1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় অসময়ে যমুনার ভাঙন, দুশ্চিন্তায় নদীতীরের বাসিন্দারা ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বাজার ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বয়স বাড়লেও কমেনি গ্ল্যামার, জমকালো সাজে নজর কাড়লেন পূর্ণিমা নীতিমালা জারি • স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি, চিকিৎসার বাইরে অর্ধেকের বেশি মাথা কামিয়ে ফেললেন অভিনেত্রী, কী চমক দেখাবেন তিনি? ‘খেলনা বন্দুক’ নয়, বাংলাদেশের পেস এখন ভয়ংকর অস্ত্র : আফ্রিকার প্রধান কোচ শুকরি বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত তাবাসসুম জ্যোতি সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না : ট্রাম্প

গাইবান্ধায় অসময়ে যমুনার ভাঙন, দুশ্চিন্তায় নদীতীরের বাসিন্দারা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এ ভাঙনে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা। বিশেষ করে নদীঘেঁষা বসতবাড়ির পরিবারগুলো রয়েছে চরম ঝুঁকিতে। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর মৌজার শেষ সীমানার বানিয়াপাড়া এবং মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় গিয়ে ভাঙনের চিত্র দেখা যায়। নদীর তীর সংরক্ষণে ফেলা জিওব্যাগগুলো ধসে পড়ছে নদীগর্ভে। নদীতে পানি না থাকলেও স্রোতের গতি বেশ লক্ষণীয়। এ সময় খেয়াঘাট এলাকায় বালুভর্তি কিছু জিওব্যাগ মজুত করে রাখতেও দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০ দিন আগে থেকেই এলাকায় ভাঙন শুরু হয়েছে। তবে গত ৭ নভেম্বর ভোরে মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় হঠাৎ ভাঙনের তীব্রতা বেড়ে যায়। মাত্র এক ঘণ্টার ভাঙনে তীর রক্ষায় ফেলা জিওব্যাগসহ অন্তত ২০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। একইভাবে কাটাদ্বারা থেকে কিছুটা দক্ষিণে বানিয়াপাড়ায়ও গত এক সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত রয়েছে।

তারা জানান, পানি কমার সঙ্গে সঙ্গে হাজিরহাট থেকে কেতকিরহাট পর্যন্ত কয়েকটি পয়েন্টে যমুনার ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাদের দাবি, কাটাদ্বারা খেয়াঘাটে ভাঙনের তীব্রতা দেখা দেওয়ার দিন কিছু জিওব্যাগ ফেলা হলেও পরবর্তী সময়ে আর কোনো তৎপরতা চোখে পড়েনি। এতে নদীতীরবর্তী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বাড়ছে।

স্থানীয় সচেতন নাগরিকদের আশঙ্কা, এই ভাঙন অব্যহত থাকলে, এখনই হয়তো দু-চারটি পরিবারের বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে আগামীতে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে এলাকার কয়েকশ পরিবার।

উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের কাটাদ্বারা এলাকার বাসিন্দা ও খেয়াঘাটের মনিহারি দোকানি জাকির হোসেন বলেন, একসময় খেয়াঘাটটি নদীর আরও ভেতরে ছিল। গত দুই বছরে ভাঙতে ভাঙতে সেটি বর্তমান জায়গায় এসেছে। তবে গত ৭ নভেম্বর ভোরে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে জিওব্যাগসহ অন্তত ২০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। ওই দিন যেভাবে ভাঙন চলছিল, তা অব্যাহত থাকলে আজ এখানে ব্যবসা করা সম্ভব হতো না।

যমুনার তীরবর্তী রতনপুরের বাসিন্দা আবুল আজাদ বলেন, এক সপ্তাহ ধরে আমার বাড়ির পাশেই ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে দেখে গেলেও কোনো কাজ করেননি। এভাবে ভাঙন চলতে থাকলে আমাদের বাড়িঘর নদীতে চলে যাবে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ না ফেললে আমাদের রক্ষা করা কঠিন হবে।

নদীর একেবারে কাছাকাছি ঝুপড়িঘরে বসবাস করেন ছাইদুর রহমান। তিনি বলেন, নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে আমার বসবাস। তীর রক্ষায় ফেলা জিওব্যাগগুলো ধসে পড়লেই আমার ঘরটিও নদীতে চলে যাবে। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, কয়েক দিন ধরে ভাঙন চলছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে এই এলাকার কয়েকশ পরিবার আশ্রয়হীন হয়ে পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিংয়ের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম ঢাকা পোস্টকে মোবাইল ফোনে বলেন, ওই এলাকার রতনপুরের কাটাদ্বারা ঘাট থেকে ঘুনভরি পর্যন্ত ২৩৪ কোটি টাকার বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত রয়েছে। সেখানে নতুন করে অন্য কোনো কাজের সুযোগ নেই। ওই প্রকল্পের কিছু বস্তা রয়েছে, সেগুলো দিয়ে ভাঙনকবলিত এলাকায় যতটা সম্ভব ভাঙন রোধের চেষ্টা করা হবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাঙন এলাকায় কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় রয়েছে। গণনা শেষ হলে সেগুলো ফেলা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর