দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু থাকা দুটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট ৩টি ইউনিট বন্ধ হয়ে গেছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ওভারহলিংয়ের (সংস্কার) কাজ চলায় ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে। আর চালু থাকা প্রথম ইউনিটটি সোমবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৬টায় ও তৃতীয় ইউনিটটি মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।
তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্ধ হওয়া তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০-১৭০ মেগাওয়ার্ট ও প্রথম ইউনিট থেকে ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এই দুটি ইউনিট পরিচালনা করতে প্রতিদিন ৩৪০০ মেট্রিক টন কয়লা লাগতো।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির যান্ত্রিক ত্রুটি মেরামতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি প্রকৌশলী দল কাজ করছে। খুব শিগগির মেরামত শেষ করে চালুর চেষ্টা করা হচ্ছে।