দেশের সবচেয়ে পুরনো মাধ্যমিক বিদ্যালয়গুলোর একটি ঢাকা কলেজিয়েট স্কুল। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স প্রায় ২০০ বছর। অথচ ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতেই শিক্ষক সংকট প্রকট। প্রধান শিক্ষকসহ অনুমোদিত ৫৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩২ জন। শূন্য রয়েছে ২১টি পদ, যা মোট পদের প্রায় ৪০ শতাংশ। ফলে কোনো শিক্ষক ছুটিতে থাকলে সব শাখার পাঠদান স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে। শুধু ঢাকা কলেজিয়েট স্কুল নয়, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বড় একটি অংশই ভুগছে একই সংকটে। সব মিলিয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদ খালি রয়েছে ৮৮ হাজারের বেশি।
শিক্ষক সংকটের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যাও কমছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী কমেছে ১৫ লাখের বেশি। উচ্চ মাধ্যমিক পর্যায়েও বাড়ছে খালি আসনের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট ও শিক্ষার্থীস্বল্পতা দূর করার পরিবর্তে নতুন করে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের ৩০০ সংসদীয় আসনে দুটি করে এসব প্রতিষ্ঠান নির্মাণে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। এর ৭০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার ৮৮০ কোটি টাকাই সংগ্রহ করা হবে বিদেশী ঋণ থেকে।
শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষার্থীস্বল্পতা নিরসন না করে নতুন প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ শিক্ষা খাতের সংকট আরো বাড়াতে পারে। অতীতেও বিভিন্ন সময়ে মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু সব প্রতিষ্ঠান প্রত্যাশিত শিক্ষার মান অর্জন করতে পারেনি। অনেক ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ হলেও শিক্ষক সংকট, দুর্বল ব্যবস্থাপনা ও মানসম্মত পাঠদানের অভাবে সেগুলো উল্টো বোঝায় পরিণত হয়। ফলে নতুন প্রকল্প গ্রহণের আগে পুরনো উদ্যোগগুলোর সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, ‘দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষক সংকট ও শিক্ষার্থীস্বল্পতার মতো সমস্যা রয়েছে। এ অবস্থায় নতুন প্রতিষ্ঠান নির্মাণের পরিবর্তে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করাই বেশি কার্যকর ও যৌক্তিক হতো।
ঋণের অর্থে এমন মেগা প্রকল্প গ্রহণের অর্থনৈতিক যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এ অধ্যাপক। তিনি বলেন, ‘প্রকল্পের বড় একটি অংশ যদি ঋণের অর্থে বাস্তবায়ন করা হয়, তাহলে তা ভবিষ্যতে দেশের অর্থনীতির ওপর ঋণের বোঝা আরো বাড়াবে। বিশেষ করে শিক্ষার মতো খাতে অবকাঠামো নির্মাণের বিনিয়োগ থেকে প্রত্যাশিত সুফল পেতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। অন্যদিকে ঋণের অর্থ পরিশোধের দায় তৈরি হয় অনেক আগেই। ফলে নতুন প্রতিষ্ঠান নির্মাণের এ উদ্যোগ সরকারের নিজস্ব নীতি ও বক্তব্যের সঙ্গেও সাংঘর্ষিক।
মাউশির প্রস্তাব অনুযায়ী, দেশের ৩০০ সংসদীয় আসনে একটি বালক ও একটি বালিকা স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ১ হাজার থেকে ১ হাজার ১০০ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ থাকবে। প্রতি শ্রেণীতে থাকবে তিন-চারটি শাখা। প্রতিটি শাখায় শিক্ষার্থী থাকবে ৩৮ থেকে ৪০ জন। প্রতিটি প্রতিষ্ঠানে ৪৫ জন করে মোট ২৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। শিক্ষক ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, পরীক্ষাগার ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট জনবল, গ্রন্থাগারিক, নার্স, পুষ্টি ও খাবার ব্যবস্থাপনা কর্মী, হোস্টেল তত্ত্বাবধায়ক এবং নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া হবে।
প্রকল্পের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য তিন একর করে মোট ১ হাজার ৮০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে নির্মাণ করা হবে ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবন ও একটি হোস্টেল। থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাব, ইংরেজি ও জাপানিজসহ বিভিন্ন ভাষা শিক্ষার ল্যাব, খেলার মাঠ, ইনডোর গেমস এবং সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা। পাশাপাশি ই-লাইব্রেরি ও ডিজিটাল লার্নিং সুবিধা রাখার পরিকল্পনাও রয়েছে। জাপানের আদলে শিক্ষার্থীদের জন্য স্কুলভিত্তিক খাবার ও পুষ্টি শিক্ষার ব্যবস্থাও থাকবে। পাঁচ বছরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প শুরুর আগে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
‘এস্টাবলিশমেন্ট অব ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ ইন সিলেক্টেড এরিয়াজ অব বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে ৪৭ হাজার ৮৮০ কোটি বা ৭০ শতাংশ আসবে আটটি বিদেশী উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ থেকে। সংস্থাগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনেস্কো ও ইউনিসেফ। বাকি ২০ হাজার ৫২০ কোটি টাকা জোগান দেয়ার কথা সরকারের নিজস্ব তহবিল থেকে।
তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আগে মাউশি একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল। যাচাই-বাছাই শেষে সেটি ফেরত দেয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে সংশোধিত প্রস্তাব জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।
জানা গেছে, প্রকল্পের নথিতে সংসদীয় আসনভিত্তিক সমানসংখ্যক প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা থাকলেও কোন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি, জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা ও স্থানীয় চাহিদা বিবেচনায় তা নির্বাচন করা হবে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই। পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের কথা বলা হলেও সৌরবিদ্যুৎ, বৃক্ষরোপণ, বৃষ্টির পানি সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা বরাদ্দের উল্লেখ নেই।
সংসদ সদস্যরা এরই মধ্যে নিজ নিজ এলাকায় দুটি করে মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের পক্ষে ডিও লেটার দিয়েছেন বলে জানা গেছে। এ কারণে দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা শেষ করে প্রকল্পটি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত করতে চায় মাউশি। সংসদ সদস্যদের চাহিদার এ প্রকল্পকে অগ্রাধিকার দিতে আগ্রহী পরিকল্পনা কমিশনও। তবে প্রস্তাবিত বিদেশী অর্থায়ন নিশ্চিত হওয়া নিয়ে এখনো সংশয় রয়েছে।
প্রকল্পের বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব (শিক্ষা উইং) রাহনুমা নাহিদ বলেন, ‘প্রকল্পটি অনুমোদনের আগে সম্ভাব্যতা সমীক্ষা করতে বলা হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা প্রাথমিক একটি প্রস্তাব দিয়েছিল। সেটি যাচাই-বাছাই করে ফেরত পাঠানো হয়েছে। সমীক্ষা শেষ হলে তা সবুজ পাতায় যুক্ত হবে। এখানে ঋণের বিষয়টিও রয়েছে। সবকিছু পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য পাঠানো হবে।
এদিকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় বর্তমানে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে গত বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ খালি। মাউশির তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৬৬, সহকারী প্রধান শিক্ষকের ৭৫ ও সহকারী শিক্ষকের ৩৭ শতাংশ পদে কোনো জনবল নেই।
শুধু মাধ্যমিক বিদ্যালয় নয়, সরকারি কলেজগুলোয়ও শিক্ষক সংকট প্রকট। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোয় শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৯৫। আন্তর্জাতিক মানদণ্ডে এ অনুপাত থাকার কথা ১:২০। অর্থাৎ একজন শিক্ষক মানদণ্ডের তুলনায় চার গুণেরও বেশি শিক্ষার্থীকে পড়াতে হচ্ছে।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যার ধারাবাহিক পতনও নতুন প্রতিষ্ঠান নির্মাণের যৌক্তিকতাকে প্রশ্নের মুখে ফেলছে। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ছিল ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার ১০০ জন। সাত বছরের ব্যবধানে ২০২৫ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৮৬ লাখ ৩৮ হাজার ৪১৬-এ। মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের মতে, নামমাত্র শিক্ষার্থী নিয়ে পরিচালিত বিদ্যালয়ের সংখ্যাও ক্রমে বাড়ছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়েও একই প্রবণতা। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর কলেজ পর্যায়ে অর্ধেকের বেশি আসন খালি। সারা দেশে একাদশ শ্রেণীতে কলেজ ও মাদরাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। বিপরীতে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬২ হাজার আসন খালি থাকবে।
এ পরিস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগকে ‘প্রকল্প আসক্তি’ হিসেবে অভিহিত করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষক হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘আমি এ বিষয়টিকে প্রকল্প আসক্তি বলব। শুধু শিক্ষা নয়, সব মন্ত্রণালয়েই একই অবস্থা। শিক্ষার ক্ষেত্রে আমাদের সবার মনেই এর মান নিয়ে শঙ্কা রয়েছে। মডেল স্কুলের প্রয়োজন আছে, কিন্তু বর্তমানে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোই শিক্ষক সংকটের কারণে ঠিকমতো পরিচালিত হতে পারছে না। অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। এ পরিস্থিতিতে সবার আগে প্রয়োজন বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সংকট দূর করা।
তিনি আরো বলেন, ‘এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিসংখ্যান। আমাদের সঠিক পরিসংখ্যান প্রয়োজন। সে পরিসংখ্যানের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে নতুন প্রতিষ্ঠান দরকার কিনা। সঠিক তথ্য ও চাহিদা বিশ্লেষণ ছাড়া প্রকল্প নেয়া হলে তা থেকে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না।
শিক্ষা খাতে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বিদেশী ঋণের ওপর সরকারের নির্ভরতা নিয়ে উদ্বেগ রয়েছে অর্থনীতিবিদদের। কেননা গত কয়েক বছরে বিদেশী ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি সুদাসলে পরিশোধের দায়ও বেড়েছে। এ অবস্থায় বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা না বাড়িয়ে নতুন অবকাঠামো নির্মাণে বিপুল ঋণ গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, ‘যেসব এলাকায় বিদ্যালয়ে পৌঁছানোই বড় বাধা, সেখানে নতুন স্কুল নির্মাণের যৌক্তিকতা থাকতে পারে। তবে বিদ্যমান বিদ্যালয়গুলোয় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, তদারকি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতেই যখন হিমশিম খেতে হচ্ছে, তখন একসঙ্গে এতগুলো নতুন বিদ্যালয় চালু সে সংকট আরো বাড়াতে পারে। ব্যবস্থার সক্ষমতা তৈরির আগেই তার ওপর বাড়তি দায়িত্ব চাপানো শিক্ষা সংকট নিরসনের কোনো টেকসই রূপরেখা হতে পারে না।

সরকারের মাধ্যমিক শিক্ষা পরিকল্পনা প্রমাণভিত্তিকভাবে নির্ধারণ করা দরকার বলে জানিয়ে তিনি বলেন, ‘কোন উদ্যোগে কোন সমস্যার সমাধান হবে এবং তার ফল কীভাবে পরিমাপ করা হবে, সে অনুযায়ী পরিকল্পনা নিতে হবে। অগ্রাধিকার হওয়া উচিত, যেখানে শিক্ষক প্রয়োজন সেখানে শূন্যপদ পূরণ, পাঠদানে শিক্ষকদের সহায়তা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি নিয়মিত চিহ্নিত করে তা পূরণের ব্যবস্থা করা।
বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট নিরসনের পাশাপাশি নতুন প্রতিষ্ঠান স্থাপনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। প্রতিটি উপজেলায় মানসম্মত সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে বিদ্যমান বিদ্যালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যালয় জাতীয়করণ ও নতুন বিদ্যালয় স্থাপনের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। শিক্ষক সংকট নিরসনেও সরকার কাজ করছে বলে তারা জানান।
এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘সরকারি বিদ্যালয়ে এরই মধ্যে ৭০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পিএসসির মাধ্যমে বিসিএস নন-ক্যাডার থেকেও দ্রুত আরো শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে বিশেষ বিসিএসের চিন্তাভাবনা চলছে। এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগও নেয়া হয়েছে। নতুন শিক্ষক নিয়োগের পাশাপাশি চলছে শিক্ষকদের প্রশিক্ষণ, বিদ্যমান বিদ্যালয়গুলোয় খেলাধুলা, সহশিক্ষামূলক কার্যক্রম ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ। আশা করছি, আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যমান সংকটগুলোর ক্রমেই সমাধান সম্ভব হবে।