1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন গাদি পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড, এবার কিভাবে যথাসময়ে বই ছাপানো সম্ভব হলো? মিরসরাই-সীতাকুণ্ডে পর্যটনশিল্পে অপার সম্ভাবনা, হতে পারে পর্যটনের হাব মশাল মিছিল শেষে ফেরার পথে আটক নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ ডিবির অভিযোগ • আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন সাঈদ খোকন সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি

মিরসরাই-সীতাকুণ্ডে পর্যটনশিল্পে অপার সম্ভাবনা, হতে পারে পর্যটনের হাব

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

★ পর্যাপ্ত নিরাপত্তার অভাব

★ আবাসন ব্যবস্থা অপ্রতুল

★ প্রতি বছর ১০ লাখ পর্যটকের সমাগম

★ অসচেতনতায় ঘটছে দুর্ঘটনা

চট্টগ্রামের মিরসরাই-সীতাকুণ্ডে পর্যটনশিল্পে অপার সম্ভাবনা আছে। সঠিক পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়ছে এই শিল্প। সরকারি-বেসরকারি উদ্যোগে এ অঞ্চলে গড়ে উঠতে পারে পর্যটন হাব। প্রতি বছর সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করতে পারে। দুই উপজেলায় ঝরনা, সমুদ্রসৈকত, ইকোপার্কসহ প্রায় দুই ডজন পর্যটনস্পট আছে। এসব পর্যটনস্পটে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসছে। বেশিরভাগ পর্যটনস্পট প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। কিছু ব্যক্তিগত উদ্যোগে কৃত্রিমভাবে গড়ে তোলা হয়।

জানা গেছে, মিরসরাই-সীতাকুণ্ড উপজেলার বুক চিরে বয়ে গেছে দেশের লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের পূর্ব পাশে সারি সারি পাহাড়। সেখানেই আছে ঝরনা ও হ্রদ। পশ্চিম দিকে সমুদ্রসৈকত। সেখানে বসে উপভোগ করা যায় লাল কাঁকড়ার ছোটাছুটি, সাগরের গর্জন ও মাছ ধরার নৌকাসহ মনোরম নানা দৃশ্য।

ভ্রমণের ক্ষেত্রে পাহাড় ট্রেকিং, ঝরনা ও হ্রদ সকালে ঘুরে দেখাই ভালো। তাহলে বিকেলে সমুদ্রসৈকত ঘুরে বেড়ানো যায়। সাগরপাড়ে বসে দেখা যায় সূর্যাস্তের দৃশ্য। এখানেই ভূমি থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ মন্দির। যে পাহাড় বেয়ে ওঠানামায় চার থেকে পাঁচ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

আছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া, দেশের ৬ষ্ঠ সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট, উপজেলার অলিনগরে অবস্থিত হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট, করেরহাট ফরেস্ট ডাকবাংলো, আরশিনগর ফিউচার পার্ক, সোনাপাহাড় প্রকল্প, ডোমখালী সমুদ্রসৈকত, মিরসরাই শিল্পনগর সমুদ্রসৈকত, রূপসী ঝরনা, বাওয়াছড়া লেক ও হরিণাকুণ্ড ঝরনা, সোনাইছড়ি ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, বোয়ালিয়া ঝরনা, খৈয়াছড়া ঝরনা ও মেলখুম গিরিপথ, চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, সীতাকুণ্ড ইকো পার্ক, ঝরঝরি ট্রেইল, গুলিয়াখালী বিচ, বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত, সহস্রধারা ঝরনা, সুপ্তধারা ঝরনা, কুমিরা ঘাট, আকিলপুর সমুদ্রসৈকত এবং ভাটিয়ার গলফ মাঠ।

বন বিভাগ প্রতি বছর লাখ লাখ টাকায় হ্রদ ও ঝরনাগুলোর ইজারা দিচ্ছে। কিন্তু ঝরনা এলাকায় নিরাপত্তা, দুর্ঘটনারোধ পদক্ষেপ ও অবকাঠামোগত কোনো উন্নয়ন চোখে পড়ে না। ঝরনার ওপর থেকে পড়ে ও পানিতে ডুবে প্রতি বছর অনেক পর্যটক মারা যান।

মিরসরাইয়ের বেসরকারি পর্যটনকেন্দ্র ও বন বিভাগের হিসাব অনুযায়ী, দুই উপজেলায় প্রতি বছর গড়ে ১০ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন। আবাসন সংকটের কারণে ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি অংশকেই সকালে এসে বিকেলে ফিরে যেতে হয়।

পর্যটনবান্ধব অবকাঠামো আর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা অন্তত দ্বিগুণ হবে। মিরসরাইয়ে নির্মিতব্য জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী ১০ বছরে অন্তত ৫ লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা রয়েছে। যার কারণে পর্যটনকেন্দ্রগুলোতে বাড়বে দেশি-বিদেশি পর্যটক।

দুই উপজেলার পর্যটনকেন্দ্রগুলোকে কেন্দ্র করে বেসরকারিভাবে কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। তবে এসবের মান খুব একটা ভালো নয়। নিরাপত্তাব্যবস্থায়ও রয়েছে ঘাটতি।

ঢাকা সাভার থেকে বেড়াতে আসা পর্যটক ইসমাইল বলেন, ‘উত্তর চট্টগ্রামের মধ্যে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা পর্যটনকেন্দ্রের লীলাভূমি বলা চলে। এখানে কী নেই? ঝরনা, হ্রদ, সমুদ্রসৈকতসহ প্রাকৃতিক সৌন্দর্যের এমন বৈচিত্র্যপূর্ণ পর্যটন এলাকা দেশে খুব একটা নেই। নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এখানকার পর্যটনশিল্প আরও অনেকদূর এগিয়ে যাবে।

এ বিষয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক (বিপণন) শেখ মেহেদী হাসান বলেন, ‘মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় অনেক প্রাকৃতিক পর্যটনকেন্দ্র আছে। আদর্শ পর্যটনকেন্দ্র গড়ে ওঠার মৌলিক যে শর্তগুলো আছে, যেমন- আবাসনব্যবস্থা, নিরাপত্তা ও পেশাদার গাইড—এসবের যথেষ্ট ঘাটতি আছে। এসব ঘাটতি পূরণ হলে এই পর্যটনশিল্প আরও সমৃদ্ধ হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মিরসরাই উপজেলা পর্যটন সম্ভাবনাময় একটি উপজেলা। এখানকার পর্যটনস্পটগুলো খুবই বৈচিত্র্যময় ও সুন্দর। এখানে পাহাড়ে যে ঝরনাগুলো আছে; এগুলো বন বিভাগের আওতাধীন। বন বিভাগের সাথে সমন্বয় করে কীভাবে অবকাঠামো উন্নয়ন করা যায়—এ ব্যাপারে প্রদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত, উন্নয়ন, আবসন ব্যবস্থা—এসব বিষয় নিয়ে খুব শিগগিরই মুক্ত আলোচনার আয়োজন করা হবে। সেখানে প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর