কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল ক্রোম খুললেই কি সেই চেনা সাদা ব্যাকগ্রাউন্ড আর একই রকম হোম স্ক্রিন দেখতে দেখতে বিরক্ত? চাইলে নিজের পছন্দের ছবি, রং কিংবা নকশায় সাজিয়ে নিতে পারেন ব্রাউজারটি। এর জন্য আলাদা কোনো অ্যাপ বা এক্সটেনশন ইনস্টল করারও প্রয়োজন নেই। ক্রোম-এর মধ্যেই রয়েছে বেশ কিছু কাস্টমাইজেশন সুবিধা।
প্রতিদিন কাজের প্রয়োজনে বহুবার ব্রাউজার খুলতে হয়। তাই ব্রাউজারের চেহারায় নিজের পছন্দের ছোঁয়া থাকলে ব্যবহারেও আসতে পারে নতুনত্ব। গুগল ক্রোমে কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করেই নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ড বদলানো, পছন্দের থিম ব্যবহার এবং প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি দেখার ব্যবস্থা করা যায়।
নিজের পছন্দের ছবি সেট করবেন যেভাবে:
গুগল ক্রোমর নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি ব্যবহার করতে প্রথমে কম্পিউটারে ব্রাউজারটি খুলুন। এরপর একটি নতুন ট্যাব চালু করুন। নতুন ট্যাবের স্ক্রিনের নিচের ডান দিকে থাকা ‘কাস্টমাইজ ক্রোম’ অপশনে ক্লিক করুন।
এরপর ‘অ্যাপেয়ারেন্স’ বিভাগে গিয়ে ‘চেঞ্জ থিম’ নির্বাচন করুন। নিজের কম্পিউটারে থাকা ছবি ব্যবহার করতে চাইলে ‘আপলোড অ্যান ইমেজ’ অপশনে ক্লিক করুন। এবার পছন্দের ছবিটি নির্বাচন করলেই সেটি ক্রোমের নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে।
বেছে নিন পছন্দের থিম:
নিজের ছবি ব্যবহার করতে না চাইলে ক্রোমের তৈরি বিভিন্ন থিম থেকেও পছন্দমতো একটি বেছে নিতে পারেন। এখানে প্রকৃতি, স্থাপত্য, পৃথিবী, নকশা, ইলাস্ট্রেশন ও বিভিন্ন রঙের গ্রেডিয়েন্টসহ একাধিক বিভাগের থিম রয়েছে।
এ জন্য ‘কাস্টমাইজ ক্রোম’-এ গিয়ে ‘চেঞ্জ থিম’ অপশনে প্রবেশ করুন। এরপর পছন্দের বিভাগ থেকে একটি থিম নির্বাচন করলেই ব্রাউজারের নতুন ট্যাবের চেহারা বদলে যাবে।
প্রতিদিন বদলে যাবে ব্যাকগ্রাউন্ড:
একই ছবি বা থিম প্রতিদিন দেখতে ভালো না লাগলে ক্রোমের দৈনিক থিম পরিবর্তনের সুবিধা ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে পছন্দের কোনও থিম কালেকশন নির্বাচন করুন। এরপর সেখানে ‘রিফ্রেশ ডেইলি’ অপশনটি চালু করে দিন।এই সেটিংস চালু থাকলে নির্বাচিত কালেকশনের ছবি বা থিম প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। ফলে প্রতিবার নতুন ট্যাব খুললে ব্রাউজারে নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন।
ক্রোম খুললেই নতুন ট্যাব চালু হবে:
ব্রাউজার চালু করার সঙ্গে সঙ্গেই নতুন ট্যাব দেখতে চাইলে সেটিও সেট করা যায়। এজন্য ক্রোমের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘সেটিংস’-এ যান। এরপর ‘অন স্টার্টআপ’ বিভাগে প্রবেশ করুন। সেখানে ‘ওপেন দ্য নিউ ট্যাব পেজ’ নির্বাচন করুন।
এছাড়াও ব্রাউজারের উপরে হোম বাটন রাখতে চাইলে ‘অ্যাপেয়ারেন্স’ বিভাগে গিয়ে ‘শো হোম বাটন’ অপশনটি চালু করুন। চাইলে এই বাটনে ক্লিক করলে নতুন ট্যাব খুলবে, এমন ব্যবস্থা করতে পারেন। আবার নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ঠিকানাও হোমপেজ হিসেবে সেট করা সম্ভব।
তবে মনে রাখতে হবে, এসব পরিবর্তন মূলত ক্রোমের নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ড ও ব্রাউজার চালুর আচরণকে প্রভাবিত করে। পুরো ব্রাউজারের সব ওয়েবপেজের চেহারা বদলে যায় না। কয়েকটি সহজ সেটিংসেই অবশ্য প্রতিদিনের পরিচিত ব্রাউজারকে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়া সম্ভব।