1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক রংপুরে ০৪ খুন • ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় যেসব পরিবর্তন প্রোটিন পেতে স্যান্ডউইচে রাখতে পারেন যেসব উপাদান ভালো ভ্রমণসঙ্গীর যেসব গুণ থাকা জরুরি গানের আসরে বাউল শাহ আলম সরকারকে মারধর, যা বললেন চন্দ্রা সরকার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন : চিফ প্রসিকিউটর রয়টার্সের প্রতিবেদন • ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। সাক্ষীদের জবানবন্দি ও মামলার বিভিন্ন তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে যেসব অভিযোগ ও সাক্ষ্য পাওয়া গেছে, তা অত্যন্ত গুরুতর। তার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি পৃথিবীর ইতিহাসে বিরল। বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে তিনি কাজ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তৎকালীন সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে মামলার সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে জিয়াউল আহসান শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করতেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন জিয়াউল। এমনকি তৎকালীন সেনাপ্রধানও তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।

১১৫ জনের বেশি হত্যার তথ্য সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে:

জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যার অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী, তার সরাসরি সম্পৃক্ততায় ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। অন্য সাক্ষীদের বর্ণনা পর্যালোচনা করে বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার তথ্য পাওয়া গেছে। তবে এর মধ্যে ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মামলার সাক্ষীরা জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরেছেন।

জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেলের কর্মকাণ্ডের বিষয়েও সাক্ষীদের বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, সোহেল তার অনুগত কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে নৌকায় করে চরদুয়ানীসহ বিভিন্ন অভিযানে যেতেন। পরে ওই সাংবাদিকরা নিজেদের মতো করে সংবাদ প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা আড়াল করতেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে।

এ ছাড়া তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যেও জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে।

অভিযোগের পরও পদোন্নতি, দীর্ঘদিন র‍্যাবে দায়িত্ব:

চিফ প্রসিকিউটর বলেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও জিয়াউল আহসান একের পর এক পদোন্নতি পেয়েছেন এবং মেজর জেনারেল হয়েছেন। নিজ বাহিনীতে ফিরে না গিয়ে দীর্ঘদিন তৎকালীন র‍্যাবে দায়িত্ব পালন করেন। এ সময় শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, তৎকালীন সেনাপ্রধানও সাক্ষ্যে জানিয়েছেন জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে তিনি কাজ করেছেন বলে সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে। এ ছাড়া জিয়াউল আহসান ‘ডিপ টেস্ট’-এর অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম।

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে প্রথম যুক্তিতর্ক:

মামলার গুরুত্ব তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের মামলার মধ্য দিয়েই গুমের ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এসব বিষয়ে প্রত্যক্ষভাবে অবগত ছিলেন। এ কারণে তাদের কয়েকজনকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রয়েছে।

মামলার বিচারিক প্রক্রিয়া:

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়েছে। মামলায় তিনি একমাত্র আসামি।

গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন সম্পন্ন হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি মামলাসংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি।

সাক্ষ্যগ্রহণের সব কার্যক্রম শেষ হওয়ার পর আজ ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সময়ে রায়ের তারিখ নির্ধারণ করবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর