পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দেরিতে মজুরি বোর্ড গঠন করায় আন্দোলন-সংগ্রামের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, ছয় মাস আগে কিংবা আরও কয়েক মাস আগে মজুরি বোর্ড গঠন করা হলে শ্রমিকদের আন্দোলন এড়ানো সম্ভব হতো। একই সঙ্গে শ্রমিকদের মানবিক জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে নাজনীন আহমেদ বলেন, পোশাক খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আন্দোলন চলছে। বেতনের অঙ্ক নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা না করে বেতন কীভাবে নির্ধারণ করা উচিত, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। বেতনের সংখ্যা ঘিরে যাতে অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে আলোচনা হওয়া উচিত।
তিনি বলেন, এবার পোশাকশ্রমিকদের ওয়েজ বোর্ড গঠন হয়েছে বড় ধরনের অসন্তোষ ও আন্দোলনের পর। ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য পর্যালোচনায় পাঁচ থেকে ছয় মাস সময় নেওয়া উচিত। ডিসেম্বরে নতুন মজুরি ঘোষণার কথা থাকলেও মজুরি বোর্ড গঠন হয়েছে দেরিতে। ছয় মাস আগে বা আরও কয়েক মাস আগে বোর্ড গঠন করা হলে এই আন্দোলন-সংগ্রাম এড়ানো সম্ভব হতো। আগে মজুরি বোর্ডের ঘোষণা এলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।
নাজনীন আহমেদ বলেন, ন্যূনতম মানবিক জীবনযাপনের জন্য একজন পোশাকশ্রমিকের মাসিক মজুরি ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন। সিপিডি তিনটি পদ্ধতিতে মজুরি নির্ধারণের হিসাব করেছে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনা করা।
সিপিডির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাকশ্রমিকদের সর্বনিম্ন গ্রেডের ১২ হাজার ৫০০ টাকা মজুরি মূল্যস্ফীতির কারণে প্রকৃত ক্রয়ক্ষমতা হারিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ব্যবহার করে সংস্থাটি হিসাব করেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মূল্যস্তর বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ। ফলে আগের মজুরির ক্রয়ক্ষমতা ধরে রাখতে বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন।
মজুরি নির্ধারণের দ্বিতীয় পদ্ধতিতে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখার হিসাব করেছে সিপিডি। বিবিএসের ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপের তথ্য এবং পরবর্তী মূল্যস্ফীতি সমন্বয় করে ঢাকার শহরাঞ্চলে মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৩৮ টাকা। সে হিসাবে চার সদস্যের একটি পরিবারের মাসিক প্রয়োজন ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারের গড় উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন ধরে প্রত্যেক উপার্জনকারীর জন্য প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
তৃতীয় পদ্ধতিতে একটি পরিবারের মৌলিক কিন্তু মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় হিসাব করা হয়েছে। এতে চার সদস্যের পরিবারের মাসিক খাদ্যব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, খাদ্যবহির্ভূত প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে মাসিক ব্যয় দাঁড়ায় ৩৬ হাজার ৪২১ টাকা।
জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য অতিরিক্ত ৫ শতাংশ যুক্ত করে পরিবারের মোট মাসিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ২৪৩ টাকা। পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে প্রত্যেকের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। এই তিন হিসাবের ভিত্তিতে নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি।
প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের প্রকৃত পারিবারিক অবস্থা, পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম সদস্যের সংখ্যা নির্ধারণে নির্ভরযোগ্য ও প্রতিনিধিত্বশীল জরিপ নেই। বিভিন্ন গবেষণায় পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৬ থেকে ৪ দশমিক ২ এবং উপার্জনক্ষম সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১ পাওয়া গেছে। এসব তথ্যের মধ্যক বিবেচনায় নিয়ে সিপিডি চার সদস্যের পরিবার এবং ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে হিসাব করেছে।
