1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক সমুদ্রসীমা : ৭০ শতাংশের তথ্যই নেই মৎস্য অধিদপ্তরের কাছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মা-বাবা আহত একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন : জামায়াত আমিরকে রাশেদ কয়েদির পেটে অস্ত্রোপচার, মিললো অর্ধশত গ্যাস লাইটার-নেইল কাটার সাফ চ্যাম্পিয়নশিপ • লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো হামজা-ফারহানের বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ • শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ সুন্দরবনে পর্যটকের নিরাপত্তা ও মানুষের জীবিকায় রাষ্ট্রের করণীয় : মো. মামুন হাসান রেহমান সাকিব গাইলেন ‘তুমি কাছে থাকলে’ সাফ চ্যাম্পিয়নশিপ • দেখে নিন মালদ্বীপ-ভারত দুই দলের একাদশ

বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক সমুদ্রসীমা : ৭০ শতাংশের তথ্যই নেই মৎস্য অধিদপ্তরের কাছে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক সমুদ্রসীমা। মাছ, চিংড়ি, কাঁকড়া, লবস্টারসহ নানা সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ এ জলসীমায় বাণিজ্যিক মৎস্য আহরণেরও বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু মালিকানা অর্জন করলেও অর্থনৈতিক সমুদ্রসীমার প্রায় ৭০ শতাংশ এলাকারই পর্যাপ্ত তথ্য নেই সরকারের কাছে। এমনকি সম্পদ অনুসন্ধানে সক্ষমতাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ফলে গভীর সমুদ্রের বড় একটি অংশে কোথায় কী প্রজাতির মাছ, কী পরিমাণ মজুদ রয়েছে কিংবা কোন এলাকায় মাছের প্রজনন হয়, এসব বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর।

প্রায় চার দশক আগের জরিপ পদ্ধতি ও সীমিত সক্ষমতার একটি গবেষণা জাহাজ দিয়ে চলছে সামুদ্রিক মৎস্যসম্পদের অনুসন্ধান। ফলে গভীর সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় চালানো যাচ্ছে না নিয়মিত সমীক্ষা। বিদেশী গবেষণা সংস্থার সহায়তায় মাঝেমধ্যে জরিপ হলেও নিজস্ব সক্ষমতায় সমুদ্রসম্পদের পূর্ণাঙ্গ চিত্র তুলে আনা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য আধুনিক গবেষণা জাহাজ, প্রযুক্তি ও দক্ষ জনবলের পাশাপাশি আইনি কাঠামোর সংস্কারও জরুরি। অন্যথায় বিপুল সামুদ্রিক সম্পদের সম্ভাবনা অজানাই থেকে যাবে।

বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি। এর মধ্যে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক সমুদ্রসীমা এবং ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত রয়েছে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। পাশাপাশি ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে নিশ্চিত হয় এ বিশাল জলসীমার মালিকানা। তবে সমুদ্রসীমা অর্জনের পর এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এর সম্পদ অনুসন্ধান ও আহরণে দেশের সক্ষমতা এখনো সীমিত।

সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য নিয়ে জরিপ এবং গবেষণা চালানোর জন্য রয়েছে কেবল ‘আরভি মীন সন্ধানী’ নামে একটি সরকারি জাহাজ। ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত পরিচালিত জরিপে ৩৪৪ প্রজাতির মাছ, ৪৫ প্রজাতির চিংড়ি, কাঁকড়া ও লবস্টার এবং ১৪ প্রজাতির স্কুইড, ক্যাটল ফিশ ও অক্টোপাস শনাক্ত করা হয়।

তবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তাদের হাতে থাকা ছোট এ গবেষণা জাহাজ দিয়ে গভীর সমুদ্রে জরিপ পরিচালনা করা সম্ভব নয়। ২০১৮ সালে একটি জরিপ পরিচালনার সময় সর্বোচ্চ ৬০ নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পেরেছিল সেটি। এরপর উত্তাল সমুদ্র ও কারিগরি সীমাবদ্ধতার কারণে আর এগোনো সম্ভব হয়নি। ফলে অর্থনৈতিক সমুদ্রসীমার বিস্তীর্ণ এলাকায় মৎস্যসম্পদের তথ্য সংগ্রহে ঘাটতি থেকে যাচ্ছে।

মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, ‘আমাদের যে গবেষণা জাহাজটি রয়েছে, সেটি গভীর সমুদ্রের জন্য নয়। সক্ষমতাও খুবই কম। এটি দিয়ে সর্বোচ্চ ৬০ নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পেরেছিলাম। বাকি অংশে আমাদের বিশাল সম্পদ পড়ে আছে। সেগুলো অনুসন্ধান করতে হলে গভীর সমুদ্র উপযোগী জাহাজ প্রয়োজন।

যে আইনের আওতায় জরিপ চলছে, সেটিও অনেক পুরনো উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমাদের জরিপ পদ্ধতিও প্রায় চার দশক আগের। ১৯৮৫ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুসারে মৎস্য জরিপ পরিচালিত হচ্ছে। বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। বিদেশী সংস্থার সহায়তায় পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এখন কাজ করতে হচ্ছে। তবে নিজেদের সক্ষমতায় অনুসন্ধান করা গেলে বিশাল সম্পদের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হবে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭২ সাল থেকে বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদ নিয়ে বিভিন্ন সময়ে জরিপ পরিচালিত হয়েছে। এর মধ্যে কয়েকটি বড় জরিপে সহায়তা দিয়েছে নরওয়ের সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান ড. ফ্রিডটজফ ন্যানসেন (ডিএফএন)।

সামুদ্রিক মৎস্যসম্পদ নিয়ে দীর্ঘ দুই দশক ধরে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন। প্রশান্ত মহাসাগরে ২২২ দিন মাছের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা রয়েছে তার। বিজনেস ডাইজেস্টকে এ গবেষক বলেন, ‘সমুদ্রের মোট সম্পদের ১০ শতাংশও গবেষণার আওতায় আনতে পারছে না বাংলাদেশ। আরভি মীন সন্ধানী দিয়ে মোট সম্পদের খুব সামান্য অংশে গবেষণা করা সম্ভব। সমুদ্র উত্তাল থাকলে এ জাহাজ চলাচল করতে পারে না। এটি মূলত ছোট পরিসরের গবেষণার উপযোগী। মাঝারি বা বড় পরিসরের গবেষণা আমরা করতে পারিনি।’

ন্যানসেনের জরিপ সম্পর্কে ড. ইয়ামিন হোসেন বলেন, ‘আমরা এখনো পুরনো তথ্যের ওপর নির্ভর করে আছি। জলবায়ু পরিবর্তন, দূষণসহ নানা কারণে মাছের বিচরণ ক্ষেত্র বদলেছে। ১০০ মিটারের নিচে না গেলে অনেক ক্ষেত্রে মাছ পাওয়া যাচ্ছে না। আমাদের চারটি প্রধান ফিশিং গ্রাউন্ড থাকলেও সেগুলো ঠিকমতো ব্যবহার করতে পারছি না। এসব এলাকায় অনুসন্ধান চালাতে হলে আধুনিক জাহাজ ও দক্ষ গবেষক প্রয়োজন।’

দেশে ১৯৮৫ সালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা প্রণীত হয়। এর আগে ১৯৮২ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশের আওতায় মৎস্য জরিপ পরিচালিত হতো। পরবর্তী সময়ে সামুদ্রিক মৎস্য জরিপ ও ব্যবস্থাপনার জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ প্রণয়ন করা হয়। তবে সংশ্লিষ্টদের অভিযোগ, নতুন আইনি কাঠামোয় ইলিশ মাছের সুরক্ষা ও আহরণ ব্যবস্থাপনা গুরুত্ব পেলেও গভীর সমুদ্রের সামগ্রিক মৎস্যসম্পদ অনুসন্ধান ও ব্যবস্থাপনার বিষয়টি তেমন স্পষ্ট করা হয়নি।

অন্যদিকে, বঙ্গোপসাগরে প্রতিবেশী ভারত ও মিয়ানমার আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে নিজেদের সমুদ্রসীমার মৎস্যসম্পদ অনুসন্ধানে এগিয়ে গেছে। ভারতের গবেষণা জাহাজ ‘এফওআরভি সাগর সম্পদ’ ১৯৮৪ সাল থেকে গভীর সমুদ্রের মৎস্যসম্পদ নিয়ে জরিপ পরিচালনা করছে। মাছের মজুদ ও বিস্তৃতি নিরূপণের পাশাপাশি গভীর সমুদ্রে বাণিজ্যিক আহরণের সম্ভাবনাও যাচাই করছে দেশটি। ২০২৫ সালে তারা গভীর সমুদ্রের মৎস্যসম্পদ আহরণ নিয়ে একটি কৌশলপত্র প্রকাশ করে। এতে আধুনিক মাছ ধরার নৌযান, গবেষণা, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

মিয়ানমারও বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে বিভিন্ন সময়ে জরিপ চালিয়েছে। দেশটির সমুদ্রসীমায় নরওয়ের গবেষণা জাহাজ ড. ফ্রিডটজফ ন্যানসেন দিয়ে ১৯৭৯, ১৯৮০, ২০১৩, ২০১৫ ও ২০১৮ সালে পাঁচ দফা জরিপ পরিচালিত হয়। এসব সমীক্ষায় মাছের প্রজাতি, মজুদ, বিচরণ ও প্রজনন ক্ষেত্র চিহ্নিতের চেষ্টা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরেও উপকূলীয় এলাকায় মাছের মজুদ ও প্রজনন মৌসুম নিয়ে গবেষণার উদ্যোগ নেয় দেশটি।

বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে সমুদ্রসম্পদ অনুসন্ধানে উদ্যোগ নেয়া হয়। ড. ফ্রিডটজফ ন্যানসেন ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তর গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩১ দিন বঙ্গোপসাগরে জরিপ চালায়। এতে সহযোগিতা করে জাতিসংঘের বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা (এফএও)। ওই সময় বাংলাদেশের সমুদ্রসীমায় নতুন ৬৫টি প্রজাতির জলজ প্রাণীর সন্ধান মেলে। এর মধ্যে পাঁচটি সারা বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সে প্রজাতিগুলো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন গবেষকরা। তবে এসব উদ্যোগের কোনোটিই পুরো অর্থনৈতিক সমুদ্রসীমার মৎস্যসম্পদের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে পারেনি।

গবেষণার জন্য পর্যাপ্ত জাহাজ ও লজিস্টিক সহায়তা না থাকায় বাংলাদেশের গবেষকরা সম্ভাবনাময় এ খাতে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এনামুল হক। বিজনেস ডাইজেস্টকে তিনি বলেন, ‘সমুদ্রে গবেষণা হচ্ছে, কিন্তু সেটি প্রয়োজনীয় মনোযোগ পাচ্ছে না। মৎস্য অধিদপ্তরের যে জাহাজ রয়েছে, সেটি গভীর সমুদ্রে গবেষণা বা ফিশিং প্র্যাকটিসের উপযোগী নয়। আমাদের দক্ষ গবেষক আছেন, কিন্তু পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নেই। গবেষণা বাড়ানোর জন্য যে পরিমাণ বাজেট প্রয়োজন, সেটিও নেই। ফলে বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান চাইলেও প্রয়োজনীয় কাজ করতে পারছে না।’

সমুদ্রের একটি বড় অংশ যদি নিয়মিত গবেষণার আওতার বাইরে থাকে, তাহলে সেখানকার সম্পদ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে না বলে জানান এনামুল হক। তিনি বলেন, ‘মাছ বড় হচ্ছে, আবার স্বাভাবিকভাবে মারা যাচ্ছে কিংবা অন্যরা ধরে নিচ্ছে। আমরা সে সম্পদ আহরণ করতে পারছি না। এ অবস্থায় লজিস্টিক সহায়তা ও গবেষণা বাড়ানোর পাশাপাশি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিকল্পনা নিতে হবে।

সামুদ্রিক মৎস্যসম্পদ নিয়ে মৎস্য অধিদপ্তরের নিজস্ব একটি অর্থনৈতিক প্রক্ষেপণেও গভীর সমুদ্রের সম্ভাবনার কথা উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে জিডিপিতে সামুদ্রিক মৎস্যের অবদান ছিল দশমিক ২৯ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় দশমিক ৩১ শতাংশে। ২০২৬ সালের জুনেও এ হার অপরিবর্তিত ছিল। তবে নীতিগত প্রক্ষেপণে ২০৩০ সালে সামুদ্রিক মৎস্যের অবদান দশমিক ২০ শতাংশ এবং গভীর সমুদ্রের মৎস্য আহরণের অবদান দশমিক ১০ শতাংশ ধরা হয়েছে। অর্থাৎ দুই খাতের সম্মিলিত অবদান দাঁড়াবে জিডিপির দশমিক ৩০ শতাংশ। আর ২০৩৫ সালে উভয় খাতের অবদান সমান হয়ে দশমিক ১৫ শতাংশ করে হওয়ার প্রক্ষেপণ করা হয়েছে।

উৎপাদনের ক্ষেত্রেও প্রচলিত সামুদ্রিক আহরণ থেকে গভীর সমুদ্রে মৎস্য আহরণের দিকে ঝোঁক বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সামুদ্রিক আহরণ মৎস্যের উৎপাদন ছিল ৫ লাখ ৬৮ হাজার ৩১২ টন। ২০৩৫ সালে তা কমে ৪ লাখ ৬৪ হাজার টনে নামতে পারে। বিপরীতে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ ২০২৭ সালে ৮ হাজার ৫৬ টন এবং ধারাবাহিকভাবে বেড়ে ২০৩৫ সালে ৭২ হাজার ৫০০ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট, চট্টগ্রামের পরিচালক ফারহানা লাভলী বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘আমরা সারা বছর সমুদ্রে গবেষণা করতে পারি না। সাগর উত্তাল থাকলে নিজস্ব জাহাজ নিয়ে যাওয়া সম্ভব হয় না। তবে দেশের ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত যায়। সেগুলো ৪০-২০০ মিটার গভীরতায় মাছ আহরণ করে। আমরা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত নিজস্ব জাহাজ দিয়ে জরিপ করতে পারি। বাকি সময়ে আর্টিসানাল বোট ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করি।’

দেশের ২১২টি ঘাট থেকে তথ্য পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে আমাদের লোকজন রয়েছে। তারা অনলাইনে তথ্য পাঠান। এসব তথ্য দিয়ে আমরা কাজ চালাই। তবে গবেষণার তথ্যের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। আগে আমাদের দুটি জাহাজ ছিল, সারা বছরই অনুসন্ধান করা যেত। এখন পাঁচ-ছয় মাসের বেশি সম্ভব হয় না। বর্তমান জাহাজটি উত্তাল সমুদ্রে চলাচলের উপযোগী নয়। ঢেউ বেশি থাকলে এটি স্থির থাকতে পারে না। তখন গবেষণার কাজও করা যায় না।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সামুদ্রিক নৌযান চলাচল ও মাছ ধরার প্রবণতা বেড়ে যাওয়ায় মাছের প্রজনন ও উৎপাদন কমছে। অন্যদিকে গভীর সমুদ্রে এখনো পর্যাপ্ত বাণিজ্যিক মাছ ধরার জাহাজ যাচ্ছে না। টুনাসহ বিভিন্ন প্রজাতির মাছের মজুদ ও আহরণের বড় সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগানো গেলে সুনীল অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়বে।

জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘গবেষণা জাহাজ আরভি মীন সন্ধানী দিয়ে সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সমুদ্রে জরিপ পরিচালনা করা হয়। কোনো কোনো বছর এপ্রিল পর্যন্ত কার্যক্রম চলে। এ সময় মাছের বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি সমুদ্রের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। গতবার ড. ফ্রিডটজফ ন্যানসেন জাহাজের জরিপের তথ্যও সংগ্রহ ও প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের আরভি মীন সন্ধানী পুরো ২০০ নটিক্যাল মাইল যেতে পারে না। তবে আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করি। উপকূলীয় এলাকায় তথ্য সংগ্রহকারী রয়েছেন। তারা বছরব্যাপী ইন্ডাস্ট্রিয়াল জাহাজগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। ফলে আমাদের ডাটা অসম্পূর্ণ নয়, সম্পূর্ণই।’

নতুন প্রকল্প নেয়ার কথা জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আমরা এমন একটি প্রকল্প দাখিল করেছি, যার আওতায় ১২ মাসই সমুদ্রে গিয়ে বিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করতে পারবেন। গভীর সমুদ্র ও অগভীর—দুই এলাকাতেই যেন কাজ করা যায়, সে লক্ষ্যেই প্রকল্পটি নেয়া হচ্ছে। আশা করি, এটি বাস্তবায়ন হলে বর্তমান সংকট থাকবে না।

বিশেষজ্ঞরা মনে করেন, সমুদ্রসীমায় সম্পদের পরিমাণ, প্রজাতির বিস্তৃতি, প্রজনন ক্ষেত্র ও টেকসই আহরণমাত্রা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকতে হবে। তা না হলে একদিকে যেমন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো যাবে না, অন্যদিকে নির্বিচারে মাছ আহরণের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়তে পারে। তাই আধুনিক গবেষণা জাহাজ, প্রযুক্তি, দক্ষ জনবল ও নিয়মিত জরিপের সক্ষমতা গড়ে তোলার ওপরই নির্ভর করছে বঙ্গোপসাগরের বিপুল মৎস্যসম্পদ ব্যবহারের ভবিষ্যৎ।

বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ, জাহাজ শিল্প ও সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমের সম্ভাবনা কাজে লাগাতে সরকার পাঁচ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিজনেস ডাইজেস্টকে তিনি বলেন, ‘বাংলাদেশের সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে একটি ব্যাপক মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর আওতায় সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন, মৎস্যসম্পদ, জাহাজ শিল্প এবং সমুদ্রকেন্দ্রিক অন্যান্য শিল্পের সম্ভাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে। সব খাতকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে আগামী পাঁচ বছরের জন্য এ পরিকল্পনা তৈরি করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘সমুদ্র থেকে বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে একটি ড্যানিশ কোম্পানি সমীক্ষা পরিচালনা করছে। এ খাতে তুরস্ক ও সৌদি আরবের পক্ষ থেকেও বিনিয়োগের আগ্রহ দেখানো হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রের কাছাকাছি টুনা মাছের একটি বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে এটিসহ অন্যান্য সামুদ্রিক সম্পদের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। এটি বাস্তবায়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রকল্প নেয়া হবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর