দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অসংখ্য নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। তবে এত দীর্ঘ অভিনয়জীবনেও বড় পর্দায় দেখা যায়নি তাকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘যাত্রা বিরতি’।
কাজী আসাদ পরিচালিত সিনেমাটিতে সুমাইয়া শিমুর সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এর আগে টেলিভিশন নাটকে বহুবার একসঙ্গে অভিনয় করেছেন তারা। তবে এবারই প্রথম চলচ্চিত্রে জুটি হয়ে পর্দায় আসছেন দুজন।
সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘আমার দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের জন্য অনেক কাজ করেছি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। তবে সিনেমায় অভিনয় করা হয়নি। বেশ কয়েকবার প্রস্তাবও পেয়েছি। কিন্তু কখনো গল্প, কখনো অন্য কোনো কারণে কাজগুলো করা হয়নি। এরপর যখন ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য হাতে পাওয়ার পর মনে হয়েছে, এই গল্পটির সঙ্গে যুক্ত হওয়া যায়। গল্পটি পড়েই ভালো লেগেছে। চরিত্রটিও পছন্দ হয়েছে। তাই এবার আর না করিনি।
সুমাইয়া শিমু বলেন, ‘আমার কাছে কাজের ক্ষেত্রে গল্প সব সময় গুরুত্বপূর্ণ। অভিনয়ের প্রস্তাব পেলেই কাজ করতে হবে, এমনটা কখনো ভাবিনি। একটি গল্প আমাকে কতটা আকৃষ্ট করছে, সেখানে আমার অভিনয়ের সুযোগ কেমন এসব বিষয় বিবেচনা করি। ‘যাত্রা বিরতি’র ক্ষেত্রেও সেটাই বিবেচনা করেছি। সিনেমার চিত্রনাট্য পড়েই মনে হয়েছে, গল্পটি দর্শকের কাছে পৌঁছানো দরকার। এই সিনেমার গল্প ও চরিত্র দুটিই আমাকে আগ্রহী করেছে। সে কারণেই দীর্ঘদিন পর সিনেমায় কাজ করতে রাজি হয়েছি।’
এদিকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বর্তমানে বরিশালে অবস্থান করছেন সুমাইয়া শিমু। ১৯ নভেম্বর শুরু হয়েছে ‘যাত্রা বিরতি’র দৃশ্যধারণ। বরিশালে কয়েক দিন শুটিংয়ের পর সিনেমার ইউনিট যাবে কুয়াকাটায়। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলার কথা রয়েছে। এরপর ঢাকায় ফিরবেন শিল্পীরা।