ফ্যাসীবাদী আওয়ামী সরকারের পতন আন্দোলনে পুলিশের নির্মম নির্যাতনের হাত থেকে বেঁচে ফিরবেন বলে আশা করেননি ওমর শরীফ ইমরান সানিয়াত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ডিবি পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন তিনি। পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তখন তাকে ভয় না পেতে পিঠ চাপড়ে সাহস দেন তাঁর মা শামীমা বরকত লাকী। সে ভিডিও সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল। সে ভয়াবহ নির্যাতনের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন সানিয়াত। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চিতে বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাকিদের সঙ্গে এ সভা হয়। সভায় বক্তব্য রাখেন পুলিশ কর্তৃক নির্যাতিত ওমর শরীফ ইমরান সানিয়াত ও আন্দোলনে অনুপ্রেরণাকারী সে সাহসী মা শামীমা বরকত লাকি। সানিয়াত জানান, তাঁর চোখ বেঁধে ঝুলিয়ে নির্যাতন করে ডিবি পুলিশ। নির্যাতনে পা ও শরীরের বিভিন্ন থেতলে দেয়া হয়। কিন্তু দেশের বিভিন্ন সেক্টরে স্বৈরাচারের দোসররা এখনো বহাল থাকায় ক্ষোভ জানান তিনি। এসময় শামীমা বরকত লাকী জানান, স্বৈরাচার পতন আন্দোলনে ছেলের ভূমিকায় তিনি গর্বিত। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, একাত্তর টিভির সিইও শফিক আহমেদ, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্র থেকে সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুবদল নেতা মাসুদ রানা। পরে সাংবাদিক শফিক আহমেদের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা। নৈশভোজের মধ্যে দিয়ে শেষ হয় সভা।