1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এখনো আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, কারণ ও প্রতিকারের উপায় কী? হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভ্রমণপিপাসুদের কাছে নতুন আকর্ষণ, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক : ২৪১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা শিপনের ৩ দিনের রিমান্ড ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি সেঞ্চুরিয়ন টেস্ট • ৪০৩ রান পিছিয়ে থেকে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

চার বছর ধরে হেলে আছে সেতু। হয়নি সংস্কার, হয়নি নতুন সেতু। তাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সরু সাঁকো দিয়েই পার হতে হচ্ছে ৯ গ্রামের হাজার হাজার মানুষকে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের চিত্র এটি। ইউসুফ মিয়ার বাড়ি সংলগ্ন খালের ওপর ২০০০ সালে নির্মিত সেতুটি ২০২২ সালে গোড়া থেকে মাটি সরে পশ্চিম দিকে হেলে পড়ে। সেই থেকে দুই পাড়ের সংযোগ বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গেছে যান চলাচল।

কৃষকের ফসল আনা, অসুস্থ রোগী নেওয়া, স্কুলে যাওয়া সবকিছুতেই এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো।

সরেজমিনে দেখা যায়, সরু বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নারী-পুরুষ ও শিশুরা। একটু পা পিছলে গেলেই খালে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা। তারপরও বাধ্য হয়ে এই পথেই চলাচল করতে হচ্ছে। এই সেতু দিয়ে হোসেন্দী ইউনিয়নের নাজিরচর, কবরস্থান ও চকের বাড়িসহ গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী, দক্ষিণ ফুলদী, সোনাইর কান্দী, নাগেরচর, প্রধানেরচর, আমিরাবাদ, ভৈরবদী, রামদী ও পানশালের চর এলাকার মানুষ যাতায়াত করতেন। এখন সবার ভোগান্তি চরমে।

স্থানীয় বাসিন্দা জসিম বলেন, চার বছর আগে সেতুটি হেলে পড়েছে। দুই ইউনিয়নের অন্তত নয়টি গ্রামের মানুষকে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কৃষকেরা জমির ফসল বাড়িতে আনতে ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত নতুন সেতু চাই।

আকলিমা বেগম বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে শিশুরা এই বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যায়। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাই।

হোসেন্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আলী মোল্লা বলেন, খাল খননের কারণে ধীরে ধীরে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে এটি হেলে পড়ে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। বিভিন্ন সভায় বিষয়টি তুলে ধরেও সমাধান মেলেনি।

এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, সেতুটি যেভাবে হেলে পড়েছে, তাতে এটি আর সংস্কার করা সম্ভব নয়। ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।

এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয়, দ্রুত নতুন সেতু নির্মাণ করে ৯ গ্রামের মানুষের এই দীর্ঘ ভোগান্তির অবসান করা হোক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর