1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় অসময়ে যমুনার ভাঙন, দুশ্চিন্তায় নদীতীরের বাসিন্দারা ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বাজার ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বয়স বাড়লেও কমেনি গ্ল্যামার, জমকালো সাজে নজর কাড়লেন পূর্ণিমা নীতিমালা জারি • স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি, চিকিৎসার বাইরে অর্ধেকের বেশি মাথা কামিয়ে ফেললেন অভিনেত্রী, কী চমক দেখাবেন তিনি? ‘খেলনা বন্দুক’ নয়, বাংলাদেশের পেস এখন ভয়ংকর অস্ত্র : আফ্রিকার প্রধান কোচ শুকরি বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত তাবাসসুম জ্যোতি সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না : ট্রাম্প

বাজার ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি এখন মাত্র ৪ শতাংশের ঘরে। টানা চার বছর ধরে মূলধনি যন্ত্রপাতির আমদানিও ঋণাত্মক। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিজনিত ব্যয় ছাড়া নতুন করে ডলারের চাহিদা তৈরির মতো বড় কোনো চাপও নেই অর্থনীতিতে। এর বিপরীতে দেশে রেমিট্যান্স প্রবাহ রয়েছে রেকর্ড উচ্চতায়। তার পরও চার মাস ধরে ঊর্ধ্বমুখী ডলারের বিনিময় হার। এ সময়ে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম বেড়েছে অন্তত ২ টাকা। খুচরা বা কার্ব মার্কেটে তা ১২৯ টাকা ছুঁয়েছে। হঠাৎ সৃষ্টি হওয়া চাহিদা মেটাতে তাই রিজার্ভ থেকে আবারো ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪২ কোটি ডলার বিক্রি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, বেসরকারি খাতে মন্দা সত্ত্বেও ডলারের চাহিদা হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণ বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব। সেই সঙ্গে আসন্ন রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের আমদানিও বেড়েছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে।

বাজারসংশ্লিষ্টদের কেউ কেউ অবশ্য ভিন্ন কথাও বলছেন। একাধিক ব্যাংকের শীর্ষ নির্বাহীসহ ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধির পরও ডলারের এত চাহিদা তৈরি হওয়ার কথা নয়। দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসছে। তাই বাজারে কেউ কারসাজি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিনা, সেটি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে দেশ থেকে আবারো অর্থ পাচার বেড়ে গেছে কিনা, সেটিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

কার্ব মার্কেটের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় ওমরা পালন কমে গেছে। হজের মৌসুমও এখনো অনেক দেরি। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে মধ্যবিত্তের বিদেশ ভ্রমণের প্রবণতাও এখন আগের চেয়ে কম। এর পরও কার্ব মার্কেটে ডলার কেনার চাহিদা অনেক। তবে দাম আরো বাড়তে পারে—এমন আশঙ্কা থেকে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাজার থেকে অতিরিক্ত ডলার কিনে মজুদ করছে কিনা, সেটি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার স্থিতিশীল রাখার স্বার্থেই রিজার্ভ থেকে সীমিত পরিমাণ ডলার বিক্রি করতে হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আমাদের বাড়তি ডলার ব্যয় করতে হচ্ছে। আর রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের এলসি (ঋণপত্র) খোলাও বেড়েছে। এতে বাজারে ডলারের চাহিদা একটু বেশি। আমরা চাই না এ চাহিদার সুযোগ নিয়ে কোনো পক্ষ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করুক। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই কেন্দ্রীয় ব্যাংক সীমিত পরিসরে বাজারে কিছু ডলার বিক্রি করেছে।

রিজার্ভ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এ মুখপাত্র বলেন, ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ভালো। তাই বিনিময় হার ঘিরে নতুন কোনো অস্থিরতা তৈরির সুযোগ নেই। কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিনা, আমরা সেদিকেও নজর রাখছি।

বাংলাদেশ ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখার নামে বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি শুরু করে ২০২১-২২ অর্থবছরে। ওই সময় রিজার্ভ থেকে ৭৬২ কোটি বা ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলারেরও বেশি বিক্রি করা হয়। এরপর ২০২২-২৩ অর্থবছরে এ বিক্রির পরিমাণ সাড়ে ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সব মিলিয়ে ২০২০ সালের জুন-পরবর্তী পাঁচ বছরে রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংক ৩৫ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিক্রি করেছিল। একই সময়ে বাজার থেকে ১২ দশমিক ৩৩ ডলার কেনা হয়েছিল।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘ বিরতির পর চলতি বছরের সেপ্টেম্বরে এসে আবারো ডলার বিক্রি শুরু করতে হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বাজারে ২০১ মিলিয়ন বা ২০ কোটি ১০ লাখ ডলার বিক্রি করেছে। ওইদিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। অথচ চলতি অর্থবছরের শুরুতেও গত জুলাইয়ে ডলারের দর ১২৩ টাকার নিচে ছিল।

ডলারের বিনিময় হারে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয় ২০২২ সালে। ওই বছরের ১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দর অনুযায়ী প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা। মাত্র এক বছরের মাথায় ২০২৩ সালের জানুয়ারিতে এ দর ১০৩ টাকায় ঠেকে। আর ২০২৪ সালের জানুয়ারিতে ডলারের বিনিময় হার দাঁড়ায় ১১০ টাকায়। ওই বছরের ১ জুন এ দর ১১৮ টাকায় গিয়ে ঠেকে।

আগস্টে গণ-অভ্যুত্থানের পর গভর্নর হিসেবে যোগ দেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই তিনি ডলারের বিনিময় হার বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেন। ২০২৫ সালের ১৪ মে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া হয়। ওইদিন প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা। বাজারভিত্তিক করার পরও চলতি বছরের জুন পর্যন্ত ডলারের বিনিময় হার পুরোপুরি স্থিতিশীল ছিল।

নতুন করে সংকট সৃষ্টি হওয়ায় আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের লেনদেনে বড় পতন ঘটেছে। গত ১১ নভেম্বর এ বাজারে তিনটি ডিলে মাত্র ৪৬ লাখ ডলারের লেনদেন হয়। অথচ আগের মাসের ১০ অক্টোবর লেনদেন হয়েছিল ১৫ কোটি ২০ লাখ ডলার। এক্ষেত্রে ডিল সংখ্যা ছিল ৪৬। গত মাসের শুরু থেকেই লেনদেন সংখ্যা ও পরিমাণ কমতে শুরু করে। আর নভেম্বরে এসে তা একেবারেই কমে গেছে। চলতি মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছিল গত ৪ নভেম্বর, ৫ কোটি ১৭ লাখ ডলার।

ডলারের বিনিময় হার এমন সময়ে অস্থিতিশীল হয়ে উঠেছে যখন দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১১ দিনে প্রবাসীরা ১৫২ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি ২৪ শতাংশ। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের তথ্য আমলে নিলেও রেমিট্যান্সে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে। ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা রেকর্ড ১২ দশমিক ৯৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরে দেশে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা এক অর্থবছরে আসা সর্বোচ্চ।

রেমিট্যান্স প্রবাহে এমন ইতিবাচক পরিস্থিতির মধ্যেও ডলারের চাহিদা ও বিনিময় হার ঊর্ধ্বমুখী হওয়ার বিষয়টি অস্বাভাবিক বলে মনে করছেন ব্যাংকাররা। তাদের মতে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে স্থবিরতা এবং শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্যের আমদানি নিম্নমুখী থাকার পরও ডলারের বাড়তি চাহিদার কারণ অনুসন্ধান জরুরি।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ‘দেশের বেসরকারি খাতে ঋণের প্রবাহ নেই। মূলধনি যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্পের সঙ্গে যুক্ত সব ধরনের পণ্যের আমদানি নিম্নমুখী। কেবল জ্বালানি তেল-গ্যাস ও ভোগ্যপণ্যের আমদানিতে বাড়তি এত ডলার লাগার কথা নয়। বাড়তি দামে জ্বালানি পণ্য আমদানির যেসব এলসি খোলা হয়েছিল, সেগুলোর পেমেন্টও হয়ে গেছে। এর পরও ডলারের চাহিদা কমছে না।

মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ‘হঠাৎ করে দেশের আমদানি ব্যয় এত বেড়ে গেল কেন, সেটি খতিয়ে দেখা দরকার। আবার ডলারের বিনিময় হার নিয়ে কোনো পক্ষ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে কিনা, সেটিতেও নজর দিতে হবে। ২০২২ ও ২০২৩ সালে ডলারের অস্থিরতায় দেশের বহু ব্যবসায়ী-উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে ক্ষতি তারা এখনো কাটিয়ে উঠতে পারেননি। এখন বিনিময় হারজনিত নতুন অস্থিরতা তৈরি হলে মূল্যস্ফীতি উসকে ওঠার পাশাপাশি অর্থনীতিতে নতুন সংকট তৈরি হবে।

তবে ডলারের বাজারে চাপ তৈরির পেছনে আমদানি ব্যয় বৃদ্ধির ভূমিকা যে রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের আমদানি ব্যয় ছিল ৭৫ দশমিক ২৪ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে আমদানিতে ১০ দশমিক শূন্য ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়। আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে ২০ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে সেপ্টেম্বরে আমদানি ব্যয় হয়েছে ৭ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। ওই মাসটিতে আমদানি প্রবৃদ্ধি ঘটেছে ২১ শতাংশেরও বেশি। মূলত জ্বালানি তেল ও এলপিজি-এলএনজি আমদানির বাড়তি ব্যয় এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বিনিময় হার স্থিতিশীল রাখা ছাড়া এ মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের হাতে বিকল্প কিছু নেই বলে মনে করেন অর্থনীতিবিদ ড. মোস্তফা কে. মুজেরী। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এ মূল্যস্ফীতির বড় অংশ এসেছে বিনিময় হারজনিত অস্থিরতা থেকে। এখন নতুন করে ডলারের বিপরীতে টাকা দুর্বল হলে মূল্যস্ফীতি আরো উসকে উঠবে। কেন্দ্রীয় ব্যাংক অনেক আগে থেকেই নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু সে প্রচেষ্টার সুফল মেলেনি। এখন কোনোভাবেই ডলারের বিনিময় হার যাতে না বাড়ে সেদিকে তীক্ষ্ন নজর রাখা দরকার।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর