1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

গুগল সার্চের ফল আরও নির্ভুল করার ৪ কৌশল

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

গুগল সার্চে এআই দিয়ে তৈরি সারসংক্ষেপ এখন নিয়মিত দেখা যায়। ক্রোমের বদলে অন্য ব্রাউজার ব্যবহার করলেও এগুলো এড়ানো কঠিন। এসব সারসংক্ষেপ প্রচলিত সার্চ ফলাফলকে নিচে সরিয়ে দেয়। ফলে কখনো ওয়েবসাইটে প্রবেশ না করেই তথ্য পাওয়া যায়।

তবে এআই সারসংক্ষেপে ভুল, পুরোনো বা মনগড়া তথ্য থাকতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যও বাদ পড়তে পারে। তাই সঠিক তথ্য পেতে উদ্ধৃতিচিহ্ন, সার্চ অপারেটর ও বিপরীত চিত্র অনুসন্ধানের মতো কৌশল ব্যবহার করা যায়। চাইলে সার্চ ফলাফল থেকে এআই সারসংক্ষেপ আড়ালও করা সম্ভব।

নির্দিষ্ট ফল পেতে দুই পাশে উদ্ধৃতিচিহ্ন ব্যবহার করুন:

গুগলে কোনো শব্দ বা বাক্যাংশের দুই পাশে উদ্ধৃতিচিহ্ন (“ ”) দিলে হুবহু মিল থাকা ফলাফল পাওয়া যায়। যেমন-Arthur James Pendleton লিখে সার্চ করলে তিনটি শব্দ থাকা বিভিন্ন পৃষ্ঠা আসতে পারে, যেখানে শব্দগুলোর ক্রম আলাদা। এতে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেতে সময় লাগে।

অন্যদিকে “Arthur James Pendleton” লিখে সার্চ করলে একই ক্রমে পুরো নামটি রয়েছে এমন ফলাফল দেখাবে। এতে অপ্রাসঙ্গিক ফলাফল কমে আসে। কোনো উদ্ধৃতির লেখক, নির্দিষ্ট বাক্যাংশ বা তথ্যের মূল উৎস খুঁজে বের করতেও এই কৌশল কার্যকর।

সার্চের ফল বাছাইয়ে অপারেটর ব্যবহার করুন:

সার্চ অপারেটর হলো কিছু নির্দিষ্ট শব্দ ও প্রতীক, যা দিয়ে গুগলে অনুসন্ধানের ফল সীমিত করা যায়। কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেটর হলো-

* AND: দুটি শব্দই রয়েছে, এমন পৃষ্ঠা খুঁজে দেয়। যেমন, Python AND JavaScript।

* OR: দুটি শব্দের যেকোনো একটি রয়েছে, এমন ফলাফল দেখায়। AND ও OR লেখার সময় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়।

* মাইনাস (-): নির্দিষ্ট শব্দ-সম্পর্কিত ফলাফল বাদ দিতে ব্যবহার হয়। যেমন, Sunny destination for holiday -mexico লিখলে ছুটিতে ঘোরার জায়গার তালিকায় মেক্সিকো-সম্পর্কিত ফলাফল বাদ দেওয়ার চেষ্টা করবে গুগল।

* site: নির্দিষ্ট ওয়েবসাইটে অনুসন্ধান করতে কাজে লাগে। যেমন, site:bgr.com “iPhone 18 Pro” লিখলে বিজিআরের ওই ফোনসংক্রান্ত প্রতিবেদন খুঁজে পাওয়া যাবে।

* intitle: ওয়েবপৃষ্ঠার শিরোনামে নির্দিষ্ট শব্দ রয়েছে, এমন ফলাফল খুঁজে দেয়। যেমন, site:bgr.com intitle:”iPhone 18 Pro” লিখলে বিজিআরের যেসব পৃষ্ঠার শিরোনামে ‘iPhone 18 Pro’ রয়েছে, সেগুলো পাওয়া যাবে।

একাধিক অপারেটর একসঙ্গে ব্যবহার করেও অনুসন্ধানের ফল আরও নির্দিষ্ট করা যায়। যেমন-site:bgr.com “iPhone 18” AND “accessories” -charger লিখলে চার্জার-সম্পর্কিত ফলাফল বাদ দিয়ে আইফোন ১৮-এর আনুষঙ্গিক পণ্যসংক্রান্ত প্রতিবেদন খোঁজা যাবে।

ছবি দিয়ে সার্চ করুন:

কোনো বস্তু, ভবন, ফুল বা প্রাণীর পরিচয় জানতে শুধু ছবি থাকলেই গুগল লেন্সের মাধ্যমে বিপরীত চিত্র অনুসন্ধান বা রিভার্স ইমেজ সার্চ করতে পারেন। তবে ছবিটি গুগলের সার্চ সূচিতে না থাকলে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে।

কম্পিউটারে যেভাবে সার্চ করবেন-
গুগলের হোমপেজে গিয়ে ক্যামেরার আইকনযুক্ত ‘Search by Image’ অপশনে ক্লিক করুন।
ছবি আপলোড করুন অথবা ছবির লিংক পেস্ট করুন।
এরপর ‘Search’ অপশনে ক্লিক করুন।

মোবাইলে যেভাবে সার্চ করবেন-
ক্রোম ব্রাউজার বা গুগল অ্যাপ খুলুন।
‘Search by Image’ অপশনে ট্যাপ করুন।
ক্যামেরা দিয়ে ছবি তুলুন অথবা গ্যালারি থেকে ছবি বেছে নিন।

এ ছাড়া, ক্রোমে কোনো ছবির ওপর কম্পিউটারে ডান ক্লিক বা মোবাইলে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর ‘Search This Image with Google Lens’ বা ‘Search Image with Google’ নির্বাচন করলেই সরাসরি ছবিটি দিয়ে সার্চ করতে পারবেন।

গুগল সার্চ এআই সারসংক্ষেপ আড়াল করুন:

গুগলের প্রচলিত সার্চ ফলাফল দেখতে চাইলে এআই সারসংক্ষেপ এড়ানোর কয়েকটি উপায় রয়েছে। একটি উপায় হলো, সার্চের শব্দগুলোর আগে-ai লেখা। এতে এআই-সম্পর্কিত ফলাফল বাদ পড়তে পারে। তবে এআই সারসংক্ষেপ পুরোপুরি বন্ধ হওয়ার নিশ্চয়তা নেই।

আরেকটি উপায় হলো, গুগলের ‘Web’ ট্যাবে সরাসরি নিয়ে যায় এমন কাস্টম ফিল্টার তৈরি করা। এই ট্যাবে এআই সারসংক্ষেপ দেখা যায় না। এছাড়া প্রয়োজনমতো এআই সারসংক্ষেপ আড়াল করতে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করতে পারেন।

ক্রোম ও ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারে ‘Hide Google AI Overviews’ এক্সটেনশন ইনস্টল করলে সার্চ ফলাফল থেকে এআই সারসংক্ষেপ ও এআই মোড ট্যাব আড়াল হবে। পরে আবার এআই সুবিধা ব্যবহার করতে চাইলে ব্রাউজারের টুলবারে এক্সটেনশনটির ওপর ডান ক্লিক করে ‘Manage Extension’ নির্বাচন করুন। এরপর এক্সটেনশনটি বন্ধ করে দিন।

সূত্র: বিজিআর

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর