পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ওপর বর্ণবাদী হামলা, বিদ্বেষমূলক প্রচারণা ও কর্মক্ষেত্রে শোষণের ঘটনা বাড়ছে। দেশটিতে ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করেন। তাদের বড় অংশের বাস রাজধানী লিসবন ও আশপাশের এলাকায়।
পর্তুগালের অভিবাসন, সংহতি ও আশ্রয়বিষয়ক সংস্থা (আইমা) ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম রিপোর্ট ২০২৫’-এ জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৫৫ হাজার ৫৭৯ জন বাংলাদেশি নাগরিক বসবাস করছিলেন।
এই পরিসংখ্যানে নিয়মিত ব্যক্তিদের পাশাপাশি নিয়মিতকরণ প্রক্রিয়াধীন এবং বিশেষ আইনি ব্যবস্থার আওতায় বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যেসব অনিয়মিত অভিবাসীর বৈধ বসবাসের অনুমতি বা চলমান নিয়মিতকরণ আবেদন নেই, তারা এই হিসাবের আওতায় পড়েননি।
পর্তুগিজ ভাষাভাষী নন – এমন অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশিরা অন্যতম বড় গোষ্ঠী। তবে দেশজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব ও সহিংসতা বাড়তে থাকায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে উগ্র ডানপন্থি রাজনৈতিক দল শেগা এবং অভিবাসনবিরোধী বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বাংলাদেশিরা। বিভিন্ন মানবিক সংস্থা সহায়তা করলেও কর্মক্ষেত্রে শোষণ ও বর্ণবাদী আচরণের কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লিসবনের বাইশা এলাকার বেনফরমোসো সড়ক। প্রায় ৪০০ মিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৮০টিরও বেশি স্যুভেনিরের দোকান, মুদিদোকান ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠান। এলাকাটি এখন অনেকের কাছে ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত। এখানে বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের জীবনযাত্রার মিশ্রণ দেখা যায়।
দোকানের কাউন্টারে ক্রীড়া সংবাদপত্র, দেয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি আর হাতে পর্তুগালের জনপ্রিয় ব্র্যান্ড ডেল্টার কফি – সব মিলিয়ে এলাকাটির নিজস্ব পরিবেশ তৈরি হয়েছে।
তবে গত কয়েক মাসে সেই পরিবেশে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশি কমিউনিটি ক্রমবর্ধমান বর্ণবাদী হামলা ও বিদ্বেষমূলক প্রচারণার শিকার হচ্ছে। দীর্ঘ কর্মঘণ্টা ও কঠিন জীবনযাপনের কারণে অনেকের মধ্যে ক্লান্তি ও হতাশা দেখা যাচ্ছে।
বেনফরমোসো সড়কের বাংলাদেশি ব্যবসায়ী রাফি শারহান ইনফোমাইগ্রেন্টসকে বলেন, বিভিন্ন দিক থেকে পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে।
তিনি বলেন, ‘২০১৭ সালে পর্তুগালে আসার পর থেকে আমাদের কমিউনিটির জন্য এটিই সবচেয়ে কঠিন সময়। মানুষ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অসহায় বোধ করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নাগরিকদের কেউ হামলার শিকার হচ্ছেন, কেউ অসাধু নিয়োগকর্তার মাধ্যমে শোষিত হচ্ছেন। পাশাপাশি উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রচারণাও আমাদের লক্ষ্য করে চালানো হচ্ছে। সব মিলিয়ে আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছি।’
পর্তুগালের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, আবাসন সংকট ও মূল্যস্ফীতির কারণে পুরো সমাজেই একধরনের উত্তেজনা বিরাজ করছে। আগামী কয়েক মাসের পরিস্থিতি নিয়েও তিনি উদ্বিগ্ন।
পর্তুগালে অভিবাসন আইন কঠোর করা, ভিসা নবায়নের জন্য অপেক্ষার সময় বৃদ্ধি এবং উগ্র ডানপন্থি দল শেগার বাংলাদেশিবিরোধী প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সম্প্রতি রাজধানী লিসবনের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছে দলটি। পোস্টারে লেখা ছিল, ‘ইস্তো নাও এ ও বাংলাদেশ’ – এর অর্থ, ‘এটি বাংলাদেশ নয়’।
পর্তুগিজ রেড ক্রসের লুইস সুসা বলেন, ‘অভিবাসীদের জন্য এটি অত্যন্ত কঠিন সময়। বাংলাদেশি কমিউনিটি সব দিক থেকেই নিজেদের লক্ষ্যবস্তু মনে করছে। অনেকটা বলির পাঁঠা বানানো হচ্ছে তাদের।’
দেশটিতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বসবাসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কমিউনিটির সদস্যরা নানা ধরনের চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
২০০০ সালের শুরুর দিকে বাংলাদেশি অভিবাসীদের প্রথম বড় একটি দল পর্তুগালে আসতে শুরু করে। তাদের অনেকে স্থানীয় ছোট ব্যবসা, ব্যক্তিগত সেবামূলক কাজ ও পরিচ্ছন্নতা খাতে যুক্ত হন।
পরবর্তী সময়ে নতুন অভিবাসীদের আগমন বাড়তে থাকে। বিশেষ করে ২০১৭ সালের পর বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বর্তমানে তারা পণ্য সরবরাহ, নির্মাণকাজ, বনাঞ্চল ব্যবস্থাপনা ও কৃষিসহ বিভিন্ন খাতে কাজ করছেন।
প্রায় প্রতি গ্রীষ্মেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় পর্তুগাল। দেশটির বনাঞ্চল ব্যবস্থাপনা ও কৃষি খাতেও এখন বাংলাদেশি অভিবাসীদের একটি অংশ কাজ করছেন। তবে উন্নত জীবনের আশায় পর্তুগালে আসা অনেক বাংলাদেশির প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশি নাগরিকদের সহায়তায় কাজ করা লিসবনভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ এম পর্তুগাল’-এর সদস্য তাহো রিহার বলেন, ‘উন্নত জীবনের আশায় এখানে আসা আমাদের দেশের অধিকাংশ মানুষের জীবন এখন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘অনেকের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের কর্মক্ষেত্রে শোষণ করা হচ্ছে। আবার অনেকে অত্যন্ত নাজুক পরিবেশে বসবাস করছেন। অস্বাস্থ্যকর ও অপর্যাপ্ত বাসস্থানে গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেককে। তাদের মধ্যে হতাশা এখন স্পষ্ট।’
বাংলাদেশি অভিবাসীদের সহায়তায় কিছু সংগঠন কাজ করছে বলে জানিয়েছেন তাহো রিহার। এর মধ্যে পর্তুগিজ রেড ক্রস এবং কয়েকটি গির্জার নাম উল্লেখ করেন তিনি। এছাড়া অভিবাসীদের সঙ্গে প্রতারণা ও শোষণের ঘটনায় পুলিশও কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি।
তবে এসব উদ্যোগ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। তার মতে, অভিযোগের নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ হওয়ায় অনেক অভিবাসী হতাশ হয়ে পড়ছেন।
তাহো রিহার বলেন, ‘কিছু মানুষ সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়েছেন। আমাদের কমিউনিটিতে আত্মহত্যার ঘটনাও ঘটেছে, যা সাধারণত অত্যন্ত বিরল।’
বাংলাদেশি অভিবাসীদের জীবনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে উগ্র ডানপন্থি গোষ্ঠীর সদস্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের তৎপরতা। বিশেষ করে লিসবনের মার্তিম মুনিজ এলাকায় তাদের আনাগোনা বেড়েছে। এই এলাকায় বাংলাদেশি কমিউনিটির বড় একটি অংশ বসবাস করেন।
তাহো রিহার বলেন, ‘এখানে মারামারি, উসকানিমূলক আচরণ এবং ভিডিও ও ছবি ধারণের মতো ঘটনা ঘটছে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি খারাপ করতে চান। তারা এলাকাটিকে এবং এখানকার কমিউনিটিকে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করছেন।’
তিনি সম্প্রতি বর্ণবাদী ইনফ্লুয়েন্সার আফোনসো গনসালভেস ও তার কয়েকজন সহযোগীর একটি ঘটনার কথা উল্লেখ করেন।
তাহো রিহার জানান, সম্প্রতি তারা বেনফরমোসো সড়কের একটি আবাসিক ভবনের খোলা বারান্দায় গিয়ে বাংলাদেশিদের গালিগালাজ করেন এবং নিজ দেশে ফিরে যেতে বলেন।
তিনি বলেন, ‘তাদের ধারণ করা ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেছেন। এমনকি জাতীয় গণমাধ্যমেও সেটি প্রচার করা হয়েছে। এসব ঘটনা কমিউনিটির মধ্যে আরও বেশি উত্তেজনা তৈরি করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বাংলাদেশি কমিউনিটিকে লক্ষ্য করে হামলা ও শোষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পর্তুগিজ বিচারিক পুলিশও।
এ বিষয়ে কাজ করা বিচারিক পুলিশের এক পরিদর্শক, যার নাম প্রতিবেদনে ছদ্মনাম হিসেবে উল্লেখ করা হয়েছে, মনে করেন পর্তুগালে বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
তিনি বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি অভিবাসীদের শোষণ ও তাদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বছরে এ ধরনের ২০টিরও কম অভিযোগ নথিভুক্ত হতো। কিন্তু বর্তমানে প্রতি মাসে ১০০টিরও বেশি ঘটনা নথিভুক্ত হচ্ছে।
তিনি বলেন, ‘অনেকে তাদের পরিস্থিতি জানাতে আমাদের কাছে আসছেন। কেউ অভিযোগ করছেন, নিয়োগকর্তা তাদের পাসপোর্ট নিয়ে নিয়েছেন, আবার কাউকে কয়েক মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। অন্যদিকে, কিছু মানুষ অভিবাসীদের উসকানি দিতে বা গালিগালাজ করতে আসছেন। এর ফলে মারামারির ঘটনাও ঘটছে। পরিস্থিতি বেশ উদ্বেগজনক।’
বাংলাদেশি অভিবাসীরা উগ্র ডানপন্থি গোষ্ঠী ও অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা ব্যক্তিদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বলে সতর্ক করেন তিনি। তার মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্তুগাল সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘শুধু পর্তুগিজ নাগরিক নন বলে মানুষ হামলা বা শোষণের শিকার হবেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত জীবনের ২০ বছরেরও বেশি সময়ে আমি পরিস্থিতিকে কখনো এতটা ভয়াবহ হতে দেখিনি।’
সূত্র: ইনফোমাইগ্রেন্টস