1. admin@businessdigestbd.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শতকোটির অবৈধ সম্পদের মালিক ডিজি সোহেলসহ মাউশির দুর্নীতির তদন্তে ৪ সাংসদ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল মাউশিতে একচ্ছত্র আধিপত্য ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঘুস-দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়াসহ মাউশিতে এবং শিক্ষায় ওঠা নানা অনিয়মের অভিযোগের তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ লক্ষে চার সদস্যের সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সচিব মোহাম্মদ কাউসার আলম স্বাক্ষরিত চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপি, বিজনেস ডাইজেস্টকে জানান, মাউশি ডিজিসহ শিক্ষার বিভিন্ন সেক্টরে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলোর নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী দশ কর্মদিবসের মধ্যে তদন্ত করে মূল কমিটির কাছে পেশ করবে। মূল কমিটি তা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে উত্থাপন করবে।

তিনি আরও বলেন, শিক্ষায় কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা দুর্নীতি করে রক্ষা পাবে না। যে দুর্নীতি করবে তার শাস্তি অবশ্যই সরকার নিশ্চিত করবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ-১ আসনের সাংসদ রেজা কিবরিয়া, এমপি। সদস্য করা হয়েছে সংরক্ষিত মহিলা আসন-২৪-এর সংসদ সদস্য (বিএনপি) বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সাংসদ মোঃ মুজিবুর রহমান ও কুড়িগ্রাম-২ আসনের এনসিপির এমপি আতিকুর রহমান মোজাহিদ।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৯৬ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গত ০৮/১১/২০২৬ তারিখে অনুষ্ঠিত বৈঠকের ২০ (ছ) মোতাবেক ৪ (চার) সদস্য বিশিষ্ট সদস্যগণের সমন্বয়ে ১নং সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটি কর্তৃক প্রতিটি অভিযোগ/বিষয়ভিত্তিক তদন্ত করে ১০ (দশ) কার্যদিবসের মধ্যে মূল কমিটির নিকট প্রতিবেদন পেশ।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ শিক্ষার বিভিন্ন সেক্টরের বিরূদ্ধে আনীত অভিযোগ, অনিয়ম দূর্নীতির বিষয়ে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মূল কমিটিতে প্রতিবেদন পেশ করতে হবে।

উল্লেখ্য, শিক্ষা ও শিক্ষা-সংক্রান্ত ব্যক্তিবর্গকে জিম্মি করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য নিয়ে ‘শিক্ষা সংবাদ’-এ দুই কিস্তিতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে প্রথম পর্বে গত ২৭ অক্টোবর “দুর্নীতিতে নিমজ্জিত মাউশির ডিজি, শিক্ষার হাল ধরবে কে?” এবং ৫ নভেম্বর ২য় পর্বে “মাউশি ডিজির আর্থিক সম্পদ: হিসাবের জন্য প্রয়োজন ‘সুপার ক্যালকুলেটর’!” শিরোনামে। উত্থাপিত অভিযোগে আমলে নিয়ে এর আগে গত ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে তদন্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় সংবাদ সম্মেলন করে তদন্তের সিদ্ধান্তের বিষয়টি জানান শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এমপি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর