1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সঙ্গীর গায়ে হাত তোলা সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর? হাত বদলেই বাড়ছে চালের দাম, বোঝা টানছে ক্রেতা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে কাজের ভিসার মেয়াদ ২ বছরই থাকছে, সুযোগ পাবেন যারা পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন : রয়টার্স পুরোনো কেন্দ্রীয় কারাগার • বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডি ডা. লকিয়ত উল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত

হাত বদলেই বাড়ছে চালের দাম, বোঝা টানছে ক্রেতা

উপজেলা প্রতিনিধি | শেরপুর (বগুড়া) |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

ধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে, তার স্পষ্ট হিসাব নেই।

উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে। রোববার (৮ নভেম্বর) দিনব্যাপী খোঁজ নিয়ে মিলেছে এমনই তথ্য।

অথচ চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি, বাজারদর পর্যবেক্ষণ এবং খাদ্যশস্যের মজুত ব্যবস্থাপনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ ৯৬ হাজার ৪১৬ টন। চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২১ লাখ ৭ হাজার ৩৫২ টন। ভাসমান মজুতসহ এর পরিমাণ ২১ লাখ ১৭ হাজার ৩১৬ টন। এত মজুতের মধ্যেও খুচরা বাজারে চালের উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে দামের ব্যবধান নতুন করে প্রশ্ন তুলছে।

বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু জাতের ধানের দাম মণপ্রতি ১০০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের দামে। মাঝারি চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চালের দামও ঊর্ধ্বমুখী। শুধু ধানের মূল্যবৃদ্ধি নয়; বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখাচ্ছেন মিলমালিক ও ব্যবসায়ীরা।

শেরপুরের ব্যবসায়ীদের দেওয়া তথ্য বলছে, এক মাস আগে মাঝারি চালের কেজি ছিল ৪৫-৪৬ টাকা। বর্তমানে তা মানভেদে ৫০-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। সরু কাটারি চালের দাম আগে ছিল ৭৫-৭৬ টাকা। বর্তমানে মিল পর্যায়ে তা ৭৮-৭৯ টাকায় উঠেছে। খুচরা বাজারে একই ধরনের চাল কিনতে হচ্ছে ৮৪-৮৫ টাকায়।

ব্যবসায়ীদের হিসাবে, মাঝারি চাল মিলগেটের তুলনায় খুচরা পর্যায়ে কেজিতে ৪-৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরু চালের ক্ষেত্রে এই ব্যবধান ৫-৮ টাকা পর্যন্ত। অর্থাৎ ৩০ কেজির এক বস্তা চাল কিনতে মিলগেট ও খুচরা বাজারের দামের ব্যবধান দাঁড়াচ্ছে ১২০-২৪০ টাকা।

একজন ক্রেতা মাসে ৩০ কেজি চাল কিনলে শুধু এই মূল্য ব্যবধানের সমপরিমাণ অর্থই তাকে বেশি গুনতে হয়। তবে দামের এই পার্থক্যের পুরোটাই ব্যবসায়ীর লাভ নয়। এর মধ্যে পরিবহন, শ্রমিক, বস্তা, দোকানভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় রয়েছে।

চাল ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‌‘মিল থেকে চাল কিনে বাজারে পৌঁছানো পর্যন্ত কয়েকটি পর্যায়ে খরচ হয়। পরিবহন, ওঠানো-নামানো, বস্তা ও দোকান পরিচালনার ব্যয় রয়েছে। এসব খরচের পর ব্যবসায়ীদেরও কিছু মুনাফা রাখতে হয়।’

শেরপুরের বাজারে মাঝারি জাতের ধানের মণ এক মাস আগে বিক্রি হয়েছে এক হাজার ১০০ টাকায়। বর্তমানে তা এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় উঠেছে। সরু জাতের ধান আগে এক হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকায়।

মাঝারি চাল উৎপাদনে ব্যবহৃত ব্রি ধান-২৯, বিনা-৭ ও বিনা-১৭ জাতের ধানের মূল্যবৃদ্ধির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। কাটারিসহ সরু জাতের ধানের দামও বেড়েছে।

ধানের মূল্যবৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়ার কথাও বলছেন মিলমালিকরা। তাদের দাবি, শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে চাল প্রক্রিয়াজাতকরণে কেজিপ্রতি অতিরিক্ত ১-৩ টাকা ব্যয় হচ্ছে। পরিবহন খরচ বেড়েছে কেজিতে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত।

শেরপুরের মিলমালিক আকরাম হোসেনের দাবি, তার উৎপাদিত চালে প্রতিকেজিতে ৭০-৭২ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। অথচ কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন খরচের তুলনায় ৩-৪ টাকা কমে চাল বিক্রি করতে হচ্ছে।

শুধু শেরপুর নয়, বগুড়া শহরের বাজারেও বিভিন্ন জাতের চাল উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। শহরের ফতেহ আলী বাজারের চাল ব্যবসায়ী নিরঞ্জনের দেওয়া তথ্য অনুযায়ী, রঞ্জিত চাল কেজিতে ৫০-৫২ টাকা, আটাশ ৫৪-৫৫ টাকা, মিনিকেট ৭০-৭৫ টাকা এবং কাটারি চাল ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অবশ্য পোলাওয়ের চালের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীদের হিসাবে, আগে যে চাল কেজিতে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, তার কিছু ধরন বর্তমানে ১৫০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

আরেক চাল ব্যবসায়ী খলিলুর রহমান জানান, কাটারি চালের দাম কেজিতে ৮০ টাকার আশপাশে ওঠানামা করছে। উন্নতমানের সরু চাল কিনতে ক্রেতাদের বেশি খরচ করতে হচ্ছে। তবে পোলাওয়ের চালের দাম আগের তুলনায় কিছুটা কমেছে।

চালের বাজারে এই অস্থিরতার সবচেয়ে বড় ধাক্কা লাগছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসারে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ এবং দিনমজুরদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। খাবারের তালিকা থেকে মাছ, মাংস কিংবা অন্য পণ্য কমানো সম্ভব হলেও চালের ব্যবহার কমানোর সুযোগ সীমিত। ফলে চালের দাম বাড়লে অন্য খরচ কমিয়ে সংসারের হিসাব মেলাতে হচ্ছে অনেক পরিবারকে।

নির্মাণশ্রমিক জাহিদুল ইসলাম, ওমর ফারুক ও সবুজ মিয়া জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও সেই অনুপাতে তাদের আয় বাড়েনি। সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে।

তাদের ভাষ্য, চাল ছাড়া সংসার চলে না। দাম যতই বাড়ুক, কিনতেই হয়। অথচ কাজ করে যে আয় হচ্ছে, তা দিয়ে সংসারের সব খরচ মেটানো কঠিন। অনেক সময় ধারদেনা করে চলতে হচ্ছে। ৩০ কেজি চালের সংসারে কেজিতে পাঁচ টাকা দাম বাড়লে শুধু চাল কিনতেই মাসে অতিরিক্ত ১৫০ টাকা খরচ হয়।

সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) সম্পাদক কেজিএম ফারুক বলেন, ‘বাজারদর নির্ভর করে নতুন ধানের সরবরাহ, চালের মান, ব্যবসায়ীদের মজুদ, উৎপাদন খরচ ও বিতরণব্যবস্থার ওপরও। এ পরিস্থিতিতে সরকারি মজুত থেকে বাজারে সরবরাহের পরিমাণ, খোলাবাজারে বিক্রি কার্যক্রমের প্রভাব এবং মিল থেকে খুচরা বাজার পর্যন্ত দামের পার্থক্য পর্যালোচনা করা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে দেশের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র শেরপুর ও তালোড়াতে যদি মিলগেট ও খুচরা বাজারের মধ্যে উল্লেখযোগ্য দামের ব্যবধান থাকে, তাহলে সেই ব্যবধানের যৌক্তিকতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।

তার মতে, ধান কেনা থেকে শুরু করে চাল উৎপাদন, মিলগেট, পাইকারি ও খুচরা পর্যায়ে কী দামে পণ্য বেচাকেনা হচ্ছে, তার নিয়মিত তথ্য প্রকাশ করা প্রয়োজন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর