1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্ত্রীর যৌতুক মামলায় ফায়ার সার্ভিস সদস্যের ৩ বছরের জেল

জেলা প্রতিনিধি | শেরপুর |
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

শেরপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. সুজন মিয়া (২৬) নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সুজন মিয়ার বিরুদ্ধে দায়ের করা যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারার মামলায় অভিযোগ গঠন ও সাক্ষ্য-জেরা শেষে গত ৪ আগস্ট ২০২৬ রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রায় ঘোষণার আগে থেকেই আসামি সুজন মিয়া পলাতক ছিলেন। মঙ্গলবার তিনি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক বুলবুল আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ ও নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট রোকেয়া পারভীনের সঙ্গে সুজন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে সুজন মিয়ার বিরুদ্ধে। একপর্যায়ে স্ত্রীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় রোকেয়া পারভীনকে তার শিশুকন্যাসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এ ঘটনায় রোকেয়া পারভীন ২০২৪ সালের ৩০ এপ্রিল শেরপুরের আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা করেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে আসামি সুজন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার রায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথিতে সুজন মিয়ার ঠিকানা জামালপুর সদর উপজেলার হানুমানেরচর গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ রয়েছে। তিনি বর্তমানে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত বলে জানা গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর