চলতি বছরের প্রথম ১০ মাসে পুলিশের ওপর প্রায় অর্ধ সহস্র হামলার ঘটনা ঘটেছে। আগের দুই বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা কিছুটা কম হলেও বাহিনীর সদস্যদের আক্রান্ত হওয়ার ঘটনা থেমে নেই। সেই সঙ্গে আছে জনবল, সরঞ্জাম ও প্রশিক্ষণে ঘাটতি। রয়েছে আস্থা ফেরানোর পাশাপাশি সংস্কারের তাগিদও। সব মিলিয়ে পুলিশের নিরাপত্তা এবং মনোবল নিয়ে উদ্বেগ কাটছে না।
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশের মধ্যে যে সংস্কার ও শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন ছিল, তা হয়নি। একই সঙ্গে বাহিনীটিকে আবার ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে, যা পুলিশকে ফের ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলছে। তবে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি, তাদের সদস্যদের ওপর হামলার সংখ্যা কিছুটা কমে আসা প্রমাণ করে, মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা ফিরছে। আর মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে সংগঠনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
১০ মাসে ৪৮৪টি হামলা:
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ৪৮৪টি ঘটনা ঘটেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারি মাসে ৪২টি, ফেব্রুয়ারিতে ৪২টি, মার্চে ৬৩টি, এপ্রিলে ৬৬টি, মে মাসে ৫৫টি, জুনে ৪৯টি, জুলাইয়ে ৪২টি, আগস্টে ৪১টি, সেপ্টেম্বরে ৪০টি ও অক্টোবরে ৪৪টি হামলা হয়েছে। তবে তা আগের দুই বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হামলা হয়েছিল ৫৩১টি এবং ২০২৪ সালে সেটি ছিল ৫৫০টি।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সময় নজিরবিহীন অস্থিতিশীলতা তৈরি হয়। বিশেষ করে জুলাইয়ে এক মাসেই ১৭০টি হামলার ঘটনা ঘটেছিল।
কয়েকটি আলোচিত ঘটনা:
ঢাকার সাভারের আমিনবাজারে গত ৫ সেপ্টেম্বর রাতে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। সড়কে অটোরিকশা রাখা নিয়ে নিজ বাসার কাছে তিনি হামলার শিকার হন।
গত ১৬ জুন রাজধানীর আদাবরে পুলিশের অভিযানকালে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে জখম হন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও এসআই তরুণ। পাশের মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় ২৩ জুলাই রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন এসআই মো. ওসমান গনি। কিশোরগঞ্জের ভৈরবে ১৭ সেপ্টেম্বর ভোরে ছিনতাইকারীদের আক্রমণের শিকার হন ওসি মো. মাহবুবুর রহমান ও এসআই মো. আশিক।
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৫ মার্চ রাতে থানায় ঢুকে ওসিসহ আট পুলিশ সদস্যকে মারধর করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে ২২ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
অতীতে হত্যাকাণ্ড বা নিপীড়নের সঙ্গে জড়িত থাকার কারণে পুলিশের ওপর মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা রাজনৈতিকভাবে মোকাবিলা ও সমাধান করা হয়নি। বর্তমান নির্বাচিত সরকারও পরিস্থিতির সঠিক সমাধান করতে পারছে না।- সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া
চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান এলাকায় ২৫ জুলাই রাতে মাদক কারবারিকে গ্রেফতার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ সাত পুলিশ সদস্য আহত হন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫ আগস্ট বিকেলে পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। নেত্রকোনার দুর্গাপুরে ৪ জুলাই রাতে মাদক কারবারিদের হামলার শিকার হন জেলা ডিবি পুলিশের পাঁচ সদস্য।
জামালপুরের মেলান্দহে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশের চার সদস্য। নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১১ আগস্ট জমিসংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে হামলায় পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
‘লাঠিয়াল হিসেবে ব্যবহার পুলিশকে ঝুঁকিতে ফেলছে’
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, পুলিশ সদস্যরা সরকারি কর্মচারী হওয়ার পাশাপাশি দেশের নাগরিকও। বিদ্যমান আইনে কোনো নাগরিকের বেআইনিভাবে আঘাত পাওয়া থেকে যেমন সুরক্ষার অধিকার রয়েছে, তেমনি সরকারি কাজে বাধা বা আক্রমণের ক্ষেত্রে দণ্ডবিধিতে আলাদা অপরাধ ও শাস্তির বিধান আছে। তবে আইন কেবল আইনের মতো করে চলে না, এটি রাজনীতির সঙ্গে যুক্ত।
২০২৪ সালের আগে ও পরে পুলিশের যে সংস্কার প্রয়োজন ছিল, তা হয়নি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিষয়টি ঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছে। পুলিশের ভেতরে যারা নিরপরাধ ও কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না, তাদের আলাদা করা এবং শুদ্ধি অভিযান চালানো জরুরি ছিল। অতীতে হত্যাকাণ্ড বা নিপীড়নের সঙ্গে জড়িত থাকার কারণে পুলিশের ওপর মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা রাজনৈতিকভাবে মোকাবিলা ও সমাধান করা হয়নি। বর্তমান নির্বাচিত সরকারও পরিস্থিতির সঠিক সমাধান করতে পারছে না।
