যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। দেশটির সামরিক মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন, আমরা যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াও।
তিনি বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার ইরানের যে পরিকল্পনা, তা এখনো শেষ হয়ে যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরান নিয়মিত একে অপরকে হামলার হুমকি দিয়ে আসছে। দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান ইসরায়েলে হামলা চালালে দেশটির সামরিক বাহিনী ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেবে’ এবং অন্ধকারে ডুবিয়ে দেবে।
ইসরায়েলের সাম্প্রতিক বক্তব্যে ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল।
সূত্র: এএফপি