1. admin@businessdigestbd.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ঘরে থাকা ৩ উপকরণেই ঝটপট বানান মজাদার চকলেট কেক

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কেক খেতে ভালোবাসেন, কিন্তু বাড়িতে কেক তৈরির সব উপকরণ নেই? চিন্তার কিছু নেই। রান্নাঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই তৈরি করতে পারেন মজাদার চকলেট কেক। এর জন্য প্রয়োজন হবে না ওভেন, বেকিং পাউডার কিংবা মাখন। অল্প সময়ে সহজ পদ্ধতিতে তৈরি এই কেক বিকেলের নাশতা কিংবা শিশুদের টিফিনের জন্যও হতে পারে দারুণ আয়োজন।

উপকরণ:

চকলেট বিস্কুট প্রায় ২০০ গ্রাম
তরল দুধ ১ কাপ
ইনো ফ্রুট সল্ট ১ চা চামচ

প্রস্তুত প্রণালি:

প্রথমে চকলেট বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে নিন। এবার ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিন। ব্লেন্ডার না থাকলে পরিষ্কার পলিথিনে বিস্কুট রেখে বেলনা দিয়ে গুঁড়া করতে পারেন। একটি বড় বাটিতে বিস্কুটের গুঁড়া ঢেলে অল্প অল্প করে দুধ মেশান। এবার ভালোভাবে ফেটিয়ে নিন, যাতে মিশ্রণে কোনো দলা না থাকে। মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। কেকের ব্যাটারের মতো ঘনত্ব রাখতে হবে।

এবার ব্যাটারের মধ্যে এক চা চামচ ইনো দিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। ইনো মেশানোর পর বেশি সময় ফেলে রাখবেন না।

একটি কেকের পাত্রে সামান্য তেল মাখিয়ে নিন। চাইলে বাটির নিচে বাটার পেপারও দিতে পারেন। এবার তৈরি করা ব্যাটার পাত্রে ঢেলে দিন।

একটি গভীর কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে গরম করুন। এরপর কেকের পাত্রটি স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢেকে দিন। কম আঁচে প্রায় ২৫-৩০ মিনিট বেক করুন। টুথপিক ঢুকিয়ে পরীক্ষা করুন। পরিষ্কার বেরিয়ে এলে কেক তৈরি। ঠান্ডা হলে পাত্র থেকে বের করে পরিবেশন করুন।

আপনি চাইলে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন। তবে যদি ইনস্ট্যান্ট চকলেট কেকের ক্রেভিং মেটাতে চান তাহলে শুধুই খেতে পারেন।

কিছু জরুরি টিপস:

কেক আরও সুস্বাদু করতে চাইলে ওপরে গলানো চকলেট বা চকলেট চিপস ছড়িয়ে দিতে পারেন। তবে এগুলো ঐচ্ছিক। মনে রাখবেন, ইনো ব্যবহারের পর ব্যাটার বেশি নাড়াচাড়া করবেন না। এতে কেকের ভেতরটা নরম ও তুলতুলে হওয়ার সম্ভাবনা বাড়বে। মাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে ঘরোয়া চকলেট কেক। এবার চায়ের কাপের সঙ্গে পরিবেশন করুন নিজের হাতে তৈরি মজাদার এই কেক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর