1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পুরোনো জিনিসেই নতুন সাজ, অল্প খরচে বদলে ফেলুন ঘরের চেহারা

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ঘর সাজাতে সব সময় নতুন আসবাব বা দামি শোপিস কিনতে হয় না। একটু বুদ্ধি আর সৃজনশীলতা থাকলেই ঘরে থাকা অব্যবহৃত জিনিস দিয়ে বদলে দেওয়া যায় অন্দরসজ্জা। আলমারিতে পড়ে থাকা পুরোনো শাড়ি, খালি কাচের বোতল কিংবা অব্যবহৃত চায়ের কাপেই উঠতে পারে ঘর সাজানোর সুন্দর উপকরণ। এতে যেমন খরচ কমবে, তেমনই ফেলে দিতে চাওয়া জিনিসগুলোও পাবে নতুন ব্যবহার। জেনে নিন, পুরোনো জিনিস কাজে লাগিয়ে কীভাবে অল্প খরচে সাজিয়ে তুলবেন ঘর।

পুরোনো শাড়িতে তৈরি করুন কুশন কভার ও পর্দা:

আলমারিতে এমন অনেক শাড়ি থাকে, যা আর পরা হয় না। সেগুলো ফেলে না দিয়ে ঘর সাজানোর কাজে লাগাতে পারেন। পুরোনো সিল্ক, সুতি কিংবা নকশা করা শাড়ি দিয়ে তৈরি করা যায় কুশন কভার, টেবিল রানার, পর্দা এমনকি দেয়াল সাজানোর ওয়াল হ্যাংগিং। শাড়ির সুন্দর পাড়, নকশা ও রং ঘরের সাধারণ সাজেও নিয়ে আসবে নতুনত্ব। বিশেষ করে পুরোনো জামদানি বা সিল্কের শাড়ি দিয়ে তৈরি কুশন কভার বসার ঘরে দিতে পারে ঐতিহ্যবাহী আবহ।

বিভিন্ন পানীয়ের খালি কাচের বোতল জমিয়ে না রেখে ব্যবহার করতে পারেন ফুলদানি হিসেবে। প্রথমে বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করে লেবেল তুলে ফেলুন। চাইলে নিজের পছন্দমতো রং করতে পারেন। আবার পাটের দড়ি, রঙিন সুতো কিংবা কাপড় দিয়ে মুড়িয়েও দিতে পারেন। এরপর তাতে তাজা বা শুকনো ফুল সাজিয়ে রাখুন। বিভিন্ন আকার ও উচ্চতার কয়েকটি বোতল একসঙ্গে রাখলে দেখতে আরও সুন্দর লাগবে।

কাচের জারে সাজান মোমবাতি:

বাড়িতে থাকা ছোট কাচের জার দিয়ে তৈরি করতে পারেন সুন্দর মোমবাতি ধারক। জারের ভেতরে কিছু রঙিন বালি, ছোট পাথর বা আলংকারিক নুড়ি সাজিয়ে তার মধ্যে উপযুক্ত মোমবাতি রাখুন। ডাইনিং টেবিল, বারান্দা কিংবা ঘরের এক কোণে এগুলো রাখতে পারেন। তবে মোমবাতি জ্বালানোর সময় শুকনো ফুল, কাগজ বা অন্য দাহ্য উপকরণ আগুনের কাছাকাছি রাখবেন না।
ফল বা সবজি রাখার কাঠের বাক্স দিয়েও তৈরি করা যায় সুন্দর তাক। প্রথমে বাক্সটি ঘষে মসৃণ করে নিন। এরপর পছন্দমতো রং বা পালিশ করে বই, ম্যাগাজিন, ছোট গাছ কিংবা প্রয়োজনীয় জিনিস রাখুন। কয়েকটি বাক্স একটির ওপর আরেকটি সাজিয়ে ছোট বুকশেলফও বানানো যায়। তবে দেয়ালে লাগালে মজবুতভাবে আটকানো জরুরি।

পুরোনো চায়ের কাপে লাগান গাছ


অব্যবহৃত সিরামিকের কাপ বা মগ ফেলে না দিয়ে ছোট গাছ লাগানোর পাত্র হিসেবে ব্যবহার করুন। বিশেষ করে ছোট সাকুলেন্ট বা ক্যাকটাস এতে বেশ মানিয়ে যায়। কাপের নিচে পানি বের হওয়ার ছিদ্র না থাকলে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। চাইলে কাপগুলো জানালার পাশে, পড়ার টেবিলে কিংবা রান্নাঘরের শেলফে সাজিয়ে রাখতে পারেন।

পুরোনো মই দিয়েও সাজিয়ে তুলতে পারেন ঘরের এক কোণ


কাঠের মই ব্যবহার করুন ডিসপ্লে স্ট্যান্ড হিসেবে:

বাড়িতে অব্যবহৃত কাঠের মই থাকলে সেটিও কাজে লাগাতে পারেন। ভালোভাবে পরিষ্কার করে রং বা পালিশ করে নিন। এরপর মইয়ের ধাপে ছোট টব, ছবির ফ্রেম, বই কিংবা শোপিস সাজিয়ে রাখুন। বাথরুমে তোয়ালে রাখার স্ট্যান্ড হিসেবেও এটি ব্যবহার করা যায়। তবে মইটি যেন ভারসাম্যপূর্ণ ও নিরাপদ জায়গায় রাখা হয়, সেদিকে খেয়াল রাখুন।

টিনের ক্যান দিয়ে বানান কলমদানি ও প্ল্যান্টার:

খালি বিস্কুট বা খাবারের টিনের ক্যানও হতে পারে ঘর সাজানোর উপকরণ। প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধারালো প্রান্ত ঢেকে নিন। এরপর রং, কাপড়, পাটের দড়ি কিংবা রঙিন কাগজ দিয়ে সাজিয়ে ফেলুন। এগুলোতে কলম, পেন্সিল, রান্নাঘরের চামচ কিংবা ছোট গাছ রাখতে পারেন। গাছ লাগানোর ক্ষেত্রে ক্যানের নিচে পানি বের হওয়ার জন্য ছিদ্র করে নিতে হবে।

ঘর সাজানোর জন্য সব সময় নতুন জিনিস কেনার প্রয়োজন নেই। একটু সময় আর সৃজনশীলতা কাজে লাগিয়ে পুরোনো জিনিসকেই করে তুলতে পারেন আকর্ষণীয়। এতে খরচও বাঁচবে, পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার বদলে সেগুলোর ব্যবহারও নিশ্চিত হবে। নিজের হাতে সাজানো ঘরে যোগ হবে আলাদা ভালো লাগা।

সূত্র: নিউজ এইটটিন, দ্য স্প্রুস

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর