন।
এরপর লেক থেকে উঠে লেকের পাড়েই খাওয়ার বন্দোবস্ত হয়। বিভিন্ন মূল্যের প্যাকেজ পাওয়া যায় এখানে। দুপুরের খাবারের জন্য খাবারের আইটেম অনুযায়ী ২০০-৪০০ টাকা জনপ্রতি বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায়। তবে একটি বিষয় না উল্লেখ করলেই নয়-এখানে যে আলুভর্তা পাওয়া যায়, তা নিঃসন্দেহে বাংলাদেশের যেকোনো নামিদামি রেস্টুরেন্টের আলুভর্তাকে চ্যালেঞ্জ জানাতে পারে।
বিকেলের দিকে লেকের পাড়ে বসে কাটাতে পারেন বা এদিক সেদিক ঘুরে দেখতে পারেন। সন্ধ্যার ঠিক আগে আগে আমরা সূর্যাস্ত দেখতে চলে যাই কাটা পাহাড়ে। গাইডকে বললে সেই আমাদের নিয়ে যায় সূর্যাস্ত দেখতে। সন্ধ্যার লাল আলোয় আস্তে আস্তে সূর্যের ডুবে যাওয়াটা যেন এক মায়াবী দৃশ্য। লিখে কিংবা বলে এই সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব।
উল্লেখ্য বগালেকের আশেপাশে কোথাও নেটওয়ার্ক না থাকলেও কাটাপাহাড়ের সূর্যাস্ত দেখার স্থানে কিছুটা নেটওয়ার্ক পাওয়া যায়। সুতরাং চাইলে এখান থেকে বাড়িতে ফোন করে কথা বলে নিতে পারেন বা চাইলে ভিডিও কলে কাউকে সূর্যাস্ত দেখাতেও পারেন।
রাতের খাবারেও দুপুরের মতো খাবারের ২০০-৪০০ বিভিন্ন মূল্যের প্যাকেজ রয়েছে। মনমতো বেছে নিতে পারেন আপনার প্যাকেজটি। রাতের খাওয়া শেষে চাইলে সবাই লেকের পাড়ে গিয়ে বসে আড্ডা দিতে পারেন। বান্দরবানের আকাশে সবসময়ই অনেক বেশি তারা দেখা যায়। এত তারা ঢাকার আকাশে কখনওই দেখা যায়না। সফরসঙ্গীদের মধ্যে কেউ যদি গিটার নিয়ে গিয়ে থাকেন তবে রাতে চাইলে কিঞ্চিৎ গান আড্ডাও দিতে পারেন। তবে পরবর্তী দিন সুস্থ দেহে ভালোমতো ঘুরতে চাইলে দ্রুত ঘুমিয়ে পড়ুন।
দ্বিতীয় দিন আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গোসল সেরে বেরিয়ে পড়ি। আবারও পাহাড়ি রাস্তা দেখে মনটা একবার বলে ওঠে, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত?
১০টায় বগালেক থেকে বের হয়ে সাড়ে ১০টা নাগাদ আমরা দার্জিলিংপাড়ায় গিয়ে সেখানেই সকালের খাবার সারি। উল্লেখ্য খাবারের পরিকল্পনা গাইডের সাথে করে ফেলবেন আগে থেকেই। পাশাপাশি একটা বিষয় মাথায় রাখবেন-গাড়ির ড্রাইভার এবং গাইডের খাবারের খরচ ট্যুরিস্টদেরকেই বহন করতে হয়।
দার্জিলিংপাড়া থেকে ব্রেকফাস্ট সেরে আবার আমরা বেরিয়ে পড়ি। পথিমধ্যে বেশকিছু ভিউপয়েন্ট আছে, যেগুলো গাইডই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাবে। প্রতিটা ভিউপয়েন্টে ছবি তুলতে ভুলবেন না। কারণ দিনশেষে এগুলোই আপনার ভ্রমণের স্মৃতি।
মোটামুটি সোয়া ১২ টায় আমরা পৌঁছাই কেওক্রাডং। কেওক্রাডং ঢোকার পথে আবারও পড়ে চেকপোস্ট। তবে কেওক্রাডংয়ের ভিউপয়েন্ট থেকে যা আপনার চোখে পড়বে এমন মনোরম দৃশ্য কোটি টাকা খরচ করেও আপনি ঢাকায় দেখতে পাবেন না।
একপাশে ভারতের সাথে সীমান্ত। আরেকপাশে মায়ানমার সীমান্ত। কিছুটা দূরেই দেখা যায় সুংসাংপাড়া। সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের গায়ে অনেক গাছপালা এবং কিছু স্থানে জনবসতি। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ। কোথাও কোথাও পাহাড়ের গায়ে পড়েছে মেঘের ছায়া। কোথাও কোথাও আবার রোদ যেন পুড়িয়ে দিচ্ছে সবকিছু।
এই স্থানে আমাদের দলের একজনের সাথে ঘটে এক মজার ঘটনা। সবার ফোনের সময় অপরিবর্তিত থাকলেও একজনের ফোনের সময় কিছুক্ষণ পর পরই বদলে যাচ্ছিল। অর্থাৎ একবার দেখাচ্ছিল বাংলাদেশের সময়, কিছুক্ষণ পর আবার দেখাচ্ছিল ভারতীয় সময়। ভাগ্যে থাকলে এমন ঘটনার সাক্ষী হতে পারেন আপনিও। উল্লেখ্য কেওক্রাডংয়ের ভিউপয়েন্টের পাশে একটি হেলিপ্যাডও রয়েছে।
কেওক্রাডং থেকে বেরিয়ে ২ টা বেজে যায় আমাদের সুংসাংপাড়া পৌঁছাতে। তবে কেওক্রাডং থেকে সুংসাংপাড়া অবধি যে পথ, এই পথ বাংলাদেশে দ্বিতীয়টি নেই। এত আঁকাবাঁকা আর খাড়া ঢালু পাহাড়ি রাস্তা বাংলাদেশের আর কোথাও আছে বলে আমার জানা নেই। রাস্তাও যে এত মনোরম হতে পারে তা হয়তো কেওক্রাডং থেকে সুংসাংপাড়া না গেলে জানাই হতো না।
সুংসাংপাড়ায় একটি গির্জা রয়েছে। চাইলে ঘুরে দেখতে পারেন। আমরা সুংসাংপাড়া থেকে হালকা নাশতা সেরে ফেরার উদ্যোগ নিই। মুনলাইপাড়ায় পৌঁছে লাঞ্চ সেরে অনেকে কেনাকাটা করে। কেউ শাল কেনে, কেউ কেনে চাদর। চাইলে আপনিও পরিবারের জন্য কিছু কেনাকাটা করে ফেলতে পারেন। কারণ বান্দরবান শহরে ঢুকলেই এই একই জিনিসের দাম কিছুটা বেড়ে যায়। বান্দরবান শহরেও এসব বার্মিজ পণ্য পাওয়া যায়, তবে সেখানে দাম কিঞ্চিৎ বেশি।
কেনাকাটা শেষে আমরা বান্দরবান শহরে ফেরত আসি। রাত ৯ টায় গাড়ির টিকিট করা ছিল আমাদের আগে থেকেই। আপনিও যদি বাস শিডিউলের আগে বান্দরবান শহরে ঢুকে যান, তাহলে এর মধ্যে রাতের খাবার সেরে বান্দরবানের ট্রাফিক মোড়ের পাশে সাঙ্গু নদীর সেতুর উপর বসে খানিকক্ষণ আড্ডা মারতে পারেন। আমরা ৯টায় বাসে উঠি এবং ঢাকায় নামি আনুমানিক ভোর সাড়ে ৫টায়।

ভ্রমণের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় ‘ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি’র সভাপতি সুদীপ্ত মজুমদার বাঁধনের সঙ্গে। তিনি বলেন, ‘সভাপতি হিসেবে এটি আমার দ্বিতীয় ট্যুর। এর আগে আমরা শ্রীমঙ্গল গেছি। সামনে ডিসেম্বরের ২ থেকে ৬ তারিখ অবধি সেন্ট মার্টিন ট্যুরের ঘোষণা ইতোমধ্যে ‘ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি’র পেইজে দেওয়া হয়েছে। ট্যুরিস্ট সোসাইটির সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বাইরে থেকেও কেউ চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে। ভ্রমণে যেতে পারেন, ইভেন্টের বিস্তারিত জানতে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির ফেসবুক পেইজে নজর রাখুন।
ব্যস্ত কর্মজীবনে একটু সময় নিজের মতো কাটাতে চাইলে একবার পাহাড় ঘুরে দেখতেই পারেন। মনটা তো চনমনে হবেই, সেইসাথে আরও লম্বা সময় কাজের উদ্যম ফিরে পাবেন হয়তো একটা ভ্রমণ থেকেই। পর্যটনস্থান হিসেবে বান্দরবানের মতো সুন্দর স্থান বাংলাদেশে খুব কমই আছে।