জ্যোতির্ময় বড়ুয়া জানান, একটি পক্ষে পুলিশকে রাজনৈতিকভাবে বা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে, যা তাদের আবারও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলছে এবং সরকারের জন্যও এটি ভালো পরিণতি বয়ে আনবে না। আগস্টের কয়েক দিন পুলিশ না থাকা বা নিষ্ক্রিয় থাকার সময় দেশে চরম অরাজকতা তৈরি হয়েছিল, তাতে স্পষ্ট যে পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না। তাই পুলিশকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রেখে যেমন ক্ষমতার অপব্যবহার বা অত্যাচার বন্ধ করা প্রয়োজন, তেমনি পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
এই আইনজীবীর মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের ওপর হামলার পরিস্থিতি কাটাতে আইন প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। তাহলেই এমন হামলা প্রতিরোধ সম্ভব হবে।
‘কিছু সুযোগসন্ধানী ও অপরাধী সুযোগ নিচ্ছে’
এ নিয়ে কথা হলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গত ১৭ বছর পুলিশকে রাষ্ট্রের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল, তাতে মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল। তবে সাম্প্রতিক সময়ে পুলিশ গুলি করে মানুষ না মারায় ও স্বাধীনভাবে কাজ করতে পারায় জনগণের আস্থা আস্তে আস্তে ফিরে আসছে। বর্তমান সরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং জনগণ সেবা পাচ্ছে।
হামলার বিষয়ে তিনি বলেন, ‘মাঠপর্যায়ে হামলার ঘটনাগুলোর বেশির ভাগই ঘটছে মবকেন্দ্রিক, নাশকতাকারী বা নিষিদ্ধঘোষিত সংগঠনের লোকজনের দ্বারা। পাশাপাশি পুলিশ আগের মতো গুলি করে মানুষ মারবে না—এই বিষয়টি বুঝে অপরাধ দমনের সময় কিছু সুযোগসন্ধানী ও অপরাধী সুযোগ নিচ্ছে।

চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান এলাকায় ২৫ জুলাই কিশোর গ্যাংয়ের হামলায় আহত পুলিশ সদস্য/ফাইল ছবি
শামীমা পারভীন জানান, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে এবং বিভ্রান্তি দূর করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভা আয়োজন করছে এবং কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত সব পর্যায়ের সদস্যদের সঙ্গে অ্যাসোসিয়েশন সমন্বয় ও যোগাযোগ রাখছে। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় আইনের মধ্যে থেকে কাজ করবে—এই বার্তাই দেওয়া হচ্ছে।
বাহিনীর কার্যক্রম নিয়েও কথা বলেন ঢাকা জেলার পুলিশ সুপার। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় কিছুটা ধীরগতির কথা স্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে কাউকে দোষারোপ করা ঠিক নয়। বিপুলসংখ্যক মামলা, জনবলের সংকট ও পুলিশের বৈচিত্র্যময় কাজের চাপে অনেক সময় দ্রুত তদন্ত শেষ করা বা আদালতের শুনানির তারিখ পেতে দেরি হয়। তবে সবার সদিচ্ছা রয়েছে এবং কাজ চলমান আছে।
তিনি জানান, সাইবার বা প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাম্প্রতিক মব সহিংসতার মতো নতুন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশের প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের ঘাটতি রয়েছে। প্রাণঘাতী নয় (নন-লেথাল), কিন্তু আধুনিক সরঞ্জাম বাড়ানো গেলে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।
‘হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’
পুলিশের ওপর হামলার ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (গণমাধ্যম ও জনসংযোগ) বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের সতর্কতা, পেশাদারত্ব ও সমন্বয় বাড়ানোর নির্দেশনা রয়েছে।
এআইজি কামারুম সতর্ক করে দেন যে, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মনোবল বাড়াতে চলছে নিয়মিত প্রশিক্ষণ:
গত ১৫ অক্টোবর জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে পুলিশের মনোবল ফেরানোর বিষয়টি আলোচনায় আসে। এসময় কমিটির সদস্য আব্দুল বাতেন বলেন, গণঅভ্যুত্থানের সময় পুলিশের অবকাঠামো ও যানবাহনের ক্ষতির পাশাপাশি সদস্যদের মনোবল ও মানসিক অবস্থার ওপরও বড় প্রভাব পড়েছে। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে বিশেষ প্রশিক্ষণ এবং বাজেটে আলাদা বরাদ্দ রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, পুলিশের মনোবল বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ চলছে। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে মবের কারণে পুলিশকে দায়িত্ব পালনে বিভিন্ন বাধা ও বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে থানায় পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র সচিব।