সিপিডির মতে, বর্তমানে দেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া মূলত দর-কষাকষিনির্ভর। প্রথমে শ্রমিকরা মজুরির দাবি জানান, পরে মালিকপক্ষ পাল্টা প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত মজুরি বোর্ড দুই পক্ষের দাবির মাঝামাঝি একটি অঙ্ক নির্ধারণ করে। এতে প্রকৃত জীবনযাত্রার ব্যয় কিংবা শিল্পের আর্থিক সক্ষমতার যথাযথ প্রতিফলন ঘটে না।
প্রতিবেদনে বলা হয়, শ্রম আইনের ১৪১ ধারায় ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, জীবনমান, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, পণ্যের মূল্য, মূল্যস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি, ব্যবসার সক্ষমতা এবং দেশের আর্থসামাজিক অবস্থাসহ ১১টি বিষয় বিবেচনার কথা রয়েছে। তবে এসব বিষয় কীভাবে পরিমাপ করা হবে এবং কোন সূচককে কতটা গুরুত্ব দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পদ্ধতি নেই।
মজুরি বোর্ডের কাছে বর্তমানে শ্রমিকদের দাবি থাকলেও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের সদস্যসংখ্যা কিংবা উপার্জনক্ষম সদস্যের সংখ্যা নিয়ে বড় পরিসরের জরিপ নেই। একইভাবে শিল্পের উৎপাদন ব্যয়, রপ্তানি মূল্য, উৎপাদনশীলতা ও কারখানাভিত্তিক মুনাফার সক্ষমতা মূল্যায়নের জন্যও পর্যাপ্ত তথ্য নেই। ফলে স্বাধীন ও সাম্প্রতিক তথ্য-উপাত্ত ছাড়াই মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিতে হচ্ছে বোর্ডকে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের সক্ষমতা নিয়ে বড় পরিসরে জরিপ করার সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, পরিবারের সদস্যসংখ্যা এবং উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা বিবেচনায় নিতে হবে। পাশাপাশি কারখানার উৎপাদনশীলতা, উৎপাদন ব্যয়, রপ্তানি আয়, পণ্যের দাম, অর্ডার, প্রতিযোগী দেশের মজুরি এবং সরকারি প্রণোদনার তথ্যও বিশ্লেষণ করতে হবে।
সংস্থাটি জানায়, সিপিডির সঙ্গে আলোচনায় পোশাক কারখানার মালিক ও শিল্প প্রতিনিধিরা বলেছেন, শ্রমিকদের মজুরি বাড়ানো প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে সহনীয় গতিতে তা বাড়ানো উচিত। তাদের মতে, গ্যাস-বিদ্যুৎ সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, তুলার দাম বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের গড় মূল্য কমে যাওয়ায় কারখানাগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে। উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে।
মালিকপক্ষ মজুরি নির্ধারণে বার্ষিক ও সূত্রভিত্তিক পদ্ধতি, দক্ষতা ও উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত মজুরি কাঠামো এবং ছোট ও সংকটে থাকা কারখানাগুলোর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তার প্রস্তাব দিয়েছে। তাদের মতে, শুধু ন্যূনতম মজুরি নয়, বার্ষিক ইনক্রিমেন্ট, ওভারটাইম, উপস্থিতি বোনাস ও অন্যান্য ভাতাও সামগ্রিক পারিশ্রমিকের হিসাবের মধ্যে রাখতে হবে।
অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা মজুরি নির্ধারণে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যয় বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন। নন-ওয়েজ সুবিধা বা অন্যান্য সুযোগ-সুবিধাকে মূল মজুরির বিকল্প হিসেবে দেখার বিরোধিতা করেছেন তারা। পাশাপাশি স্পষ্ট বেতন কাঠামো, গ্রেডভিত্তিক ব্যবধান, বার্ষিক মূল্যস্ফীতি সমন্বয় এবং মজুরি বোর্ডের নিয়মিত কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডের জন্য ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার, চতুর্থ গ্রেডে ৩২ হাজার এবং নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব জমা দেয়নি।
গত অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর প্রথম সভায় নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্ত হয়, যা ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে দেওয়ার কথা। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ প্রস্তাব দিলেও মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার সভা পিছিয়ে যায়। ১৬ নভেম্বর তৃতীয় সভা স্থগিত করে ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।