1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ফেনীর নতুন নতুন এলাকা এবারও ভয়াবহ বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে দুই উপজেলার অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। আরো নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে।

ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে দুই উপজেলার অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। আরো নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ভারি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এরই মধ্যে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া ছাড়া আটটি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা বৃষ্টিতে দেশের উপকূলবর্তী আরো কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে খুলনার পাইকগাছায় ডুবে গেছে ৩ হাজার ৭৫৫ মৎস্য ঘের ও পুকুর। আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানির সমতল বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামীকাল পরিস্থিতির উন্নতি হতে পারে। গতকাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান রয়েছে। ওই অববাহিকায় আগামী একদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী একদিনে নদীগুলোর পানির সমতল ও বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরে উন্নতি লাভ করতে পারে।

ফেনী প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, গতকাল বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিস। ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা এখনো অপরিবর্তিত রয়েছে। এছাড়া ফেনী পৌরসভার শহীদুল্লা কায়সার সড়ক এখন পর্যন্ত হাঁটুসমান পানির নিচে তলিয়ে রয়েছে। শহরের সড়ক ও অলিগলিতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

জেলা প্রশাসনের তথ্য বলছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ দুই উপজেলার অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে পরশুরামে ১৫টি ও ফুলগাজী উপজেলায় ১২টি গ্রাম রয়েছে। আরো নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। প্লাবিত এসব গ্রামের পুকুরের মাছ ভেসে গেছে। আমনের বীজতলা ও সবজিখেত পানির নিচে তলিয়ে গেছে।

ফেনী পাউবোর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, গতকাল বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিপাত কমলেও গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে ভয়াবহ বন্যায় ফেনীর সব উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এতে ২৯ জনের প্রাণহানি হয়েছিল। পানিবন্দি হয়ে পড়ে ১০ লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব খাত। বন্যায় প্রায় ২ হাজার ৬৮৬ কোটি ২০ লাখ ৫০০ টাকার ক্ষতি হয়েছিল বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছিল। এবার বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিজনেস ডাইজেস্টকে বলেন, ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার একাংশে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের মধ্যে দেড় হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে। তাদের খাবার প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে। পরশুরাম উপজেলায় ৯৯, ফুলগাজীতে ৩২ ও সদর উপজেলায় ২২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২ হাজার ৫৩৭ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন আজকের এইচএসসির তিনটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেগুলো হলো পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, বোর্ডের অধীনে থাকা জেলাগুলোয় হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের সব কেন্দ্রে আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোয়াখালী প্রতিনিধির দেয়া তথ্যমতে, টানা বৃষ্টিতে জেলার বেশির ভাগ সড়ক ডুবে গেছে। বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি। এভাবে বৃষ্টি আরো দুই-তিনদিন থাকলে এবং ফেনীর পানি নোয়াখালীতে প্রবেশ করলে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিতে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। বন্যার আশঙ্কায় হাতিয়া ছাড়া আটটি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব জানান, বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এবং সম্ভাব্য বন্যার আশঙ্কায় আগামী শনিবার পর্যন্ত জেলার ১ হাজার ২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বুঝে এটি আরো বাড়ানো হতে পারে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, তিনি ও তার দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। সেখানে প্রত্যেক দপ্তরের প্রস্তুতির বিষয়টি তিনি জেনেছেন। এরই মধ্যে সবাইকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ভারি বর্ষণে খুলনার পাইকগাছায় ডুবে গেছে ৩ হাজার ৭৫৫টি মৎস্য ঘের ও পুকুর। উপজেলা কৃষি অফিস, আদালত চত্বরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, বৃষ্টিতে পাইকগাছা উপজেলায় ১৭৫ হেক্টর জমির পুকুর ও ঘের তলিয়ে ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জেলার আর কোনো এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলেও অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে বরিশাল নগরীসহ দক্ষিণের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বেশ কয়েক দিনের হালকা ও মাঝারি বৃষ্টিতে নগরীতে তেমন জলাবদ্ধতা না হলেও মঙ্গলবার গভীর রাতে টানা ভারি বৃষ্টিতে নগরীর বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান বলেন, ‘গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরো কিছুদিন বৃষ্টি থাকবে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১৫৩ ও বরগুনায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর