1. admin@businessdigestbd.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গোপালগঞ্জ এবং গাজীপুরসহ দেশের ৯টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এসব তথ্য জানান।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে ব্লক ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা অপসারণ করেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে

এ ছাড়া চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন আনসার সদস্যরা।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টও নিয়োজিত রয়েছেন।

বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ—এই ৯ জেলায় মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪টি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুটি করে প্লাটুন মোতায়েন রয়েছে।

এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান মো. নাজমুস সাকিব।

তিনি আরও জানান, দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর