1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আড়িয়াল খাঁর ভাঙনে নিঃস্ব অর্ধশত পরিবার

জেলা প্রতিনিধি | বরিশাল |
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মিয়ারচর লঞ্চঘাট এলাকার বাসিন্দা বদরুল আলমের জীবনে নদীভাঙন কেড়ে নিয়েছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। তার ভাষায়, ‘মিয়ারচর লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে দুইবার বসতভিটা হারিয়ে অন্যের জমিতে ঘর তুলে বসবাস করতাম। অন্যের দেওয়া সেই বসতভিটাও কয়েকদিন আগে নদী গ্রাস করে নিয়েছে। ফলে এখন স্ত্রী-সন্তান নিয়ে আমি নিঃস্ব। মাথা গোজার ঠাঁই হারিয়ে বর্তমানে অন্যের জমিতে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছি।’

আড়িয়াল খাঁ নদের এমন অব্যাহত ভাঙনে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। গত দুই বছরে নদীভাঙনে অন্তত ৪০টি পরিবার বসতভিটা হারিয়েছে। গত এক মাসে আরও পাঁচটি পরিবারের বসতঘর ও জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার এখন অন্যের জমিতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

শুধু বসতভিটাই নয়, নদীভাঙনের প্রভাব পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থাতেও। আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লার খাল এবং পালরদী নদের শাখা গৌরনদী বন্দর থেকে ধামুড়া খালের দক্ষিণ বিল্বগ্রাম এলাকাতেও ভাঙন দেখা দিয়েছে। দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়ক ও সেতু ভাঙনের মুখে থাকায় যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় প্রবীণ বাসিন্দা অলিল বেপারী (৭৫) জানান, আড়িয়াল খাঁ নদের ভাঙনে এ এলাকার শতাধিক পরিবার বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। বিশেষ করে মিয়ারচর লঞ্চঘাট পয়েন্টে কয়েক বছর ধরে ভাঙন অব্যাহত রয়েছে।

অলিল বেপারী বলেন, যত সরকার এসেছে, সবাই নদীভাঙন রোধ করার কথা বলেছে। কিন্তু বাস্তবে ভাঙন ঠেকাতে কেউ এগিয়ে আসেনি। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নদীভাঙন বন্ধে সরকারের কাছে দাবি জানান।

সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কও গৌরনদী-ধামুড়া খালের ভাঙনে ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয় শিক্ষক জাকির হোসেন জানান, তীব্র স্রোতের কারণে বিদ্যালয়ের সামনের রাস্তার একটি অংশ এরই মধ্যে খালের মধ্যে ধসে পড়েছে। ফলে বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সেতুটিও এখন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, ভাঙনরোধে অতিদ্রুত ব্যবস্থা না নিলে স্কুলে যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যাবে।

অন্যদিকে বোরাদী গরঙ্গল ও মোল্লারখাল এলাকার নদী তীরবর্তী বাসিন্দারাও পালরদী নদীর ভাঙন নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। ওই এলাকার বাসিন্দারা বলেন, ভাঙনের কারণে এরই মধ্যে অনেক পরিবার অন্যত্র গিয়ে বসবাস শুরু করেছে। নতুন করে নদী তীরবর্তী সড়কের বিভিন্ন অংশও ভাঙনের মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন তারা।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন চললেও স্থায়ীভাবে তা বন্ধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে একদিকে মানুষ হারাচ্ছেন বসতভিটা ও জমি। অন্যদিকে ঝুঁকির মধ্যে পড়ছে সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জাগো নিউজকে বলেন, মিয়ারচর এলাকায় নদীভাঙন রোধে ১০০ মিটার অংশে জিও ব্যাগ ডাম্পিংয়ের জন্য এরই মধ্যে নির্দেশনা পাওয়া গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে কাজ শুরু হবে।

তিনি আরও জানান, বিল্বগ্রাম এলাকায় একটি কাজ চলমান রয়েছে। ভাঙনের ঝুঁকিতে থাকা অপর অংশও পরিদর্শন করা হয়েছে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ স্থানে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর