1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক রংপুরে ০৪ খুন • ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় যেসব পরিবর্তন প্রোটিন পেতে স্যান্ডউইচে রাখতে পারেন যেসব উপাদান ভালো ভ্রমণসঙ্গীর যেসব গুণ থাকা জরুরি গানের আসরে বাউল শাহ আলম সরকারকে মারধর, যা বললেন চন্দ্রা সরকার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন : চিফ প্রসিকিউটর রয়টার্সের প্রতিবেদন • ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

প্রোটিন পেতে স্যান্ডউইচে রাখতে পারেন যেসব উপাদান

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

স্যান্ডউইচ তৈরি করা সহজ এবং বহন করাও সুবিধাজনক। তবে এর পুষ্টিগুণ নির্ভর করে কী দিয়ে এটি তৈরি করছেন, তার ওপর। বিশেষ করে পুর ও পাউরুটি নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখলে স্যান্ডউইচকে আরও স্বাস্থ্যকর করা সম্ভব।

আবার স্যান্ডউইচ হতে পারে প্রোটিনেরও একটি অন্যতম উৎস। স্যান্ডউইচ থেকে পর্যাপ্ত প্রোটিন পেতে এবং স্যান্ডউইচের পুষ্টিগুণ বাড়াতে এটি বানানোর সময় কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।

স্যান্ডউইচ কি প্রোটিনের স্বাস্থ্যকর উৎস?

স্যান্ডউইচ থেকে ভালো পরিমাণে প্রোটিন পাওয়া সম্ভব। তবে খাবারটি জনপ্রিয় হলেই যে তা সব সময় স্বাস্থ্যকর হবে, এমন নয়। স্যান্ডউইচের পুষ্টিগুণ নির্ভর করে এর উপকরণ ও তৈরির পদ্ধতির ওপর।

উদাহরণ হিসেবে, প্রক্রিয়াজাত মাংস দিয়ে তৈরি স্যান্ডউইচে সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকতে পারে। পনির ও মাখন থেকেও স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট রক্তে এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। অন্যদিকে, বেশি সোডিয়াম গ্রহণ করলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রক্রিয়াজাত মাংস কম খাওয়ার এবং মুরগির মাংস, মাছ, শিম ও মসুর ডালের মতো কম প্রক্রিয়াজাত ও চর্বিহীন প্রোটিনের উৎস বেছে নেওয়ার পরামর্শ দেয়।

কয়েকটি সহজ পরিবর্তনেই পছন্দের স্যান্ডউইচকে আরও পুষ্টিকর করা যায়। যেমন সাদা পাউরুটির বদলে পূর্ণ শস্যের পাউরুটি ব্যবহার করা এবং স্যান্ডউইচে বেশি করে সবজি যোগ করা।

প্রক্রিয়াজাত মাংস ছাড়াও যেসব উপাদানে মিলবে প্রোটিন:

স্যান্ডউইচে প্রোটিন যোগ করার একমাত্র উপায় প্রক্রিয়াজাত মাংস নয়। তাজা ও কম প্রক্রিয়াজাত অনেক খাবারেই প্রোটিনের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। যেমন-

গ্রিল বা রোস্ট করা মুরগির মাংস: আগে থেকে রান্না করা মুরগির বুকের মাংসের সঙ্গে লেটুস পাতা, টমেটো ও অ্যাভোকাডো দিয়ে তৈরি করা যায় প্রোটিনসমৃদ্ধ স্যান্ডউইচ।

টুনা বা স্যামন মাছ: মেয়োনিজের পরিবর্তে সাধারণ গ্রিক ইয়োগার্টের সঙ্গে কৌটাজাত মাছ মিশিয়ে স্যান্ডউইচের পুর তৈরি করা যায়। এতে প্রোটিনও পাওয়া যাবে। স্যামন মাছে হৃদযন্ত্রের জন্য উপকারী ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও রয়েছে।

ডিম: গ্রিক ইয়োগার্ট, সরিষাবাটা ও কুচি করা সেলারি দিয়ে ডিমের সালাদ তৈরি করে স্যান্ডউইচ বানানো যায়। এ ছাড়া সেদ্ধ ডিম কেটে পূর্ণ শস্যের পাউরুটির মাঝেও দেওয়া যেতে পারে।

হুমাস ও ছোলা: পূর্ণ শস্যের পাউরুটিতে হুমাস বা ভর্তা করা ছোলা মেখে তার সঙ্গে পালংশাক ও কাটা সবজি যোগ করা যায়। উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি এতে আঁশও পাওয়া যাবে।

বাদামের মাখন: পূর্ণ শস্যের পাউরুটিতে চিনাবাদাম বা কাঠবাদামের মাখন লাগিয়ে তার সঙ্গে কলা বা বিভিন্ন বেরি ফলের টুকরা যোগ করা যায়। এতে উদ্ভিজ্জ প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও আঁশ পাওয়া যাবে।

স্যান্ডউইচের পুষ্টিগুণ বাড়াতে আঁশসমৃদ্ধ পূর্ণ শস্যের পাউরুটি বেছে নেওয়া ভালো। পাশাপাশি পালংশাক, টমেটো ও শসার মতো সবজি বেশি করে যোগ করা যেতে পারে। পাউরুটি, পনির, সস ও প্যাকেটজাত পুর কেনার সময় পণ্যের পুষ্টি উপাদানের তালিকা দেখে নেওয়াও জরুরি। এতে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ এড়ানো সহজ হবে।

সূত্র: ভেরিওয়েল হেলথ

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর