ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান। গত ২৩ নভেম্বর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে তাকে কোথায় থেকে ধরা হয়েছে সে বিষয়টি জানা যায়নি।
এর আগে, এসআরবি-১১ থেকে আবুল হাসান নামে পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তবে, রাকিবুল হাসানকে কী কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।