1. admin@businessdigestbd.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

যেসব স্টেশনে যাত্রাবিরতি করবে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। বিকল্প হিসেবে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে একজোড়া ট্রেন চালু করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) থেকে ২০০০৩ ও ২০০০৪ নম্বরের ট্রেন দুটি খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। এর আগে ট্রেনটি খুলনা, নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা জংশন হয়ে ঢাকায় চলাচল করত।

দুই পথে বিকল্প ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।

সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ বা রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনের কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই থাকবে। খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রেন দুটির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, শনিবার থেকে বিকল্প রুটে খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু হবে। সকাল ৮টায় ট্রেন খুলনা ছেড়ে যাবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ নির্দেশনার ফলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে গেল। এতে ওই দুই স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর