1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নবীন বুকে প্রাচীন প্রেম এবং অন্যান্য কবিতা : মাঈন উদ্দিন আহমেদ

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নবীন বুকে প্রাচীন প্রেম
——————

তোমার শ্বাসের ওঠানামা
ধৈবত সুরে সুরে কাঁপে
বুকের গড়ন অবিকল
আমার সৃজন হাত’ মাপে।
গ্রামীণ ছায়াপথ ধরে—
কাহ্নপা হেঁটে যায় ধীর
তোমার নবীনতম বুকে
টেনে দেই প্রেমের শিবির।

মায়াচোখে জল দেখে ভাবি
ওই বুঝি দাহ কেরোসিন
এক্ষুণি পুড়ে যাবো আমি
হয়ে যাবো হাওয়াতে বিলীন।
আমার দখলে থাকা ভূমি
শুনি আজ ভিনলোকে খায়
তোমাকে প্রেমিকা ভেবে আজ
বুদ্ধও দুঃখী থেকে যায়—

***
পায়রা কিংবা একা মেয়ে
——————-

পাশের বাসার ছাদে দু’টো পায়রা
কার্নিশে বসে ঠোঁট ঘষে প্রেম করছে
তারই পাশে বিষণ্ণ এক মেয়ে
নিঃসঙ্গতায় একা একা পুড়ছে।
চোখ জোড়া তার গাঢ় অন্ধকার
মেঘগুলো যায় নিরুদ্দেশে ভেসে
ছায়া কিংবা মায়ার যতো কথা
মিলিয়ে যায় শান্ত চোখে এসে।

ছাদের কোণে ছোট একটা গাছ
হাওয়ায় দুলছে বড্ড বেসামাল
তবুও আমার বলতে ইচ্ছে করে
মেয়ের মুখেই সত্য মহাকাল।
হঠাৎ দেখি পায়রা দু’টো নেই—!
কখন কোথায় গেল যে হায় উড়ে
একটা সাদা পালক দেখি একা
পড়ে আছে মেয়েটির অদূরে—!

***
পাওয়া খবর
———-

শুনলাম, আজ তুমি হেঁটেছো
হাত ধরে—অন্য কারো!

হেসে এড়িয়ে যেতে চাইলাম
এমন ভাব নিলাম
যেন ওসবে আমার কিছুই আসে-যায় না।
কিন্তু পেরেছি কী!
কখনো
ধরিনি
তোমার হাত
তবুও
কেন যে
নিজের হাতকে
মুহূর্তেই মনে হলো নিঃস্ব।

এমন অনেক খবরই আসে আজকাল
আমি বরাবরই এড়িয়ে যেতে চাই
কিন্তু জীবিত নদী তো পারে না জলকে এড়িয়ে যেতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর