রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।
বুধবার ১০ জুন ২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় আরপিএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, একটি শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে দায়িত্ব পালনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা বা অসদাচরণের সুযোগ নেই। জনগণের সঙ্গে বিনয়ী ও সম্মানজনক আচরণের পাশাপাশি আইনের প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন, কর্মপরিবেশ এবং বিভিন্ন প্রশাসনিক ও কল্যাণমূলক বিষয় নিয়ে মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার ধৈর্যের সঙ্গে সেসব বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। যেসব বিষয় তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয়, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সভায় ড্রেসরুল শতভাগ অনুসরণ, বাহিনীর শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল দ্রুত পরিশোধ, লজিস্টিক ও অবকাঠামোগত সমস্যার সমাধান এবং মেস ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রতি মাসে ভোটের মাধ্যমে মেস ম্যানেজার নির্বাচনের সিদ্ধান্তও জানানো হয়।
পুলিশ কমিশনার, বাহিনীর সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি কর্মব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দেওয়া, ভ্রমণ করে মানসিক প্রশান্তি বজায় রাখার পরামর্শ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, জনাব সনাতন চক্রবর্তী, জনাব মারুফ আহমেদ, মো. আবদুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ কমিশনার, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান।