গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাম্প্রতিক সহিংসতা ও তাণ্ডবে ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো আপাতত মেরামত না করার কৌশল নিয়ে আলোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
স্থাপনাগুলো যে অবস্থায় রয়েছে সেভাবেই রাখা, ট্রেন চলাচল বন্ধ রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখার বিষয়ও উঠে এসেছে দলীয় আলোচনায়। এসব পদক্ষেপকে একধরনের ‘শাস্তিমূলক’ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বৈঠকে অংশ নেওয়া নেতারা।
এদিকে, গোপালগঞ্জের সহিংসতার পর পার্শ্ববর্তী মাদারীপুর ও শরীয়তপুর জেলাকেও সম্ভাব্য রাজনৈতিক ঝুঁকির এলাকা হিসেবে বিবেচনা করছেন বিএনপি নেতারা। এ অবস্থায় এসব জেলাসহ ফরিদপুর ও রাজবাড়ীতে পরিস্থিতি মোকাবিলায় বল প্রয়োগের পরিবর্তে ধৈর্য ও গণতান্ত্রিক আচরণের নীতি অনুসরণের পক্ষে মত দিয়েছেন তারা। তবে গোপালগঞ্জে সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুর সাংগঠনিক বিভাগের বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এসব বিষয় আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দলের প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, রকিবুল ইসলাম বকুল, দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর আলী এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানসহ অনেকে।
ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত না করার ভাবনা:
চলতি মাসের শেষ দিকে এবং ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির সভাপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের পক্ষ থেকে আরও সহিংসতার আশঙ্কা করছেন বিএনপি নেতারা।
তাদের আশঙ্কা, নতুন করে সহিংস পরিস্থিতি তৈরি হলে সরকারি স্থাপনাগুলোই বেশি আক্রান্ত হতে পারে। এ কারণে গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা ভবনসহ ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর সংস্কারকাজ আপাতত শুরু না করার বিষয়টি দলীয় আলোচনায় গুরুত্ব পেয়েছে। স্থাপনাগুলো বর্তমান অবস্থায় রাখা, ট্রেন চলাচল বন্ধ এবং উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ স্থগিত রাখার বিষয়েও মত দিয়েছেন নেতারা।
বৈঠকে বিএনপি নেতারা বলেন, থানা ভবনসহ যেসব সরকারি স্থাপনা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো রাষ্ট্রীয় সম্পত্তি। এসব স্থাপনার সুবিধাভোগী ছিলেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। ফলে এমন ঘটনার পর নাগরিক সেবা থেকে সেখানকার মানুষ বঞ্চিত হওয়াটা স্বাভাবিক।
তবে নেতারা এটিও বলেছেন, এসব পদক্ষেপ সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে নাগরিক সেবা আবার স্বাভাবিক হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডও শুরু করা হবে।
মাদারীপুর-শরীয়তপুরেও ঝুঁকি দেখছে বিএনপি:
বৈঠকে গোপালগঞ্জের পাশাপাশি মাদারীপুর ও শরীয়তপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতারা মনে করছেন, গোপালগঞ্জের সহিংসতার প্রভাব পার্শ্ববর্তী এই দুই জেলাতেও পড়তে পারে। একই সঙ্গে ফরিদপুর ও রাজবাড়ীর পরিস্থিতিও বিবেচনায় রাখছেন তারা।
বৈঠকে নেতারা বলেন, এসব এলাকায় পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ধরতে হবে। বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে গণতান্ত্রিক আচরণ ও সহনশীলতার পরিচয় দিতে হবে। গোপালগঞ্জে সহিংসতার সময়ও একই নীতি অনুসরণের কথা আলোচনায় উঠে আসে।
তবে সহিংসতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান নেতারা। প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে উপস্থিত বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর আওয়ামী লীগ অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত। তবে বিএনপি বিশ্বাস করে, বিগত জাতীয় নির্বাচনে এসব এলাকার অন্তত ২০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন।
তিনি বলেন, আগামীতে এসব এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও তা মোকাবিলায় নির্যাতন-নিপীড়নের পথে যাওয়া যাবে না। একটা সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা নিজেদের ভুল বুঝতে পারবেন এবং সহিংস কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাবেন। এমনকি সময়ের ব্যবধানে তাদের কেউ কেউ বিএনপির দিকেও আসতে পারেন।
ডিসেম্বরজুড়ে শান্তিপূর্ণ কর্মসূচির নির্দেশ:
এদিকে, মহান বিজয়ের মাস ডিসেম্বরে ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বলা হয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন।