1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভ্রমণপিপাসুদের কাছে নতুন আকর্ষণ, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক : ২৪১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা শিপনের ৩ দিনের রিমান্ড ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি সেঞ্চুরিয়ন টেস্ট • ৪০৩ রান পিছিয়ে থেকে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

জেলা প্রতিনিধি | ফেনী |
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই নারী নেত্রীকে ওসির বাসায় যেতে বলা, মামলা, দুই লাখ টাকা ও গ্রেপ্তার-পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন শোনা যায়।

গতকাল মঙ্গলবার রাতে ওসির সঙ্গে ওই নারীর এমন কথোপকথনের দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ ঘটনায় আজ বুধবার ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।

ওই নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় ওই নারী নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়।

অডিওর অন্য অংশে ওই নারী নেত্রী তাঁর বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। অন্যদিকে ওসি তাঁকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসি বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেন ওসি।

গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ করেছেন। এসব অভিযোগের প্রতিকার দাবি করেন তিনি।

অন্যদিকে, অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম বলেন, দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের কল রেকর্ডের বিষয়টি তাঁদের নজরে এসেছে। এগুলো তাঁর কথোপকথন কিনা, সে বিষয়ে ফ্যাক্ট চেকিং তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক কারণে ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর