1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকায় নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া, লাগবে স্নাতক পাস পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন অফিসের কাজ-অনলাইন মিটিংয়ের জন্য ডেলের নতুন ৫ হেডসেট সাবান আবিষ্কারের আগে প্রাচীন যুগের মানুষ কী দিয়ে গোসল করতেন? পাহাড়, লেক আর মেঘের রাজ্যে ২ দিনের বান্দরবান ভ্রমণ মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশের মাহি, কত নম্বরে আছেন? জোহানেসবার্গ টেস্ট • চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা সহিংসতা করে ঢাকায় এসে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান • ডিএমপি যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, থাইল্যান্ডে চিকিৎসাধীন

নতুন পদ্ধতিতে জমির মূল্য নির্ধারণ : জমির নিবন্ধন ফি বাড়বে না কমবে?

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

জমি নিবন্ধনে নতুন বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি চালু হলে কারও খরচ বাড়বে, আবার কারও কমবে। জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নিয়ে প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করা হবে। ফলে সুবিধাজনক স্থানে থাকা জমির দাম বাড়লে নিবন্ধন ব্যয়ও বাড়বে। অন্যদিকে, তুলনামূলক অসুবিধাজনক স্থানের জমির দাম কম নির্ধারিত হলে নিবন্ধন খরচ কমবে।

আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশে নতুন এ পদ্ধতি কার্যকর হচ্ছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য মৌজা ও শ্রেণিভিত্তিক জমির বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন মূল্যতালিকা প্রস্তুত করে মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।

এতদিন জমির বাজারমূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের গড়মূল্যকে প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হতো। ফলে একই মৌজার প্রধান সড়কসংলগ্ন জমি এবং ভেতরের দিকে যোগাযোগে পিছিয়ে থাকা জমির দাম অনেক ক্ষেত্রে একই নির্ধারিত হতো। জমির অবস্থান ও সুযোগ-সুবিধার পার্থক্য বিবেচনায় না আসায় দুই ধরনের জমির মালিককেই একই হারে নিবন্ধন ব্যয় বহন করতে হতো।

নতুন বিধিমালায় একই মৌজার জমির অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী একাধিক ক্লাস্টার করে পৃথক বাজারমূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

সুবিধাজনক জমিতে বাড়বে, অসুবিধাজনকে কমবে খরচ
নতুন পদ্ধতিতে প্রধান সড়কসংলগ্ন, উন্নত যোগাযোগব্যবস্থাসম্পন্ন এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকার জমির দাম আগের তুলনায় বেশি নির্ধারিত হতে পারে। এতে এসব জমি নিবন্ধনে খরচ বাড়বে।

অন্যদিকে, সরু রাস্তার পাশের, নিচু, জলাবদ্ধ কিংবা যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা কম এমন এলাকার জমির মূল্য কম নির্ধারিত হওয়ার সুযোগ রয়েছে। এতে এসব জমির নিবন্ধন ব্যয়ও কমতে পারে।

কারণ জমি নিবন্ধনের মূল খরচ নির্ধারিত হয় জমির মূল্যের ভিত্তিতে। জমির দাম বাড়লে স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি ও স্থানীয় সরকার কর বাড়ে। দাম কমলে এসব খরচও কমে আসে।

জমি নিবন্ধনে যেসব ফি দিতে হয়:
১০ পৃষ্ঠার একটি দলিল নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফি ও শুল্ক দিতে হয়। এর মধ্যে রয়েছে জমির দামের ১ দশমিক ৫ শতাংশ স্ট্যাম্প শুল্ক, ১ শতাংশ রেজিস্ট্রেশন ফি এবং ২ থেকে ৩ শতাংশ স্থানীয় সরকার কর। এ ছাড়া উৎসে কর বা ভূমি হস্তান্তর কর (ধারা ১২৫), প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট, ৩০০ টাকার হলফনামার স্ট্যাম্প, ২৪০ টাকা এন ফি, ৩৬০ টাকা এনএন ফি, ১০০ টাকা ই ফি এবং ১০০ টাকা কোর্ট ফি রয়েছে।

অর্থাৎ জমির দাম বাড়লে মূল্যের ওপর নির্ভরশীল ফি ও করের পরিমাণ বাড়বে। আবার জমির দাম কমলে এসব ব্যয়ও কমবে। তবে নির্দিষ্ট অঙ্কের অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে।

জানুয়ারি থেকে কার্যকর নতুন মূল্যতালিকা:
গত ১০ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন অধিদপ্তর। নতুন নিয়মে আগের দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানির তথ্য বিবেচনা করতে হবে।

এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তিন স্তরের কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার, জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নতুন মূল্য তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ লক্ষ্যে নিবন্ধন অধিদপ্তর গত ১৬ নভেম্বর জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের চিঠি দিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ফলে নতুন পদ্ধতিতে জমি নিবন্ধনের খরচ সবার জন্য বাড়বে বা কমবে না। বরং জমির প্রকৃত অবস্থান ও বাজারমূল্যের ভিত্তিতে নিবন্ধন ব্যয় নির্ধারিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর