1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রয়টার্সের প্রতিবেদন • মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা দেশে ফিরতে অনড়, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ব্যাংক খাতে লোকসানি শাখা ১ হাজার ৬২৪টি, দুই বছরে বেড়েছে ৪০৮ তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গীর গায়ে হাত তোলা সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর? হাত বদলেই বাড়ছে চালের দাম, বোঝা টানছে ক্রেতা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে কাজের ভিসার মেয়াদ ২ বছরই থাকছে, সুযোগ পাবেন যারা পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন : রয়টার্স পুরোনো কেন্দ্রীয় কারাগার • বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র

ব্যাংক খাতে লোকসানি শাখা ১ হাজার ৬২৪টি, দুই বছরে বেড়েছে ৪০৮

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

দেশের ব্যাংক খাতে লোকসানি শাখার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত দুই বছরে ব্যাংকগুলোর লোকসানি শাখা বেড়েছে ৪০৮টি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিশেষায়িত ব্যাংক মিলিয়ে ১ হাজার ৬২৪টি শাখা লোকসানে রয়েছে। এর বিপরীতে একই সময়ে নতুন শাখা বেড়েছে মাত্র ২৩১টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে দেশের ব্যাংকগুলোর মোট শাখা ছিল ১১ হাজার ২৯৭টি। এর মধ্যে লোকসানে ছিল ১ হাজার ২১৬টি। ২০২৬ সালের জুন শেষে মোট শাখার সংখ্যা বেড়ে ১১ হাজার ৫২৮টিতে দাঁড়ালেও লোকসানি শাখা বেড়ে হয়েছে ১ হাজার ৬২৪টি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনীয় শাখা স্থাপন, অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ, খেলাপি ঋণ বৃদ্ধি এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক শাখা প্রয়োজনীয় আমানত সংগ্রহ ও ঋণ বিতরণে সক্ষম হচ্ছে না। ফলে আয় দিয়ে কর্মীদের বেতন-ভাতা, বাড়িভাড়া ও অন্যান্য ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে।

ব্যাংক খাতের আর্থিক দুরবস্থার চিত্রও স্পষ্ট হয়ে উঠেছে খেলাপি ঋণের পরিসংখ্যানে। ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। ২০২৬ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়। দুই বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

বর্তমানে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১৯৯টি শাখা লোকসানে রয়েছে। এর মধ্যে রূপালী ব্যাংকের ৫৬টি, জনতা ব্যাংকের ৫০টি, অগ্রণী ব্যাংকের ১৯টি এবং সোনালী ব্যাংকের ১৬টি শাখা রয়েছে। দুটি বিশেষায়িত ব্যাংকের লোকসানি শাখা ২১৩টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকেরই ২০২টি।

অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর লোকসানি শাখা ১ হাজার ২০৮টি। বিদেশি ব্যাংকের চারটি শাখাও লোকসানে রয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি, বাংলাদেশ কমার্স, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইসিবি ইসলামিক, আইএফআইসি, মেঘনা, ন্যাশনাল, গ্লোবাল ইসলামী, পদ্মা, সীমান্ত, সোশ্যাল ইসলামী, প্রিমিয়ার ও ইউনিয়ন ব্যাংকে লোকসানি শাখার চাপ বেশি। বিশেষ করে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শাখাগুলোতে লোকসানের প্রবণতা উল্লেখযোগ্য।

ব্যাংকারদের মতে, শাখা খোলার ক্ষেত্রে ব্যবসায়িক সম্ভাবনার চেয়ে রাজনৈতিক ও প্রশাসনিক তদবির প্রাধান্য পাওয়ায় অনেক শাখা শুরু থেকেই ঝুঁকিতে পড়ছে। এসব শাখা পরে উচ্চ সুদে আমানত সংগ্রহ ও ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক অবস্থার ওপরও চাপ তৈরি করছে।

এদিকে চলতি বছরের প্রথম নয় মাসে চার ব্যাংকের সম্মিলিত নিট লোকসান হয়েছে প্রায় ১১ হাজার ৬৪৪ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকের ৩ হাজার ২৮৬ কোটি, ন্যাশনাল ব্যাংকের ৩ হাজার ১৭ কোটি, এবি ব্যাংকের ২ হাজার ৮১৭ কোটি এবং আইএফআইসি ব্যাংকের লোকসান ২ হাজার ৫০৭ কোটি টাকা।

আর্থিক খাতের বিশ্লেষকদের আশঙ্কা, নতুন বেতন স্কেল কার্যকর হলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালন ব্যয় আরও বাড়বে। এতে বছর শেষে লোকসানি শাখার সংখ্যা আরও বাড়তে পারে।

তবে ব্যাংকারদের একাংশ মনে করেন, ক্যাশলেস লেনদেন বাড়ানোর উদ্যোগ থাকলেও গ্রামাঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ভৌত ব্যাংক শাখার প্রয়োজন রয়েছে। তাই নতুন শাখা স্থাপনের ক্ষেত্রে ব্যবসায়িক সম্ভাবনা ও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিদ্যমান লোকসানি শাখাগুলোর পরিস্থিতি উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর