বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ায় সময় কাটে সবচেয়ে বেশি। সারাক্ষণ ইনস্টাগ্রামে রিলস দেখেন, অবসর পেলেই একের পর এক ভিডিও স্ক্রল করতে থাকেন? কিন্তু এটা কিন্তু শুধু সময়ের অপচয় নয়, আপনার এই অভ্যাসই হতে পারে আয়ের উৎস।
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের একটি প্রতিষ্ঠান এমন একজন কর্মী নিয়োগ দিতে চাইছে, যার প্রধান দায়িত্ব হবে সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখা এবং কোন ভিডিও বা কনটেন্ট ভাইরাল হচ্ছে, তা খুঁজে বের করে প্রতিষ্ঠানকে জানানো।প্রতিষ্ঠানটির নাম ইনফ্লুইশ। দীপাবলি উপলক্ষে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তারা এই ব্যতিক্রমী নিয়োগের ঘোষণা দিয়েছে। ভিডিওতে প্রতিষ্ঠানের এক কর্মী জানান, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের সেই আগ্রহকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের সুযোগ দিতে চায় তারা।
ভিডিওতে ওই কর্মী বলেন, ‘ইনস্টাগ্রামে দীর্ঘ সময় কাটাতে যাদের ভালো লাগে, তাদেরই খুঁজছে প্রতিষ্ঠানটি। প্রার্থীর কাজ হবে নিয়মিত রিলস দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠা কনটেন্ট শনাক্ত করা এবং সেসব বিষয়ে সংশ্লিষ্টদের তথ্য দেওয়া।’ অর্থাৎ সারাদিন স্ক্রল করলেও সেটি হবে চাকরিরই অংশ।
কীভাবে আবেদন করবেন?
এই চাকরিতে আগ্রহীদের জন্য আবেদনপ্রক্রিয়াও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটির মন্তব্যের ঘরে ‘হাই’ লিখতে বলা হয়েছে। উদয়পুরে বসবাসকারী আগ্রহীদের সরাসরি বার্তার মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে।
এ ছাড়া ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’ অ্যাকাউন্টে গিয়ে বায়োতে দেওয়া গুগল ফরমের লিংক থেকেও আবেদন করা যাবে। ফরমে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দেওয়ার পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপে আগ্রহী, তা জানাতে হবে।
আবেদনকারীদের আরও উল্লেখ করতে হবে, তারা কোন পদে কাজ করতে চান, বর্তমানে তাদের বেতন কত এবং নতুন চাকরিতে কত বেতন প্রত্যাশা করছেন। ফরম জমা দেওয়ার আগে নিজের জীবনবৃত্তান্ত বা সিভিও আপলোড করতে হবে। আবেদনগুলো যাচাই করে উপযুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
চাকরির খবরে নেটদুনিয়ায় তোলপাড়:
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নিয়োগের খবর প্রকাশের পর ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।
ব্যতিক্রমী এই চাকরির ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই সুযোগটিকে নিজেদের স্বপ্নের চাকরি বলে মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এমন কাজের জন্যই এত দিন অপেক্ষা করছিলেন। আবার একজন মজা করে প্রতিষ্ঠানটির কাছে নিয়োগের আবেদন জানিয়ে লিখেছেন, সুযোগ পেলে তিনি সেরা কর্মীর পুরস্কারও জিতে নিতে পারবেন।
সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোকে সময়ের অপচয় হিসেবে দেখা হয়। তবে ইনফ্লুইশের এই নিয়োগের ঘোষণা দেখাচ্ছে, ডিজিটাল দুনিয়ায় মানুষের সেই অভ্যাসও কখনো কখনো কাজের দক্ষতা হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: এনডিটিভি